যমুনার পেটে গেল ১৫০০ বসতভিটা, নিঃস্ব হাজারো পরিবার
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধির কারণে ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। এতে একে একে ভাঙছে বসতভিটাসহ চরাঞ্চলের ফসলি জমি। ফলে নিঃস্ব হচ্ছে নদীতীরবর্তী এলাকার হাজারো পরিবার। ভাঙনকবলিত এলাকাগুলোতে স্থায়ী বাঁধ নির্মাণে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। ফলে ভাঙনকবলিত এলাকার এসব মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে গোবিন্দাসী, নিকরাইল, অর্জুনা ও গাবসারায় যমুনার করালগ্রাসে প্রায় এক মাসের ব্যবধানে ১ হাজার ৫০০ ঘরবাড়িসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারমধ্যে গোবিন্দাসীতে সাড়ে ৫০০, নিকরাইলে আড়াইশ, অর্জুনায় ৪০০ এবং গাবসারায় ৩০০ পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিন সোমবার (৪ জুলাই) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলাপাড়া এলাকায় ঘুরে দেখা গেছে, পানির তীব্র স্রোতে বসতভিটার ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে পড়া লোকজন তাদের থাকার ঘরগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছেন। আবার অনেকের ঘরবাড়িগুলো নিমিষেই বিলীন হচ্ছে। বসতভিটা হারানো মানুষগুলো আহাজারি করছেন।
ভাঙনের শিকার জহুরা বেগম বলেন, আমাদের গ্রামে হাজারের উপরে বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। আমরা এখন নিঃস্ব। আামাদের এখন থাকার মতো কোনো জায়গা-জমি নেই। ঘরে নেই খাবার। এ অবস্থায় সরকারিভাবে কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পাইনি।
ইনছান আলী বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এসব দেখার কেউ নেই। জনপ্রতিনিধিরা শুধু নৌকা দিয়ে দূর থেকে দেখে চলে যায়। ভাঙন রোধে তাদের কোনো উদ্যোগ নেই। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এদিকে, অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে আত্মীয়স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে। ভাঙনকবলিতরা পড়ছেন খাদ্য সংকটে। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা।
গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার বলেন, ইউনিয়নের কষ্টাপাড়া, খানুরবাড়ী, চিতুলিয়াপাড়া ও ভালকুটিয়ায় এলাকায় ভাঙন রোধে এমপি মহোদয়ের উদ্যোগে জিওব্যাগ ফেলা হচ্ছে।
অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব বলেন, চরাঞ্চলের বাসুদেবকোল ও তালতলাসহ বেশ কয়েকটি এলাকার প্রায় ৪০০ ঘরবাড়ি নদীগর্ভে চলে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান জানান, ভাঙনের ব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ভাঙন রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ভাঙনের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, ভূঞাপুরে ব্যাপকভাবে ভাঙন দেখা দেয়ায় ভাঙন রোধে ৩০০ মিটারের মধ্যে জিওব্যাগ ফেলা হচ্ছে। ভাঙনকবলিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে আরো জিওব্যাগ ফেলা হবে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত