নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে র্যালি, কেক কাটা, ওয়েবিনার, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘মানুষের জন্মের আদিকাল থেকেই মানুষ হিসাব-নিকাশ করে আসছে। জীবনের হিসাব না মেলাতে পারলে জীবনই বৃথা। আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এর তাৎপর্য অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে।’
তিনি আরও বলেন, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখছেন। ময়মনসিংহ বিভাগে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন নেতৃত্ব দিচ্ছে, তেমনি শিক্ষাজীবন শেষেও এ বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবেন বলে আশা করেন তিনি।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন সরকার। এ ছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।
র্যালি শেষে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যায় জয়ধ্বনি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের একপর্যায়ে খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির বই ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি-অ্যাট-প্রপরশনালিটা’ ১৪৯৪ সালের ১০ নভেম্বর ইতালির ভেনিস থেকে প্রকাশিত হয়। দিনটিকে স্মরণ করে প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস পালন করা হয়। হিসাবরক্ষক, আর্থিক বিশ্লেষক, নিরীক্ষকসহ হিসাববিজ্ঞান পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দিতে দিবসটি উদ্যাপন করা হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন
দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়
বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য