৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?
২০১৮ সালে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনা বিশ্বে আলোড়ন তুলেছিল। তদন্ত শেষে তিন অভিযুক্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। আট বছর পর ঘটনা নতুন মোড় নিলো, ওই টেস্টে মাঠে থাকা সাবেক ওপেনার উসমান খাজার দাবি, বল টেম্পারিংয়ে ‘আমরা সবাই জড়িত’ ছিলাম। তার দাবির প্রেক্ষিতে কি আবার তদন্ত শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া? এনিয়ে মুখ খুলেছেন তাদের প্রধান নির্বাহী।
খাজার ওই দাবিকে ‘শতভাগ সত্যি’ বলেছেন ওয়ার্নার। ক্রিকইনফো জানতে পেরেছে, কেপটাউনের দলে থাকা আরেকজন খেলোয়াড়ও সবার জড়িত থাকার দাবিকে সত্যি বলে নিশ্চিত করেছেন। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেছেন, খাজা ও ওয়ার্নারের দেওয়া তথ্য সত্ত্বেও ২০১৮ সালের স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে পুনরায় তদন্ত শুরু করার কোনো ‘জোরালো কারণ’ নেই। আর কেপটাউন ড্রেসিংরুমের বিবরণের সঙ্গে মতপার্থক্যের কারণে ‘ফিরে যাওয়াতে বিন্দুমাত্র লাভ’ দেখতে পাচ্ছে না সিএ বোর্ড।
এসইএন রেডিও-কে গ্রিনবার্গ বলেছেন, ‘পেছনে ফিরে কোনোই লাভ নেই। এটাই সিএ বোর্ডের পরিষ্কার অবস্থান। আমার মনে হয় এখন সামনে তাকানোর সময়। আর ২০১৮ সালে পূর্ববর্তী নেতৃত্বের আমলে এটির নিষ্পত্তি হয়েছিল। আর জানেন তো, অতীতের কোনো সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা, বা পেছনের ঘটনাকে বিচার করে মূল্যায়ন করা, এগুলো আমরা আর করতে চাই না।’
মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া আত্মজীবনী সবর-এ এই ঘটনা নিয়ে পুরো একটি অধ্যায় লিখেছেন খাজা। তার কিছু অংশ সম্প্রতি গণমাধ্যমগুলো তুলে ধরেছে। সাবেক এই ওপেনার দাবি করেন, এই বিতর্কিত ঘটনায় কেবল ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট দায়ী নয়, পুরো দলই বিষয়টা জানতো। এছাড়া নিউল্যান্ডসে হাতেনাতে ধরা পড়ার আগে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও বলে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
খাজা আরও জানান, পুরো কেপটাউন টেস্টে ব্যানক্রফটের পাশে থাকা সত্ত্বেও তদন্তের জন্য তার সাক্ষাৎকার নেয়নি বোর্ড। ওয়ার্নার বল টেম্পারিংয়ে সম্পৃক্ত খাজার সব দাবিকে ‘শতভাগ সত্যি’ বলেছেন। কেপটাউনে অস্ট্রেলিয়ান স্কোয়াডের সদস্য হিসেবে থাকা চ্যাড সেয়ার্স শনিবার চ্যানেল ৭-কে বলেন, ‘উসমান তার বইয়ে যা লিখেছে, সবই সত্যি।’
২০১৮ সালে ক্রিকেটের সঙ্গে ছিলেন না গ্রিনবার্গ। কিন্তু ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ছিলেন। তারপর ক্রিকেট অস্ট্রেলিয়ায় একই পদে আসীন হন। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়ার পর তিনি কেপটাউনে অংশ নেওয়া অনেক খেলোয়াড়ের সঙ্গে ওই ঘটনা নিয়ে কথা বলেন। কেপটাউন তদন্তের পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্টসও দেখেছেন।
মঙ্গলবার সকালে কথা বলার সময় গ্রিনবার্গ স্বীকার করেন, তিনি এখনও বইটি পড়েননি। কিন্তু এনিয়ে খাজার ফোন কল পেয়েছিলেন। একই সঙ্গে তিনি জানান, সিএ এই ব্যাপারে নতুন করে তদন্ত শুরু করবে না।
তিনি বলেন, ‘আমরা যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে তদন্তের ফলাফলে আমরা সন্তুষ্ট বলে জানিয়েছি, যার মধ্যে উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও অন্তর্ভুক্ত এবং এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তদন্ত পুনরায় শুরু করার বা এই বিষয়টি আবার খতিয়ে দেখার মতো কোনো জোরালো কারণ আমি দেখছি না। আমার মনে হয় না এতে কোনো লাভ হতে পারে।’
গ্রিনবার্গ আরও জানান, তিনি কেপটাউনের ড্রেসিংরুমে থাকা অন্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন। আর ওই ঘটনা নিয়ে তাদের বক্তব্য খাজার চেয়ে ভিন্ন। তিনি নিশ্চিত করেছেন, কেপটাউনে খেলা অন্যতম বোলার ও বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এ বিষয়ে শিগগিরই কথা বলবেন। ওই ম্যাচের একাদশে থাকা আরেক বোলার মিচেহল স্টার্ক মঙ্গলবার বিকালে গণমাধ্যমে কথা বলবেন। পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুখ খুলতে পারেন কেপটাউনে খেলা মিচেল মার্শও।
aliul / aliul
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল
‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক
টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো
নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন
আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে
৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?
স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার
ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন
ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন
সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের
দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ