ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাদকের হাট সরগরম : দালাল ও পুলিশের গোপন আঁতাত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৪-৭-২০২২ দুপুর ১:৪৭
সরকার মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও রাজশাহীতে থেমে নেই মাদক ব্যবসা। উত্তরাঞ্চলের মাদকের রাজধানী খ্যাত গোদাগাড়ীতে হরহামেশাই মিলছে মাদক। বর্ডার এলাকায় প্রশাসনের কড়া টহল থাকলেও সহজেই মিলছে গাঁজা, হেরোইন, ফেনসিডিল এবং ইন্ডিয়ান মদ।
 
বিভিন্ন কৌশল এবং রুট চেঞ্জ করে পাচার হচ্ছে মাদক। এসব রুটের মধ্যে গোদাগাড়ীর ফরিদপুর, সুলতানগঞ্জ, সারাংপুর, গোদাগাড়ী হাটপাড়া, রেলবাজার, মাদারপুর, ডিমভাঙ্গা, উজানপাড়া, ফুলতলা, বিদিরপুর, প্রেমতলী উল্লেখযোগ্য।
 
এদিকে, বেশভূষা পাল্টে সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে গোপনে ব্যবসা করছেন অনেকেই। প্রশাসন এবং স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থেকেও মাদক ব্যবসা করছেন রাঘববোয়ালরা। চুনোপুঁটিদের চাপে রাখেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছেন রাঘববোয়ালরা। নামমাত্র অভিযানে চুনোপুঁটিরা ঘরছাড়া হলেও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন গডফাদাররা। থানা ম্যানেজ করে তারা ব্যবসা করছেন বলে জানা যায়।
 
এসব মাদক ব্যবসায়ীর মধ্যে মহিশালবাড়ীর তোফায়েল, আব্দুল মালেক, সনি, রায়হান, মোফা , সোহেল, ল্যাংড়া শামীম, টিপু, মনির, নবীন, শহিদুল ইসলাম ভোদল, ডিমভাঙ্গার রিনা, রেলবাজারের কারিমা, মাদারপুরের ইসাহাক, তারেক, মেডিকেল মোড়ের দুরুল হোদা, কালু, লালবাগের মিজান, বৃটিশ, রেলগেটের বাবু মেম্বার, ফুলতলা এলাকার তিতাস, বাইপাস এলাকার শালেমা খাতুন, উজান পাড়ার দুরুল, মিঠু, বাবু, শরিফ (ঘাইটাল), সাদ্দাম, রহিম, হিটলার, মিন্টু, মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল উল্লেখযোগ্য। 
 
উল্লেখ্য, গোদাগাড়ী এলাকা মাদকের আখড়া বলে পরিচিত সারাদেশে। এই এলাকায় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে থাকে। কিন্তু কালো টাকায় ভেস্তে যায় অভিযান। লোক দেখানো চুনোপুঁটিদের মাঝে আতঙ্ক তৈরি করে হারিয়ে যায় অভিযান। এভাবেই গডফাদাররা মাদক ব্যবসা করে কোটি টাকার মালিক হচ্ছেন রাতারাতি।
 
মাদক কারবারকে ঘিরে গোদাগাড়ীতে সরগরম দালালরা। পুলিশ মাদক ব্যবসায়ীদের আটক করামাত্রই ফোন যায় দালালদের কাছে। দালাল ব্যবসায়ীর পরিবারের সাথে কথা বলে বড় অংকের টাকায় চুক্তি করে। চুক্তিতে এলেই ছাড়া পায় মাদক কারবারি। এসব দালালের ওঠাবসা উচ্চপর্যায়ের লোকদের সাথে। পুরো থানাজুড়েই তাদের আনাগোনা। টাকার বিনিময়ে মাদকের মামলায় চলে হেরফের।
 
এসব দালালের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা হামিদ রানা, গোদাগাড়ী ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জাব্বার, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোফা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, মাটিকাটা ইউনিয়নের ফুলতলা এলাকার বানী ইসরায়েল (হিটলার)-সহ আরো অনেকেরই নাম শোনা যায়।
 
জানা যায়, বানী ইসরাইল (হিটলার) মাদক ব্যবসার পাশাপাশি প্রেমতলী পুলিশ ফাঁড়ির দালালিও করে থাকেন। হিটলার এলাকায় দোকান পেশায় যুক্ত থেকে জেলা পুলিশের (ডিবি), প্রেমতলী পুলিশ ফাঁড়ির সাথে সখ্যতা রেখে মাদক ব্যবসা করে থাকেন এবং এলাকার মাদক ব্যবসায়ীদের পুলিশের সাথে আঁতাত করিয়ে দেন টাকার বিনিময়ে। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সম্প্রতি হিটলার প্রেমতলী পুলিশের কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে তাকে বাড়িতে থাকতে আশ্বস্ত করেন (অডিও কল রেকর্ড সংরক্ষিত)। 
 
এছাড়াও গোদাগাড়ী থানার অন্তর্গত প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামের বিরুদ্ধেও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ রয়েছে। পরিকল্পনামাফিক কথিত মাদক ব্যবসায়ীদের বাড়িতে অভিযান পরিচালনা করার সময় সাথেই মাদক রাখেন রফিকুল ইসলাম। এই রফিকুলের বিরুদ্ধে হাটগাঙ্গপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে থাকাকালীন বিস্তর অভিযোগ উঠেছিল। গভীর রাতের অভিযানে গিয়ে বাড়িতে মাদক রেখে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। 
 
প্রেমতলী এলাকার বানী ইসরায়েল (হিটলার) নামে দালালের মাধ্যমে ফাঁড়ির লেনদেন হয় বলে জানা যায় (অডিও রেকর্ড সংরক্ষিত)। 
 
এ বিষয়ে জানতে চাইলে প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এসব কথার ভিত্তি নেই। এই এলাকায় ২০০০ মাদক কারবারি আছে। কার কাছ থেকে কে পুলিশের নামে টাকা নিল তা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেব। 
 
জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ব্যবস্থা নেয়া সম্ভব নয়। পুলিশ কোনো মাদক কারবারির সঙ্গে আপস করে না, আর করবেও না। মাদক অভিযান অব্যাহত আছে। প্রতিনিয়ত মাদক কারবারিসহ মাদক আটক করা হচ্ছে। 
 
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, বিষয়গুলো আমার জানা নেই। এরকম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
উল্লেখ্য, গত তিন মাসে গোদাগাড়ী থানায় মাদক মামলা হয়েছে ৮০টি। ৮০ মামলায় গ্রেফতার হয়েছে ১১৩ জন। মাদক উদ্ধার হয়েছে হেরোইন ২৭৩১.৬ গ্রাম, ফেনসিডিল ১৫৬ বোতল, গাঁজা ৯৭৪৫ গ্রাম, ইয়াবা ২৬৬ পিস, চোলাইমদ ৫১৭ লিটার।

এমএসএম / জামান

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম