ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

সাতকানিয়ায় ভাংতি টাকার অজুহাতে হাসপাতালের টিকিট বাণিজ্যে প্রতি মাসে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ টাকা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১:২৭

সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসার জায়গা সরকারি হাসপাতাল। সামান্য টাকার বিনিময়ে চিকিৎসা সেবা পাওয়ার সুযোগই মূলত সাধারণ মানুষকে এসব হাসপাতালে আসতে উদ্বুদ্ধ করে। কিন্তু সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।

ওই হাসপাতালের বহির্বিভাগে টিকিট বাণিজ্যের অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তিন টাকার টিকিটের ভাংতি না থাকার অজুহাতে রোগীদের কাছ থেকে নিয়মিতভাবে আদায় করা হচ্ছে পাঁচ টাকা। রোগীদের অসহায়ত্বের সুযোগে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বর্তমানেও এ কার্যক্রম অব্যাহত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনরা। এছাড়া, অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের কাছ থেকে এক থেকে দুই হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা সেখানে দায়িত্বে থাকা কর্মচারীর মাধ্যমে এই অতিরিক্ত অর্থ আদায় করছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে চিকিৎসা নিতে রোগীদের কাউন্টার থেকে টিকিট নিতে হচ্ছে। রোগীরা দীর্ঘ লাইন ধরে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করছেন। টিকিট কাউন্টারে ইমতিয়াজ এবং হারাধন নামে দুই ব্যক্তি রোগীদের টিকিট দিচ্ছেন। তারা প্রত্যেক রোগীর কাছ থেকে তিন টাকা মূল্যের টিকিটের জন্য পাঁচ টাকা করে আদায় করছেন। এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ রোগী সেবা নেন। এর মানে দাঁড়াচ্ছে প্রতিদিন রোগীদের কাছ থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে। মাস শেষে এ অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০ থেকে ৩৬ হাজার টাকা। অর্থাৎ বছরে প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লক্ষ টাকা রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ইমতিয়াজ ও হারাধন বলেন, ভাংতি না থাকায় রোগীদের কাছ থেকে পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আলাপ করতে বলেন তারা। বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা গ্রাম থেকে স্বামী জালাল আহমদকে ডাক্তার দেখাতে এসেছেন স্ত্রী রওশন আক্তার। তিনি বলেন, "আমি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য কাউন্টারে একটি দশ টাকার নোট দিয়েছি। তারা আমাকে একটি টিকিট দিয়েছে, সাথে পাঁচ টাকা ফেরত দিয়েছে।" হাসপাতালের বহির্বিভাগে কথা হয় পদুয়া ইউনিয়নের বৃদ্ধ সরোয়ার কামাল, মাদার্শা ইউনিয়নের বুলু আক্তার ও ঢেমশা ইউনিয়নের হাবিবা আক্তারের সঙ্গে। তারা প্রত্যেকে জানান, তারা প্রায় সময় এ হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। টিকিটের মূল্য কত টাকা সেটা তারা জানেন না। তবে তাদের কাছ থেকে প্রতিটি টিকিটের মূল্য পাঁচ টাকা করে নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মচারী জানান, কাউকে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল আনা হলে তাদের স্বজন থেকে এক থেকে দুই হাজার টাকা নেওয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকগণ সেখানে দায়িত্বে থাকা কর্মচারীর মাধ্যমে এই অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। বর্তমানে এটি এক প্রকার রীতিনীতিতে পরিণত হয়েছে। সুশীল সমাজের প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম বলেন, "মানুষ সরকারি হাসপাতাল বেছে নেয় কম খরচের কারণে। অথচ শুরুতেই যখন বাড়তি টাকা গুনতে হয়, তখন সেই আস্থার জায়গাটি নষ্ট হয়। তিন টাকার টিকিট পাঁচ টাকা নেওয়া মানে শুধু অনিয়ম নয়, বরং সাধারণ মানুষের প্রতি প্রতারণা। এভাবে প্রতি বছর লাখ লাখ টাকা জনগণের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে। এই অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে।"

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন বলেন, "ভাংতি না থাকার কারণে বহির্বিভাগে টিকিটের মূল্য পাঁচ টাকা নেওয়া হচ্ছে। যারা ভাংতি দিচ্ছেন তাদের কাছ থেকে তিন টাকাই রাখা হচ্ছে। আর জরুরি বিভাগে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।" চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, "রোগীদের কাছ থেকে তিন টাকার বেশি আদায় না করার জন্য প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বলে দেওয়া আছে। ভাংতি টাকা না থাকার অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। হাসপাতাল সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এমএসএম / এমএসএম

ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত

রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই

সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড

৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২

মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ