ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:৩০

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির ঘটনা নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য দিয়েছেন উসমান খাজা। সাবেক ওপেনারের দাবি ওই ঘটনায় কেবল অভিযুক্ত তিন খেলোয়াড় নয়, পুরো অস্ট্রেলিয়া দল জড়িত। খাজার এমন দাবির দুই দিন পর ডেভিড ওয়ার্নার তার সাবেক সতীর্থকে সমর্থন দিলেন। সাবেক এই ওপেনার তার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন।

আট বছর আগে ঘটে যাওয়ার ঘটনায় তৎকালীন সহঅধিনায়ক ওয়ার্নার, অধিনায়ক স্টিভ স্মিথ ও ওপেনার ক্যামেরন ব্যানক্রফট বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হন। কিন্তু খাজা সম্প্রতি তার আত্মজীবনীমূলক গ্রন্থ ‘সবর’এর প্রকাশের আগে সিডনি মর্নিং হেরাল্ড-এর কাছে ফাঁস করেন, ওই তিন ক্রিকেটার সবার দায় নিজেদের কাঁধে নিয়েছেন। ওই বল টেম্পারিং কাণ্ডে ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফদের সবাই জড়িত ছিল। 

তার এমন দাবিগুলো ২০২১ সালে অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লিয়নের দেওয়া যৌথ বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক ছিল, যেখানে তারা আগে থেকেই বল টেম্পারিংয়ের বিষয়ে জানার কথা অস্বীকার করেন।

রোববার নিজের ইনস্টাগ্রামে ভিডিও পোস্টে ওয়ার্নার খাজাকে ‘সত্যি’ কথা বলার জন্য ধন্যবাদ দেন এবং প্রকাশ হতে যাওয়া বই সবর-এর বিক্রির জন্য খাজা এমন সব তথ্য ফাঁস করেছেন বলে যে মতামত এসেছে, তা প্রত্যাখ্যান করেছেন।

ওয়ার্নার বলেছেন, ‘উজি তোমাকে আমি পুরোপুরি সমর্থন জানাই। তুমি যা করেছ, তার জন্য ধন্যবাদ তোমাকে। তুমি যা বলেছ, সেটা শতভাগ সত্যি। এখন সবাই সত্যিটা জানে, এটা সামনে চলে এসেছে।’

কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশেই ছিলেন খাজা। কিন্তু ওই টেস্টের পর ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তের অংশ হিসেবে যে  সাক্ষাৎকার নিয়েছিল, সেখানে তাকে ডাকা হয়নি। এজন্য বিস্মিত হয়েছিলেন সাবেক ওপেনার। ওয়ার্নারও এনিয়ে হতবাক। বোর্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ওয়ার্নারকে সব ধরনের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ১২ মাস নিষিদ্ধ করা হয়। এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেটে যে কোনো ধরনের অধিনায়কত্বের পদে তাকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে অবশ্য স্বতন্ত্র পর্যবেক্ষণ প্যানেল সেই নিষেধাজ্ঞা ২০২৪ সালে তুলে নেয়।

ওয়ার্নার বলেছেন, ‘এই পুরো সাক্ষাৎকার প্রক্রিয়া তাড়াহুড়ো করে হয়েছিল এবং ত্রুটিপূর্ণ ছিল। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে ছিল। কিন্তু তার সাক্ষাৎকার নেওয়া হয়নি। কীভাবে এটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়? আমার জানা নেই।’

তিনি যোগ করেন, ‘আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি বা নিজেদের ক্ষতও উন্মোচন করছি না। এর উদ্দেশ্য হলো জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সত্যের যথাযথ উদ্ঘাটন নিশ্চিত করা। সম্ভবত এখন সময় এসেছে, মানুষ যেন ব্যক্তিকে চুলচেরা বিশ্লেষণ করা ও জবাবদিহিতা চাওয়া বন্ধ করে। বরং তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে তা দাবি করে।’

ওয়ার্নার বলেছেন, ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে গত আট বছর ধরে অনেক বিবৃতি ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এনিয়ে মুখ খুলতে তার কয়েকদিন সময় লেগেছিল। পরে তিনি প্রথমে তার মেয়েকে ঘটনা জানান। ওই সময় ক্যামেরায় দেখা যায়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি। 

ওয়ার্নার বলেছেন, ‘ঠিক কী ঘটেছিল তাদের আমাকে বলতে হয়েছিল, বিশেষ করে আমার ১২ বছরের মেয়ে আইভিকে। সে জানতে চাচ্ছিল আমরা কেন তাকে ধরে আছি, এত ক্যামেরা কেন, কেন আমরা টিভিতে কাঁদছি। সেটা করা ছিল কঠিন কিন্তু আমি একটি কথা বলেছিলাম, ‘মেয়েরা, সত্যিটা বলো। কারণ মিথ্যা একদিন বেরিয়ে আসবে।’”

ওয়ার্নার উল্লেখ করেছেন, ঘটনাটি নতুন করে সামনে আসার কারণে তার পরিবার এবং স্মিথ ও ব্যানক্রফটের জন্যও সময়টা কঠিন ছিল। কিন্তু তিনি বিশ্বাস করতেন, এটা সামনে আসার প্রয়োজন ছিল।

aliul / aliul

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!