ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


রবিউল ইসলাম শাকিল photo রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ৭-১১-২০২৬ দুপুর ৪:২

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী কর্মসূচি পালন শুরু হয়েছে। কর্মসূচির প্রথম দিনে শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

পতাকা উত্তোলন শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির তাৎপর্য তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য অনুধাবন করতে হলে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। ১৯৭১ সালে মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, পরবর্তীকালে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানে জনমনে ক্ষোভের সঞ্চার হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পটপরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনায় চরম অস্থিরতা তৈরি হয় এবং সামরিক বাহিনীর চেইন অব কমান্ড ভেঙে পড়ে।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়েছিল। তখন দেশে এক শ্বাসরুদ্ধকর ও অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। পরবর্তী সময়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত হন। সেনাবাহিনী ও মুক্তিকামী জনতা এক হলে যেকোনো সংকটে দেশের গতিপথ বদলে দিতে পারে—যার প্রমাণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থান। সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করলেই এ দিবসের চেতনা সার্থক হবে।’

দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেনের সভাপতিত্বে ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল, বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. বখতিয়ার উদ্দিন এবং প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এ ছাড়া দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মামুন সরকার।

আয়োজকেরা জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার

পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা

কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও

ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!

ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের

উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি