ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাবনায় ফোনে কল করে হাতিয়ে নিচ্ছে উপবৃত্তির টাকা


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ৪:৩০

পাবনার বেড়া উপজেলায় প্রতারক চক্রের ফাঁদে পড়ে শিক্ষার্থীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া উপবৃত্তির টাকা খোয়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং সম্পর্কে সীমিত জ্ঞান ও তাদের সরলতার সুযোগে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর হাতিয়ে নিতে ফাঁদ পাতছে প্রতারকরা। গত এক সপ্তাহে উপজেলার অন্তত ৩০ শিক্ষার্থী তাদের উপবৃত্তির টাকা খুইয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বিকাশ এজেন্টরা জানিয়েছেন, শিক্ষার্থীরা প্রতারকের কাছে টাকা খোয়ানোর অভিযোগ নিয়ে তাদের কাছে আসছে। কিন্তু তারা এ ব্যাপারে কিছুই করতে পারছেন না।

শিক্ষার্থী ও স্থানীয় বিকাশ এজেন্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক হলো সপ্তম, অষ্টম, নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিকাশ অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা আসছে। এরমধ্যে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপবৃত্তি ও করোনাকালীন সহায়তা মিলিয়ে সবচেয়ে বেশি প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা করে পাচ্ছে।

সাত-আটজন শিক্ষার্থী জানায়, বিকাশ অ্যাকাউন্টে টাকা আসার পর মুঠোফোনের অপরিচিত নম্বর থেকে প্রতারক চক্রের কল আসে। সেখানে বলা হয়, ‘হ্যালো, আমি বিকাশ থেকে বলছি। আমাদের এখানে সিকিউরিটি প্রবলেম হচ্ছে। আমরা আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেব। তার আগে দেখেন আপনার অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা ঢুকেছে কি-না। যদি টাকা ঢুকে থাকে তবে ওই টাকা আপনি তুলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের অফিস থেকে সিকিউরিটি পাসওয়ার্ড চেঞ্জ করে না নেবেন।’

এ রকম কথা বলে প্রতারকরা গ্রামের শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ফাঁদে ফেলছে। কথার মারপ্যাঁচে কৌশলে পিন নম্বর সংগ্রহ করে হাতিয়ে নিচ্ছে বিকাশ অ্যাকাউন্টের সব টাকা। গত এক সপ্তাহে বেড়ার প্রত্যন্ত এলাকায় এ ধরনের অনেক ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে কাশিনাথপুর ও আমিনপুর এলাকায়ই অন্তত ৩০ জন শিক্ষার্থীর প্রতারিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিকাশে টাকা আসার খবর প্রতারকরা কিভাবে পায়?

গত সোমবার উপজেলার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে বিকাশের কাস্টমার কেয়ারের সামনে দাঁড়ানো একাদশ শ্রেণির তিন শিক্ষার্থী জানায়, বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি কৌশলে তাদের কাছ থেকে পিন নম্বর নিয়ে উপবৃত্তির সব টাকা হাতিয়ে নিয়েছে। এ কারণে তারা এখন বিকাশের কাস্টমার কেয়ারে এসেছে। কিন্তু এখানে ধরনা দিয়েও কোনো লাভ হচ্ছে না।

এ সময় অবনী নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, ২৮ জুন সকালেই বিকাশ কাস্টমার কেয়ারের কর্মকর্তা পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে ফোন করেছিল। এ সময় সে সরল বিশ্বাসে ওই ব্যক্তির কথামতো সব তথ্য দিয়েছে। তথ্য না দিলে তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বলে তাকে ভয় দেখানো হচ্ছিল। এ ঘটনার কিছু সময়ের মধ্যেই অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায় ওই শিক্ষার্থীর।

সালমান নামে আরেক শিক্ষার্থী বলে, আমার বিকাশে আগেই কিছু টাকা ছিল। ২৭ জুন উপবৃত্তির সাড়ে পাঁচ হাজার টাকা আসে। সব মিলিয়ে আমার বিকাশে ১০ হাজার টাকা ছিল। করোনার এই দুঃসময়ে টাকাটা আমার ও পরিবারের জন্য খুবই প্রয়োজন ছিল। কিন্তু প্রতারকরা আমার সবকিছু কেড়ে নিল।

এদিকে শিক্ষার্থীদের প্রশ্ন, তাদের বিকাশে টাকা আসার খবর প্রতারকদের কাছে কিভাবে পৌঁছায়? এই চক্রের সঙ্গে স্থানীয় কেউ জড়িত নেই তো? এর প্রতিকার ও তদন্ত দাবি করেছে শিক্ষার্থীরা।

কাশিনাথপুর ফুলবাড়ী মোড়ের বিকাশ এজেন্ট মাহিদুল ইসলাম ও মোহন প্রামাণিক বলেন, উপবৃত্তির টাকা ছাড় হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের টার্গেট করেছে প্রতারক চক্র। প্রতিদিনই তাদের কাছে শিক্ষার্থীরা টাকা খোয়া যাওয়ার অভিযোগ নিয়ে আসছে। তারা শিক্ষার্থীদের বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগের পরামর্শ দিচ্ছেন।

বিকাশ কাস্টমার কেয়ারের কাশিনাথপুর শাখার ইনচার্জ মো. অপু হোসেন এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েক দিন ধরে আমাদের এখানে এ ধরনের একাধিক অভিযোগ এসেছে। এসব অভিযোগ আমরা লিখে রাখছি। কিন্তু আমরা কী করতে পারি? গ্রাহকদের টাকা উত্তোলন বা অন্যান্য ক্ষেত্রে পিন নম্বর সংরক্ষণে সচেতন থাকা দরকার।

বেড়া পৌর এলাকার করমজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাম্মদউল্লাহ বলেন, প্রতারকদের ফোন পেয়ে কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থী আমাকে ফোন করেছিল। আমি তাদের পিন নম্বর কাউকে না বলতে সতর্ক করে দিয়েছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. খবিরউদ্দিন বলেন, কোনো শিক্ষার্থী যাতে প্রতারক চক্রের ফাঁদে পা না দেয় সে ব্যাপারে আমরা শিক্ষকদের মেসেজ দিচ্ছি। শিক্ষকরা দ্রুত বিষয়টি শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

এ ব্যাপারে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, তাদের কাছে এ ধরনের অভিযোগ নিয়ে এখনো কেউ আসেনি। বিকাশ গ্রাহকদের পিন নম্বর সংরক্ষণের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়