ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস আজ
আজ ২৩ আগস্ট ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস’। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্যের হাতে একজন ছাত্র লাঞ্ছিত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন ছাত্র ও শিক্ষকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে শিক্ষকরা প্রতিবছর ২৩ অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করে আসছেন।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা সদস্যরা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ক্যাম্প স্থাপন করেন। ওই বছরের ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং লোকপ্রশাসন বিভাগের মধ্যকার ফুটবল খেলা নিয়ে শিক্ষার্থী ও সেনা সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন চালান। এর প্রতিবাদ জানাতে গেলে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম সেনা সদস্যদের দ্বারা লাঞ্ছিত হন। এর প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তারা সেনা সদস্যদের ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। কিন্তু সেনা সদস্যরা তা প্রত্যাখান করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে সেনাক্যাম্প প্রত্যাহার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এর পরদিন ২১ আগস্ট নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্তভাবে তারা বিক্ষোভ করতে থাকেন ক্যাম্পাসে। তখন তাদের ওপর আক্রমণ চালায় পুলিশ। নীলক্ষেত, টিএসসি, কার্জন হল এলাকাসহ ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেটে আহত হন শত শত ছাত্র। আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে ক্যাম্প সরিয়ে নিতে বাধ্য হয় সেনাবাহিনী।
এর পরদিন ২২ আগস্ট এই আন্দোলন গোটা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ২২ আগস্ট বিভাগীয় শহরগুলোতে কারফিউ জারি করে। ওই দিন সন্ধ্যার মধ্যেই ঢাবির আবাসিক ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর ২৩ আগস্ট রাতে আটক করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর-রশিদকে। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অজানা স্থানে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান খান, আবদুস সোবহান, মলয় কুমার ভৌমিক, দুলাল চন্দ্র বিশ্বাস, আবদুল্লাহ আল মামুন ও সেলিম রেজা নিউটনকে গ্রেপ্তার দেখানো হয়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ঢাবির আরও দুই শিক্ষকসহ ৫ ছাত্রনেতাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়।
ঘটনার পর দীর্ঘ ৬৬ দিন পর খুলে দেওয়া হয় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো নির্যাতনবিরোধী ব্যানারে মাঠে নামে। গ্রেপ্তারকৃতদের মুক্তির আন্দোলনও বেগবান হতে থাকে। ছাত্র-শিক্ষকদের মুক্তি আন্দোলনের কাছে হার মানে তৎকালীন সরকার। বাধ্য হয়ে গ্রেপ্তারকৃত ছাত্র-শিক্ষকদের মুক্তি দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও দিনটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করবেন। সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কাবাডি-হ্যান্ডবলের জাতীয় মঞ্চে নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ইবিতে অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে ‘চৈতন্যের সংকট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে পোকা, শিক্ষার্থীদের ক্ষোভ
ডিআইইউতে ব্যবসায় শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হলো 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের ফিড মিল পরিদর্শন
কুবিতে ইএলডিসির উদ্যোগে নেতৃত্ব উন্নয়নমূলক সেশন অনুষ্ঠিত
পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ
শেকৃবিতে দুই দিনব্যাপী রিসার্চ রিভিউ ওয়ার্কশপ উদ্বোধন
দেশীয় উপাদানে জৈব বালাইনাশক উন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ : শিক্ষামন্ত্রী