ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোংলায় জালিয়াতির মাধ্যমে এক এমপির নামে ৩৫ বিঘা জমির জাল দলিল রেজিস্ট্রি


মোংলা প্রতিনিধি  photo মোংলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ৩:৮

জালিয়াতির মাধ্যমে অন্যের মালিকানাধীন জমির জাল দলিল রেজিস্ট্রি করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.’-এর বিরুদ্ধে। মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সানবান্দা এলাকায় অবসারপ্রাপ্ত যুগ্ম-সচিব আব্দুস সাত্তার মিয়ার ১৭ দশমিক ৭৯৩৮ একর অর্থাৎ প্রায় ৩৫ বিঘা জমি দালাল চক্র ডরিন প্রতিষ্ঠানের নামে জাল দলিল করে দিয়ে হাতিয়ে নিয়েছে, যার দাম ১ কোটি ৪৩ লাখ টাকা। এ জাল দলিল হয়েছে ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও ঝিনাইদাহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকীর নামে।

দালালদের সহায়তায় ভুয়া মালিক সেজে ওই প্রতিষ্ঠানকে অন্যের জমির জাল দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি পূর্বপাড়ার বাসিন্দা মো. আব্দুল সত্তার হাওলাদার। এদিকে, এই জাল দলিল বাতিলের জন্য ইতোমধ্যে আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্ত ও জমির প্রকৃত মালিক অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব আব্দুস সাত্তার মিয়া। আব্দুস সাত্তার মিয়া বাদী হয়ে গত ১৬ ফেব্রুয়ারি বুধবার বাগেরহাট আদালতে এ মামলা দায়ের করেন।

ভুয়া মালিক সেজে জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রি ও রেজিস্ট্রি করে দেয়ার তুঘলকি কাণ্ডে সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এমন কাণ্ডে সর্বমহলে প্রশ্ন উঠেছে- কিভাবে জালিয়াতি করে অন্যের জমির মালিক সেজে বিক্রি ও রেজিস্ট্রি করে দিয়ে প্রতারক মো. আব্দুল ছত্তার হাওলাদার এবং দালাল হাসমত চক্র হাতিয়ে নিল দেড় কোটি টাকা? 

সরেজমিন খোঁজখবরে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সানবান্দা গ্রামের সানবান্দা মৌজার অন্তর্ভুক্ত অবসারপ্রাপ্ত সরকারি আমলা আব্দুস সাত্তার মিয়ার প্রায় ৩৫ বিঘা জমি জালিয়াতি করে জাল দলিল করা হয়। দালাল চক্রের মূল হোতা মোংলা পৌর শহরের ময়লাপোতা এলাকার বাসিন্দা মো. হাসমত আলী প্রকৃত মালিক আব্দুস সাত্তার মিয়ার জায়গায় বরিশালের মো. আব্দুল ছত্তার হাওলাদারকে দিয়ে ওই জমি ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.-এর কাছে বিক্রি করান। ১ কোটি ৪৩ লাখ টাকা মূল্যে ওই জমির রেজিস্ট্রি হয়। ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকীর নামে রেজিস্ট্রি হয় জমিটি। তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদাহ-২ আসনের বর্তমান এমপি।

এ বিষয়ে ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ওই প্রতিষ্ঠানের প্রকৌশলী মনজুরুল নাসিম বলেন, দালাল হাসমত আলী ও রিয়াদ চক্রের খপ্পরে পড়ে আমরা প্রতারণার শিকার হয়েছি। তারা আমাদের এই ভুল জমি কিনে দিয়েছে এবং এজন্য তারাই দায়ী। কারণ, আমরা তো তাদের জমির টাকা দিয়েছি। আমাদের ম্যানেজমেন্ট বসে তাদের (দালাল) বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।

জাল-জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রির বিষয়টি স্বীকার করে দালাল হাসমত আলী বলেন, এ নিয়ে সামনাসামনি কথা বলব বলে ফোন রেখে দেন। অপর দালাল রিয়াদকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

মোংলা উপজেলা সাব-রেজিস্ট্রার মো. জুবায়ের হোসেন বলেন, ডরিন পাওয়ার হাউজ এন্ড টেকনোলজিস লি.-এর নামে জমিটির দলিল রেজিস্ট্রি হয়ে যাাওয়ার পর জানতে পেরেছি যে ওই কথিত দলিলটি জাল হয়েছে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জাল-জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দলিল লেখক (মহুরি) আবুল কালাম শেখকে গত ২৬ জানুয়ারি কারণ দর্শানো নোটিস করা হয়েছে।

দলিল লেখক আবুল কালাম শেখ বলেন, দলিল তৈরির পর রেজিস্ট্রির আগ মুহূর্তে সমুদয় কাগজপত্র যাচাই-বাছাই করার দায়িত্ব সাব-রেজিস্ট্রারের। কিন্তু তিনি সেটি পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে উল্টো আমাকে অভিযুক্ত করে কারণ দর্শানো নোটিস দিয়েছেন। মূলত এ দায় কার? 

অপরদিকে জাল-জালিয়াতি প্রক্রিয়ায় ডরিন পাওয়ার হাউজ টেকনোলজিস লি.-এর নামে যে দলিল হয়েছে তার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হলেও দলিল মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৪৩ লাখ টাকা। জাল-জালিয়াতি করে দলিল রেজিস্ট্রি করিয়ে দিয়ে প্রতিষ্ঠানের কাছ থেকে নেয়া প্রায় দেড় কোটি টাকার পুরোটাই দালাল চক্র ভাগ-বাটোয়ারার মাধ্যমে আত্মসাৎ করেছে। এরপর জাল দলিলের বিষয়টি চারদকে জানাজানি হওয়ার পর পুরো বিষয়টি ধামাচাপা দিতে দালাল চক্রের মূল হোতা হাসমত আলী বিভিন্ন অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন ভুক্তভোগী বলেন, শুধু ১৫ ডিসেম্বরের এ জাল দলিলই নয়, হাসমতের বিরুদ্ধে এমন জাল-জালিয়াতির আরো অনেক অভিযোগ রয়েছে। জমি কেনা-বেচা ও সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে হাসমত বহু মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছে বলেও অভিযোগ উঠেছে। তার এমন কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময় উপজেলা ভূমি ও সাব-রেজিস্ট্রি কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও সংশ্লিষ্টদের ম্যানেজ করে বহালতবিয়তে রয়েছেন তিনি। প্রতারক হাসমত গং চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের দাবি করেছে ভুক্তভোগীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) কমলেশ মজুমদার বলেন, যেহেতু আমিও বিষয়টি জেনেছি, সেহেতু এ দলিলের নামপত্তন/নামিজারি হবে না। এ ঘটনায় একটি মামলাও হয়েছে বলে জেনেছি। ঘটনাটি সাব-রেজিস্ট্রার আমাকে বললে আমি তাকে উভয়পক্ষকে ডাকতে বলেছি। আর সাব-রেজিস্ট্রার আমাকে বলেছেন, এসবের সাথে তিনি জড়িত নন। তারা সাব-রেজিস্টারকে ভুল বলেছে ও বুঝিয়েছে। আর কাগজপত্র দিয়ে যে রেজিস্ট্রি করে দিয়েছে সে তো এ এলাকার লোক নয়, বরিশালের। প্রথমত ছবি দেখে আর দ্বিতীয়ত স্থানীয় না হয়ে দূরের হওয়ায় তাকে চিনতে পারেননি সাব-রেজিস্টার। আর এ দলিল যে লিখেছে তাকে শোকজসহ তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি। এ জাল-জালিয়াতির ঘটনায় দালাল হাসমতের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইউএনও।

তিনি আরো বলেন, এসব অভিযোগের কারণেই অনেক আগে থেকেই হাসমতকে এসিল্যান্ড অফিস ও আমার (ইউএনও) অফিসে আসা বন্ধ করা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক