ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ২:৯

সাবেক অস্ট্রেলিয়ান তারকা উসমান খাজার সাম্প্রতিক এক গোমর ফাঁস করা বিষয় নিয়ে ক্রিকেটবিশ্ব তোলপাড়। স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনা পুরো অজি দলই জানত বলে তিনি দাবি করেন। যা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনার মাঝে আত্মজীবনী গ্রন্থ ‘সবর’ প্রকাশ করলেন খাজা। যেখানে বল টেম্পারিং নিয়ে আরও বিস্তারিত বর্ণনাসহ তিনি চাঞ্চল্যকর কিছু বিষয় তুলে ধরেছেন।

গতকাল (মঙ্গলবার) প্রকাশিত বইতে খাজার দাবি, আট বছর আগে (২০১৮) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃত করতে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের সবাই জানত। এমনকি এর আগের টেস্টেও, পোর্ট এলিজাবেথে একই কৌশল প্রয়োগ করা হয়েছিল। কোন কোন খেলোয়াড় সরাসরি স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে জানতেন, তা অবশ্য তিনি নির্দিষ্ট করে বলেননি। তবে তার বর্ণনায় স্পষ্ট, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কী ঘটছিল, তা ছিল সবারই জানা।

আত্মজীবনীতে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছেন এই ব্যাটার। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের কয়েকজন সদস্যের মদ্যপানের গুরুতর সমস্যা ছিল বলে অভিযোগ করেছেন তিনি। গত গ্রীষ্মে অ্যাশেজের পার্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচজয়ী সেঞ্চুরির পর ট্রাভিস হেডের ওপেনিংয়ে ব্যাটিং করার ইচ্ছা প্রকাশ নিয়েও হতাশা রয়েছে খাজার। তার দাবি, হেডের ওই মন্তব্যে তিনি ও তার পরিবার বেশ কয়েক সপ্তাহ মানসিক চাপের মধ্যে ছিলেন।

এ ছাড়া ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসের লং রুমে বর্ণবাদী গালির শিকার হওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেছেন খাজা। ২০১৩ সালের ‘হোমওয়ার্কগেট’ বিতর্কে দলের ম্যানেজার গ্যাভিন ডোভির সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডার ঘটনাও রয়েছে তার বইয়ে।

স্যান্ডপেপার কেলেঙ্কারির শুরু ও কোচের নির্দেশনা

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার কোচিং স্টাফের একজন সদস্য বলের আকৃতি পরিবর্তন করে সুইং বাড়ানোর জন্য খেলোয়াড়দের কাজ করতে বলেছিলেন বলে দাবি করেছেন খাজা। তার মতে, ওই কোচ বলেছিলেন, ‘যা করার দরকার, করো। তাতে আমার কিছু যায় আসে না।’ তবে নিজে এমন কাজে জড়িত ছিলেন না বলে জানান তিনি, ‘ব্যক্তিগতভাবে আমি কখনও বল বিকৃত করিনি, বল আঁচড়ানো কিংবা এ ধরনের কোনো কাজ করিনি। কিন্তু কী ঘটছিল, সবই জানতাম। আর এর বিরোধিতাও করিনি। সে কারণে আমিও দায়ী।’

খাজা লিখেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় স্যান্ডপেপার বিতর্কে যা ঘটেছিল, সে সম্পর্কে আপনারা যা শুনেছেন বা পড়েছেন, তার সবটা পুরোপুরি সত্য নয়। তখনকার দলের ব্যবস্থাপনা এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিজস্ব কিছু এজেন্ডা ছিল। পরিস্থিতি সামাল দিতে এবং যতটা সম্ভব ঘটনা আড়াল করতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছিল। আমি অন্য কোনো খেলোয়াড়ের হয়ে কথা বলব না। সেটা তাদের বিষয়। তবে স্যান্ডপেপার নিয়ে কী ঘটছিল, তা যে আমি জানতাম, তাতে কোনো সন্দেহ নেই।’

‘আমি সব সময় এ নিয়ে কথা বলতে চেয়েছি। কখনোই বলিনি যে স্যান্ডপেপারের বিষয়টি আমি জানতাম না; কারও কাছে কিংবা কোনো সংবাদমাধ্যমের কাছে নয়। আমি এভাবে সরাসরি মিথ্যা বলার মানুষ নই।’ অবশ্য কেপটাউনের সেই বিতর্কিত টেস্টের আগের ম্যাচে পোর্ট এলিজাবেথেও হয়েছিল বল টেম্পারিং। খাজা জানান, ওই ম্যাচেও বল বিকৃত করতে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। কীভাবে কাজটি করা হয়েছিল, তার বিস্তারিতও তুলে ধরেছেন তিনি।

খাজার ভাষায়, ‘আমরা সবাই জানতাম, মাঠে নামার সময় আম্পায়ার বলটি বাউন্ডারির কাছে রেখে দেবেন। তখন আমাদের দিকে কোনো ক্যামেরা থাকবে না। আম্পায়াররাও প্রায় ১০০ মিটার দূরে থাকবেন। ফলে আমরা যা ইচ্ছা করতে পারব। সঙ্গে সঙ্গেই বুল (ডেভিড ওয়ার্নার) বলল, “আমি এটা করতে পারব না। সবাই আমার ওপর নজর রাখছে।” আমি নিজেও কখনও এটা করতে যাচ্ছিলাম না। অন্য কেউ করবে, সেটাও ভাবিনি। তাই হেসে উড়িয়ে দিয়েছিলাম। তখন ক্যামেরন ব্যানক্রফট, যার টেস্ট ক্যারিয়ারে তখন মাত্র ছয়টি ম্যাচ খেলা হয়েছে এবং হয়তো দলের সঙ্গে মানিয়ে নিতে চাইছিল, সে বলল, “আমি করব।”’

এমন পরিস্থিতিতে দলের হয়ে অন্যদের সঙ্গে তাল মেলানোর চাপও কাজ করে বলে মনে করেন খাজা। তিনি লিখেছেন, ‘যখন কোনো কিছু খুব বেশি প্রচলিত হয়ে যায়, তখন তাতে জড়িয়ে না পড়া কঠিন। ট্যুর ডি ফ্রান্সে বছরের পর বছর ডোপিংয়ের যে অবস্থা ছিল, বিষয়টি অনেকটা তেমন। হয়তো আপনাকে অংশ নিতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। অবশ্য এতে কাজটি সঠিক হয়ে যায় না।’

একপর্যায়ে বল এত বেশি সুইং করছিল যে অস্ট্রেলিয়ার কয়েকজন খেলোয়াড় বল বিকৃত করার সঙ্গে জড়িতদের সেটি বন্ধ করতে বলেছিলেন। খাজার ভাষ্যমতে, একটি উইকেট পড়ার পর দলের বৃত্তে একজন বোলার বলেছিল, “বন্ধুরা, বল এখন অনেক বেশি সুইং করছে। এটিতে আর কিছু করো না। এত বেশি সুইং করাটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে।” আমাদের বেশিরভাগই তখন হেসে উঠি।’

দলের এক কোচও ব্যানক্রফটকে উৎসাহ দেন বলে দাবি খাজার। তার মতে, কোচ বলেছিলেন, ‘তুমি যা করছ, আমাদের আরও বেশি করে সেটাই দরকার।’ এরপর আমি দেখলাম, ব্যাঙ্গার্স (ক্যামেরন ব্যানক্রফট) এক টুকরো স্যান্ডপেপার তুলে পকেটে রাখল। কোচ আমাকে ও ক্যামেরনকে তৃপ্তির হাসি দিয়ে চলে গেলেন। ওই কোচের চাপের কারণেই ব্যানক্রফটের মনে হয়েছিল, তাকে আরও বেশি করে কাজটি করতে হবে।

যেভাবে প্রকাশ্যে আসে কেলেঙ্কারি

খাজার ভাষ্য অনুযায়ী, দলের অধিনায়ক স্টিভ স্মিথ ব্যানক্রফটকে স্যান্ডপেপার সরিয়ে রাখতে বলেছিলেন। অন্যদিকে, তরুণ এই ক্রিকেটারকে মাঠ থেকে বেরিয়ে যেতে উৎসাহিত করছিলেন খাজা। কিন্তু ততক্ষণে ব্যানক্রফট কার্যত হতবিহ্বল হয়ে পড়েছিলেন।

খাজা লিখেছেন, ‘ক্যামেরন তখন পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়েছিল। কী করবে, বুঝতে পারছিল না। মাঠে থাকা প্রত্যেকেই তখন ভয়ে অস্থির। আর ব্যাঙ্গার্সের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। এরপর বড় পর্দায় যা দেখা গেল, সেটাই ছিল সবচেয়ে বড় ধাক্কা। সেখানে দেখা গেল, ক্যামেরন স্যান্ডপেপারটি নিয়ে নিজের অন্তর্বাসের মধ্যে রাখছে। তখন আমরা বুঝে গেলাম, বড় ধরনের ভুল করে ফেলেছি। ভয়াবহ ভুল।’

কেলেঙ্কারির দায় নিতে নারাজ ছিলেন দু’জন

ওই ঘটনায় পুরো দলকে সম্মিলিতভাবে দায় স্বীকার করানোর চেষ্টা করেছিলেন বলে জানান খাজা। কিন্তু নারাজ ছিলেন দু’জন। এ ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তও অপর্যাপ্ত মনে হয়েছিল খাজার, ‘আমার কাছে এটাই ছিল সবচেয়ে হতাশার বিষয়। ওই দু’জন কারা, তা আমি জানতাম। সবার মধ্যে ঠিক ওই দুজনের এমন আচরণ ছিল অবিশ্বাস্য। তবে তাদের আসল চরিত্র বুঝতে পেরেছিলাম। পরিস্থিতি কঠিন হয়ে পড়তেই তারা শুধু নিজেদের কথাই ভেবেছে। কিন্তু আমি এই বিষয়টির পক্ষে লড়াই থামাতে চাইনি। এরপর সিএ যে তদন্ত করেছিল, তা ছিল অত্যন্ত অপর্যাপ্ত। দেখে মনে হয়েছিল, তারা যেন পুরো সত্যটা জানতেই চায়নি।’

এখন কেন মুখ খুললেন খাজা?

এই প্রশ্নটি স্বাভাবিক। খাজা প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। তিনি লিখেছেন, ‘এই অধ্যায়টি লেখা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। এখনও মনে করি না, যে তিনজনকে সব দায় বহন করতে হয়েছে সেটি ন্যায্য ছিল। তাদের জীবন পুরোপুরি বদলে গেছে। এর মানসিক প্রভাব তাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি যদি এ বিষয়ে মুখ না খুলি, তাহলে তাদেরই বোঝা বহন করে যেতে হবে। এটা পরিষ্কার যে কী ঘটছিল, তা আমি জানতাম। আমি শুধু তাদের কাছে শুধু ক্ষমা চাই। আমরা তোমাদের হতাশ করেছি।’

‘তবে সবচেয়ে বেশি ক্ষমা চাই আমার ভালো বন্ধু ডেভিডের কাছে। পুরো ঘটনার দায়ের সিংহভাগ তাকেই নিতে হয়েছিল। সারা জীবন এই বোঝা তোমার বয়ে বেড়ানোর কথা নয়। বছরের পর বছর এ নিয়ে অন্য সবার চেয়ে বেশি অপমান সহ্য করেছ তুমি। পরিকল্পনার মূল কারিগর তুমি ছিলে না। আমরা সবাই এর নেপথ্যে ছিলাম।’

অধিনায়কত্ব না পাওয়ার আক্ষেপ ও বিরূপ ধারণা

কেপটাউন টেস্টের পর স্মিথকে দেশে পাঠিয়ে দেওয়া হলে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে। কিন্তু খাজার দাবি, ওই দায়িত্ব পাওয়ার স্বাভাবিক দাবিদার ছিলেন তিনি। উপেক্ষা করায় হতাশ হয়েছিলেন খাজা, ‘অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে স্বাভাবিক পছন্দ হওয়ার কথা ছিল আমার। কিন্তু আমাকে বিবেচনাই করা হয়নি। কেন, তা আমি জানতাম।’

সেই দুটি কারণ উল্লেখ করে সাবেক এই ওপেনার লেখেন, ‘একটি কারণ– ক্রিকেট অস্ট্রেলিয়া ও বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বিরোধে আমি অন্যতম প্রধান ভূমিকা রেখেছি। আর অধিনায়ক নিয়োগের দায়িত্ব ছিল সেই বোর্ডেরই। শুধু এই কারণেই তারা সম্ভবত আমাকে দায়িত্ব দিতে চাইত না। দ্বিতীয় কারণ– আমার বিশ্বাস, আরও গুরুত্বপূর্ণ। তারা তখনও একজন বাদামি চামড়ার অস্ট্রেলীয় ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে দেখতে প্রস্তুত ছিল না, এমনকি অন্তর্বর্তীকালীন দায়িত্বেও নয়।’

এর ব্যাখ্যায় খাজা লিখেছেন, ‘আপনারা হয়তো ভাবছেন, আমি কীভাবে জানলাম? প্রধান নির্বাচক আমার পরিচিত এক সাংবাদিককে বলেছিলেন, “অধিনায়ক হিসেবে আমরা যা চাই, তা উজির মধ্যে নেই। তার মধ্যে সঠিক গুণাবলি দেখা যায় না।” আমি মোটামুটি বুঝতে পারছিলাম, এর অর্থ কী। পুরোনো ধাঁচের অস্ট্রেলীয় ক্রিকেটারের আদর্শের সঙ্গে আমার মেলে না, কিংবা এই দায়িত্বের জন্য আমার গায়ের রংও ঠিক নয়। ঠিক আছে মানলাম। কিন্তু অন্তত সহ-অধিনায়ক তো করা যেত! সেটিও হয়নি। দায়িত্ব দেওয়া হয়েছিল জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে। কয়েক বছর ধরে নিজের রাজ্য দলের অধিনায়কত্ব করা অভিজ্ঞ একজন খেলোয়াড়ের জন্য বিষয়টি ছিল বুকে আঘাতের মতো।’

লর্ডসে বর্ণবাদী গালির শিকার

২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর বিতর্কিত স্টাম্পিংয়ের পর অস্ট্রেলীয় খেলোয়াড়দের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বাগতিক দর্শকরা। লর্ডসের লং রুমে অস্ট্রেলীয় দলের সদস্যদের সঙ্গে কয়েকজন দর্শকের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই ঘটনার মধ্যে ছিলেন খাজাও। সেখানে বর্ণবাদী গালির শিকার হতে হয় বলে আত্মজীবনীতে জানালেন খাজা, ‘ইংল্যান্ডের দর্শকরা একসঙ্গে চিৎকার করছিল, গালাগালি দিচ্ছিল। আমি বিশ্বাসই হচ্ছিল না যে এসব শুনছি।’

‘আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। তখন একজন আমার কানের খুব কাছে এসে চিৎকার করে। আমাদের মাঝে ছিল শুধু একটি দড়ি, দূরত্বও ছিল প্রায় ২০ সেন্টিমিটার। প্রথম লোকটিকে বললাম, “আবার আমার কানে চিৎকার করার সাহস দেখিও না, নির্বোধ। এরপর সামনে এগোতেই আরেকজনকে বলতে শুনলাম, “চুপ কর, তুমি পাকিস্তানি।” তখন আমি নিজেকে আর সামলাতে পারিনি। লোকটি ঠিক কে ছিল, তা জানি না। নিরাপত্তাকর্মীদের বললাম, “এই লোকটিকে এখান থেকে বের করে দাও!”’

এরপর আরও অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেছেন খাজা, ‘আমরা যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, তখন ক্লাবের একজন সদস্য আমাদের পা লাগিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সে পা বাড়িয়ে দিচ্ছিল, যাতে আমরা হোঁচট খেয়ে পড়ে যাই। ডেভি প্রথমে তাকে ধমক দিয়েছিল। তাই ভেবেছিলাম, লোকটি আর এমন করবে না। কিন্তু সে আমার সঙ্গেও একই কাজ করার চেষ্টা করল। ‘আমি নিরাপত্তাকর্মীর দিকে তাকিয়ে বললাম, “আপনারা কি সত্যিই এসব হতে দিচ্ছেন?” নিরাপত্তাকর্মী লোকটিকে ধরে তার সদস্যপদ কার্ড দেখাতে বললেন। ততক্ষণে আমার যথেষ্ট দেখা হয়ে গেছে।’

‘হোমওয়ার্কগেট’ বিতর্কে টিম ম্যানেজারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

২০১৩ সালের মার্চে ভারতের বিপক্ষে মোহালিতে সিরিজের তৃতীয় টেস্টের আগে কোচ মিকি আর্থারের দেওয়া হোমওয়ার্ক সম্পন্ন করতে না পারায় অস্ট্রেলিয়ার চার ক্রিকেটারকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদের একজন ছিলেন খাজা। আত্মজীবনীতে দলের ম্যানেজার গ্যাভিন ডোভির সঙ্গে নিজের উত্তপ্ত বাগ্‌বিতণ্ডার বিবরণ দিয়েছেন তিনি।

খাজার বর্ণনা অনুযায়ী, ডোভি তাকে বলেছিলেন, ‘উজ, এটা একেবারেই জঘন্য। দলের মধ্যে থেকে আমরা এই ধরনের আচরণই দূর করতে চাইছি। তোমার মনোভাব একেবারেই হাস্যকর। তুমি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের একজন সদস্য, এটা ভাবতেই—’ কথা শেষ করতে না দিয়ে খাজা জবাব দিয়েছিলেন, ‘গ্যাভিন, তুমি কি সত্যিই সিরিয়াস? তুমি এখানে করছটা কী? তুমি তো একজন সাধারণ দলীয় ম্যানেজার মাত্র। ক্রিকেট সম্পর্কে যারা প্রকৃত অর্থে জানে, বিষয়টি তাদের মধ্যে। অথচ তুমি এমনভাবে এখানে এসেছ, যেন সবকিছুর মালিক তুমি। চুপ করো।’

ডোভি পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন তৎকালীন অধিনায়ক মাইকেল ক্লার্ক। খাজা লিখেছেন, ‘পাপ (মাইকেল ক্লার্ক) কথা বলল, “উজ উজ, শান্ত হও।” গ্যাভিন তখনও আমার শ্রদ্ধা অর্জন করতে পারেনি। কিন্তু পাপ ছিল পাপ। তার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ছিল। অধিনায়কের বিরোধিতা আমি কখনোই করতাম না, বিশেষ করে এমন একজনের, যিনি এত কিছু অর্জন করেছেন। তাই চুপ করে গেলাম।’

ট্রাভিস হেডের মন্তব্যে মানসিক অস্থিরতা

২০২৫-২৬ মৌসুমে অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পিঠে চোট পান খাজা। তার পরিবর্তে ওপেনিংয়ে নেমে ম্যাচজয়ী সেঞ্চুরি করেন ট্রাভিস হেড। কিন্তু ম্যাচের পর হেডের মন্তব্যে কষ্ট পেয়েছিলেন খাজা, ‘হেডকে ওপেনিংয়ে পাঠানো হলে সে অসাধারণ ব্যাটিং করে। তার সেঞ্চুরিতে আমরা ২০৫ রানের লক্ষ্য খুব দ্রুতই তাড়া করে ফেলি। আমার পিঠ তখন একেবারে শেষ। তবু দলের জন্য আমি খুব খুশি ছিলাম।’

‘ম্যাচ শেষে হেডিকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেছিলাম, তাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। কিন্তু ভাবিনি, সে সংবাদমাধ্যমের সামনে গিয়ে বলবে, সে সব সময়ই ওপেনিং করতে চেয়েছে। তার কথায় মনে হয়েছিল, সে যেন আমার পিঠে আরেকটি ছুরি মারল! (কথাটা একটু বেশি হয়ে গেল, তবে শব্দের খেলাটা এড়াতে পারলাম না। সে আসলে আমার পিঠে ছুরি মারেনি। তবে ভূমিকা উল্টো হলে আমি এমন কথা বলতাম না।) সে হয়তো একবারও ভাবেনি, তার ওই মন্তব্যের অর্থ দাঁড়াতে পারে যে সে আমাকে দল থেকে সরিয়ে দিতে চাইছে।’

খাজার মতে, ‘সে এমন কথা বলেছে, তা আমি বিশ্বাস করতে পারছিলাম না। সে আরও জানায়, আড়ালে সব সময় ওপেনিং করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সেটি সত্যি ছিল না। আমি জানতাম, সে কখনোই এভাবে চেষ্টা করেনি। তবে সংবাদমাধ্যমের জন্য ওই বক্তব্যই যথেষ্ট ছিল। এরপর নানা আলোচনা শুরু হয়ে গেল। আমার মনে হয় না, হেডি বুঝতে পেরেছিল, পরবর্তী কয়েক সপ্তাহে তার ওই মন্তব্য আমাকে ও আমার পরিবারকে কতটা কষ্ট এবং মানসিক চাপের মধ্যে ফেলে দেয়।’

২০১৬ দক্ষিণ আফ্রিকা সফরে কোচিং স্টাফের মদ্যপান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। সেই সফরের অভিজ্ঞতা তুলে ধরে কোচিং স্টাফের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ এনেছেন খাজা, ‘সফরটি ছিল পুরোপুরি বিশৃঙ্খল। তখন মদ্যপান নিয়ে গুরুতর সমস্যা ছিল, বিশেষ করে কোচিং স্টাফের মধ্যে। তারা প্রতি রাতেই বারে যেত এবং প্রচুর মদ পান করত। আমি দলে ফেরার পর থেকেই তারা এমন করছিল।’

‘শেষ দুই ম্যাচের মাঝে এক সন্ধ্যায় আমরা “জরুরি দলীয় সভা” করি। সবাই বড় সম্মেলনকক্ষে একত্রিত হয়ে নানা বিষয়ে আলোচনা করছিলাম। যদিও সত্যি বলতে তেমন কিছুই হয়নি। কারণ সেখানে উপস্থিত বেশিরভাগ মানুষ সম্ভবত পরদিন সকালে রাতের আলোচনা মনে করতে পারত না। আমার যতটা মনে হয়েছে, অনেক কোচই মাতাল ছিলেন। ওয়াইনের বোতল থেকে পান করার কারণে তাদের মুখ লাল হয়ে গিয়েছিল। তারা টলছিলেন, কথা জড়িয়ে যাচ্ছিল। আমি অধিনায়ক জর্জ বেইলির দিকে তাকালাম। সে মাতাল ছিল না। তাকে বললাম, “আমরা কি সত্যিই এসব করছি?’

‘কক্ষে থাকা বেশিরভাগ খেলোয়াড় ও কর্মকর্তা মাতাল। আগামীকাল তারা এই আলোচনার কিছুই মনে রাখতে পারবে না।’ পিৎজা খেতে খেতে নিজের চিরচেনা হাসি নিয়ে জর্জ বেইলির জবাব ছিল– ‘আমার মনে হয় না, সেটা খুব খারাপ কিছু হবে!’

aliul / aliul

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে