শঙ্খচরের সবজির দরে পতন
কয়েক বছর ধরে সবজি চাষের জন্য বেশ পরিচিতি লাভ করেছে চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ জায়গাজুড়ে জেগে ওঠা শঙ্খচর। শীত মৌসুমে সবজি বিপ্লব হয়েছে এখানে। তবে শীতের শুরুতে এবং মাঝামাঝি সময়ে শীতকালীন সবজির ভালো দাম পাওয়া গেলেও বর্তমানে অধিকাংশ সবজির মূল্য নেমেছে ১০ টাকার নিচে। দাম কম পাওয়ায় লোকসান গুণতে হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা।
সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত খরস্রোতা শঙ্খ নদীর উভয় তীরের ১০ ইউনিয়নের প্রায় ১০ হাজার কৃষকের জীবন-জীবিকা সবজি চাষের উপর নির্ভরশীল। প্রতিদিন ভোরের কুয়াশায় ফসলের মাঠে গিয়ে দিনভর সবজি পরিচর্যায় শ্রম দিচ্ছেন চাষিরা। পুরো শঙ্খের চর জুড়ে এখন চলছে শীতকালীন সবজির আবাদ। চলবে আরো দেড় থেকে দুই মাস। এখন শীতকালীন সবজির মধ্যে উল্লেখযোগ্য হারে পাওয়া যাচ্ছে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, ধনেপাতা ও কাঁচা মরিচ।
দক্ষিণ চট্টগ্রামের সবজি ভাণ্ডার হিসেবে পরিচিত শঙ্খচরের মাটি সবজি চাষের জন্য বেশ উর্বর এবং উপযোগী হওয়ায় এখানে সব ধরনের সবজি চাষ হয়। পুরো বছরেই এ অঞ্চলের কৃষকরা শঙ্খচরে সবজি চাষ করে থাকেন।
সাতকানিয়া উপজেলার খাগরিয়া, কালিয়াইশ, পুরানগড়, ধর্মপুর, নলুয়া, চরতী ও আমিলাইশ এবং চন্দনাইশ উপজেলার দোহাজারী, ধোপাছড়ি, হাসিমপুর, বৈলতলী, বরমা ইউনিয়নের প্রায় ১০ হাজার চাষি শঙ্খচরে সবজি চাষাবাদ করেন। শঙ্খচরে উৎপাদিত বীষমুক্ত বেগুন ও মুলার আলাদা কদর রয়েছে সারা দেশব্যাপী। এছাড়া শিম, ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, বরবটি, ঝিঙ্গা, তিতা করলা, ফুলকপি, বাঁধাকপি, শসা, মিষ্টি কুমড়া, লাউ, পেঁপে, লাল শাক, পালং শাক, পুঁই শাকসহ বিভিন্ন ধরনের শাক উৎপাদন হয় এখানে।
কৃষকরা জানান, বর্তমানে প্রতিকেজি মুলা, ফুলকপি ও ধনেপাতা পাইকারি বাজারে ৭ থেকে ৮ টাকা এবং প্রতি পিস বাঁধাকপি ৭ টাকায় বিক্রি হচ্ছে। সবজির মধ্যে টমেটো ও শিম বিক্রি হচ্ছে ১৫–১৬ টাকায়। তবে কাঁচা মরিচ এখনো ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে পারছেন বলে জানান কৃষকরার।
শঙ্খচরের কৃষক মোহাম্মদ মারুফ জানান, তিনি ৩০ শতক (দেড় কানি) জমিতে মুলার চাষ করেছেন। বর্তমানে তার ক্ষেতের প্রতি পিস মুলার ওজন কমপক্ষে ২ থেকে আড়াই কেজি পর্যন্ত হবে। সম্প্রতি মূলার দাম কমে যাওয়ায় তিনি এসব মুলা বিক্রি করতে পারছেন না। ক্ষেত থেকে তুলে ধুয়ে মুছে গাড়ি ভাড়া দিয়ে বাজারে নিয়ে বিক্রি করা পর্যন্ত প্রতি কেজি মুলায় খরচ পড়ছে কমপক্ষে ১০ টাকা। বিক্রি করে খরচও না উঠায় তাই তিনি আপাতত বন্ধ রেখেছেন। তবে শীতের শুরুতে প্রতি কেজি মুলা ৫০ টাকার বেশি বিক্রি করতে পেরেছিলেন বলে জানান তিনি।
শঙ্খচরের অপর কৃষক মোহাম্মদ হাসান জানান, বর্তমানে প্রতিকেজি ফুলকপি ৭ থেকে ৮ টাকার উপরে বিক্রি করা যাচ্ছে না। একই পরিস্থিতি বাঁধাকপিতেও। তাই তিনিও সবজি বিক্রি বন্ধ রেখেছেন।
দোহাজারী রেলওয়ে বাজারে প্রতিদিন সকালে সবজি চাষীরা শীতকালীন সবজি বিক্রির জন্য নিয়ে আসেন। সেখানে সবজি বিক্রি করতে আসা একাধিক কৃষক জানান, পাইকাররা সকালে এসে আগে নিজেরাই ঠিক করে নেয় কোন সবজি কোন দামে কিনবে। তারপর তাদের নির্ধারণ করা দামেই তারা সবজি কিনে নেয়। সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় কৃষকরাও পাইকারদের বেধে দেয়া দামে উৎপাদিত সবজি বিক্রি করে দিতে বাধ্য হয়।
চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ স্মৃতি রানী সরকার বলেন, প্রতি মৌসুমে শঙ্খচর ও তীরবর্তী অঞ্চলে শীতকালীন সবজির ভালো চাষাবাদ হয়। এখানকার সবজি স্বাদে অতুলনীয় হওয়ায় চাহিদাও বেশি। শীতের শুরুতে সবজিতে কৃষকরা ভালো লাভবান হলেও এই সময়ে এসে দাম অনেকাংশে কমে গেছে। তাই সংরক্ষণ করতে না পেরে বর্তমানে কৃষকরা কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’
Link Copied