বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
বিপ্লবের প্রকৃত সার্থকতা নিছক ক্ষমতার রদবদলে নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ‘জাতীয় সংহতির প্রকৃত ভিত্তি গড়ে ওঠে নাগরিকদের পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ওপর। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, আত্মনির্ভরশীল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসের শুরুতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের বেদিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর এ দেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী বাঁকবদল। স্বাধীনতা-উত্তর রাজনৈতিক সংকট, প্রশাসনিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সিপাহী-জনতার বিপ্লব তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের গতিপথ বদলে দিয়েছিল। পরবর্তী সময়ে তাঁর হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, উৎপাদনমুখী রাজনীতি, খাল খনন, কৃষি উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও স্বাধীন পররাষ্ট্রনীতির সূচনা ঘটে, যার ধারাবাহিকতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠিত হয়েছিল।’ তিনি আরও উল্লেখ করেন, ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহাল জাতীয় স্মৃতি সংরক্ষণের অংশ, তবে একে কোনো সংকীর্ণ দলীয় বৃত্তে না রেখে সবার অংশগ্রহণের প্ল্যাটফর্ম হিসেবে দেখা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে নিছক সনদ বিতরণের কেন্দ্র না বানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি ও গবেষণার মাধ্যমে রূপান্তরের আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘১৯৭১ সালে ভূখণ্ড স্বাধীন হলেও সাধারণ মানুষের বাকস্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত হয়নি। একদলীয় বাকশাল ব্যবস্থা কায়েম করে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বন্দি হওয়ার পর ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেন।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও আবদুল কাদের রহমান, পরিবহন শাখার প্রধান সহকারী মিজানুর রহমান, বার্তা বাহক মোশারফ হোসেন এবং শিক্ষার্থী ও ছাত্রনেতা জাহিদ হাসান, হাসিবুল হাসান হাসিব ও সাখাওয়াত হোসেন সায়েম।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমানের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. গিয়াস উদ্দীন ভূঁইয়া।
এমএসএম / এমএসএম
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত