বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা
গত ৫ অক্টোবর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে এ সরকার ও হিমসিম খেয়ে যাচ্ছে। খুচরা বাজারে একশত টাকা কেজির নীচে কোন সবজী নেই। ইলিশ মাছের কেজি এ দুর্গা পূজার সময় বড় সাইজ ২৭০০ টাকা পর্যন্ত হয়েছে। সাধারণ মানুষের হাহাকারে স্পষ্ট হয় যে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি পতিত আওয়ামী লীগের জন্য কতোটা চ্যালেঞ্জ তৈরি করেছিল।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ ২০০৯ সালের শুরুতে ক্ষমতাসীন হবার পর থেকে পরপর তিন মেয়াদে গত ১৫ বছর সরকার পরিচালনা করেছিল। বাংলাদেশের ইতিহাসে এতো দীর্ঘ সময় একটানা আর কোনো দলের ক্ষমতায় থাকার নজির নেই। প্রতিবার নির্বাচনি ইশতেহারে জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার করা হলেও এই দেড় দশকের শাসনামলে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে কয়েকগুণ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএসের তথ্য পর্যালোচনা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) নিজেদের উদ্যোগে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে করা সাম্প্রতিক এক জরিপ থেকে জানা যায়, খাদ্য মূল্যস্ফীতি চলতি বছর রেকর্ড ১৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির তথ্যমতে, দেশে গত পাঁচ বছরে শুধু ভোগ্যপণ্যের দাম ৩১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এতদিন ধরে দলটির নেতারা দাম বাড়ার পেছনে করোনা পরবর্তী পরিস্থিতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশ্ববাজারে পণ্যের দামে ওঠানামা, ডলার সঙ্কটের যুক্তি দাঁড় করেছিল। কিন্তু দেখা গিয়েছে দাম আগের মতোই বাড়তি। অন্যদিকে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর দাম বিশ্ব বাজারে কমলেও বাংলাদেশের বাজারে তার প্রতিফলন নেই। সিপিডির গবেষণা বলছে চাল, চিনি, সয়াবিন তেল, গরুর মাংসের দাম বিশ্ব বাজারের তুলনায় বাংলাদেশে বেশি। এমন অবস্থায় পতিত আওয়ামী লীগ সরকার বাজারের লাগাম টানতে বিভিন্ন সময়ে ভোগ্যপণ্যের দাম বেঁধে দিয়ে, অভিযান চালিয়ে, জরিমানা করে, বিদেশ থেকে পণ্য আমদানিসহ নানা উদ্যোগ নিলেও পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। অর্থনীতি ও বাজার- এ দুই জায়গায়ই তৈরি হয়েছে অসাধু ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট। যার কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছে এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ বাজার করতে গিয়ে এখন কাঁদছে। এমনিতেই ১৯৫৩ সালে প্রণীত মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি-বিরোধী আইন রয়েছে। ২০০৯ সালে প্রণীত হয় ভোগ্যপণ্য সংরক্ষণ আইন। সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে ২০১২ সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং ২০১৬ সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। ২০১৮ সালে কৃষিপণ্য বাজারজাতকরণ আইন প্রণীত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, প্রচলিত আইনগুলো প্রয়োগে যে বিচারিক ব্যবস্থা দরকার সেগুলো অনেক সময় কাজ করে না। এই লাগাম দাম বাড়ার পেছনে, বাজার ব্যবস্থাপনায় সরকারের নিয়ন্ত্রণের অভাব এবং বাজারে চাহিদা ও যোগান সম্পর্কিত তথ্যে স্বচ্ছতার অভাব থাকাকে দুষছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
তার মতে, পতিত আওয়ামী লীগ সরকার সমস্যাগুলো সনাক্ত করলেও এগুলো সমাধানে যে পূর্ণাঙ্গ অর্থনৈতিক কৌশল প্রণয়নের প্রয়োজন সে বিষয়ে কিছু করেনি। তারা কোন কাঠামোগত সংস্কারে যায়নি।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব নিত্য-পণ্যের দামের যে তালিকা দিয়েছে সেখান থেকে গত ১৫ বছরের হিসেবে দেখা যায় নিত্য পণ্যের দাম বেশিরভাগ ক্ষেত্রেই ছিল ঊর্ধ্বমূখী। ক্যাবের তালিকা, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার দরের তালিকা থেকে মোটা চালসহ এমন নয়টি পণ্যের দাম ধাপে ধাপে কিভাবে এই পর্যায়ে এসেছে । অন্যদিকে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) মতে, ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালে পাঁচ বছর ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে ৩০ শতাংশ। এখন মোটা চাল ৬২ টাকা। থাইল্যান্ড ও ভিয়েতনামের চাইতে বাংলাদেশে চালের দাম বেশি। এদিকে ক্যাবের তালিকা অনুযায়ী, প্রতি কেজি মসুর ডালের দাম ২০০৯ সালে ছিল কেজি-প্রতি গড়ে ১১১ টাকা। যা বর্তমানে বিক্রি হচ্ছে জাত ভেদে ১২০ থেকে ১৫০ টাকার মধ্যে। তবে গত বছরের শেষে আলুর দাম রেকর্ড পরিমাণ বেড়ে কেজি প্রতি ৬৫ থেকে ৭০ টাকায় দাঁড়ায়। তবে বর্তমানে আলুর দাম প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকার মধ্যে রয়েছে।
গত বছর মুরগীর ডিমের দাম রেকর্ড বেড়ে প্রতি হালি ৬০ টাকা। টিসিবির হিসাবে বর্তমানে এই দামই বহাল আছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকায়। এমন দামের কারণে স্বল্প আয়ের মানুষেরা শুধুমাত্র কোরবানির ঈদে গরুর মাংস খাওয়ার আশা করেন।
ব্রয়লার মুরগীর দাম সব রেকর্ড ছাড়িয়ে যায়। প্রতি কেজি দাম বেড়ে দাঁড়ায় ২৩৫ থেকে ২৪০ টাকায়। সিপিডির তথ্য বলছে, গত পাঁচ বছরে ব্রয়লার মুরগীর দাম ৬০ শতাংশ বেড়েছে। সিপিডির তথ্য বলছে, গত পাঁচ বছরে খোলা সয়াবিন তেলের দাম ৮৪ শতাংশ বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮০ টাকা। ২০১৯ সালের শেষ দিকে পেঁয়াজের দাম বিগত সব রেকর্ড ভেঙে ২৫০ টাকা কেজিতে দাঁড়ায়। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ১২৫ টাকায় দাঁড়িয়েছে। সিপিডির তথ্য বলছে, গত পাঁচ বছরে পেঁয়াজের দাম ১৬৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে রশুনের দাম বেড়েছে ৩১০ শতাংশ, যা সর্বোচ্চ। এছাড়া শুকনো মরিচ ১০৫ শতাংশ, আদা ২০৫ শতাংশ এবং গুড়ো হলুদের দাম ৭০ শতাংশ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করে। যা দেশের বাজারে চিনির দামে রেকর্ড। বিশ্ববাজারে গড়ে পণ্যটি বিক্রি হয়েছে প্রতি কেজি ৫০ টাকায়। ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য বড় ধরনের ব্যর্থতা বলে মনে করেন অর্থনীতিবিদ। সিপিডির গবেষণা বলছে, ২০১৯ সাল থেকে খাদ্য মূল্যস্ফীতি অস্বাভাবিক ছিল। মানুষের আয় কম হলেও খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করতে হচ্ছে। মি. ভট্টাচার্যের মতে, খাদ্য মূল্যস্ফীতির কারণে মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের আহারের পরিমাণ কমিয়ে এনেছে। এ কারণে তারা আগে যে পরিমাণ পুষ্টি পেত, শিক্ষা-স্বাস্থ্যে খরচ করতো, সেটা আর পারছে না। সরকার কম দামে মানুষকে খাদ্য সহায়তা দিতে যেসব সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। সেখানেও দুর্নীতি রয়েছে বলে তিনি জানান। আবার যেসব পণ্যের দাম খুব একটা বাড়ছে না, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে পণ্যের পরিমাণ কমিয়ে দেয়া হচ্ছে।
লেখক: সাংবাদিক, কলামিস্ট ও কবি।
এমএসএম / এমএসএম
অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
শিরোনাম- রাজনৈতিক দল নিষিদ্ধকরণ! ভবিষ্যতের জন্য সুফল নাকি ঝুঁকি বাড়াবে
আকাশপথে স্বাধীনতার নতুন দিগন্ত: শাহজালাল বিমানবন্দরে ফ্রান্সের অত্যাধুনিক রাডারের যাত্রা শুরু
চট্টগ্রামে আধুনিক হাসপাতাল স্থাপন অপরিহার্য
বিদেশে ক্রুড অয়েল টোল ব্লেন্ডিং: জ্বালানি নিরাপত্তার সঙ্গে ৫০০০ কোটি টাকা সাশ্রয়ের কৌশল!
কৃষি কার্ড ভালো উদ্যোগ, তবে চ্যালেঞ্জও আছে
“মরিলেও মরা নহে, যদি লোকে ঘোষে”
অর্ধেক পাগল, অর্ধেক ভালো-মতপার্থক্যের সীমা কোথায়?
অক্ষয় তৃতীয়া: অবিনশ্বর পুণ্য ও সমৃদ্ধির শাশ্বত আবাহন
হরমুজ প্রণালীতে ট্রাম্পের "ডেথ-ব্লক" ও ইরানের "ইউয়ান-টোল" ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক ধসের অপেক্ষায় বিশ্ব
বিশ্বাস-অবিশ্বাসে ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা
পহেলা বৈশাখ: সম্প্রীতির উৎসবে রাজনীতির ঊর্ধ্বে এক বাঙালি সত্তা