পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব হারানোর কয়েক মাসের মধ্যেই নতুন ভূমিকায় দেখা যাবে আমিনুল ইসলাম বুলবুলকে। এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও কোচিং কার্যক্রমের মানোন্নয়নে কাজ করবেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।
নতুন দায়িত্বে আমিনুলের কাজের পরিধিও বেশ বিস্তৃত। হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর কার্যক্রম ও মানোন্নয়ন, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কোচিং পদ্ধতির উন্নয়ন এবং প্রতিভাবান তরুণদের ভবিষ্যৎ পথ তৈরি করতে পরামর্শ দেবেন তিনি। মাঠের ক্রিকেটের বাইরেও খেলোয়াড় তৈরির যে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, সেটিকে আরও কার্যকর করে তোলাই হবে তার অন্যতম কাজ।
এ দায়িত্ব পালনে আমিনুলের অভিজ্ঞতাও বেশ সমৃদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় কাটানোর পাশাপাশি ক্রিকেট উন্নয়ন ও প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন তিনি। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন। ফলে এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের বিকাশ, প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড় তৈরির কার্যক্রম সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেটেও প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে বুলবুলের। ২০২৫ সালের ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০২৬ সালের ৭ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন সাবেক এই ক্রিকেটার। দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার পর এবার আন্তর্জাতিক পরিসরে ক্রিকেট উন্নয়নের কাজে যুক্ত হওয়া তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করল।
ক্রিকেটার আমিনুলের পরিচয় অবশ্য আরও পুরোনো। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্তের অংশ হয়ে আছেন এই সাবেক ব্যাটার। ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান হিসেবে তার নাম আজও বিশেষভাবে স্মরণীয়।
লাহোর কালান্দার্সও শুধু মাঠের পারফরম্যান্সের জন্য নয়, তরুণ ক্রিকেটার খুঁজে বের করা ও তাদের পরিচর্যার উদ্যোগের জন্য পরিচিত। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা তুলে এনে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত ক্রিকেটার তৈরির লক্ষ্যে কাজ করছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০১৬ সালে পিএসএলে যাত্রা শুরু করা দলটি এখন পর্যন্ত শিরোপা জিতেছে তিনবার।
aliul / aliul
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক
টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো
নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন
আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে
৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?
স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার
ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন
ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন
সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ