রায়গঞ্জে সড়ক ধসে সৃষ্টি হয়েছে বড় গর্তের, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সদর থেকে জেলা সদরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের চকনুর বাজার এলাকায় একটি বড় অংশ ধসে বিপজ্জনক গর্ত তৈরি হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও যানবাহনচালককে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকলেও এখনো সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া স্থানে প্রায় তিন ফুট গভীর গর্তের নিচে বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে। সাময়িকভাবে বালুর বস্তা, ইট এবং পাথর ফেলে সতর্কতা নেওয়া হলেও তা কার্যকর নয়। বিশেষ করে রাতে আলো কম থাকায় এবং বর্ষার সময় পানি জমে গেলে গর্তটি চেনা কঠিন হয়ে পড়ে—যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করছে।
স্থানীয় দোকানদার ইকবাল হোসেন বলেন, “দুই সপ্তাহ ধরে মানুষ ভয় নিয়ে এই রাস্তা পার হচ্ছে। সামান্য অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আল-আমিন হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী, কৃষিপণ্যসহ প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অথচ এখনো সংস্কার কাজ শুরু হয়নি—এটা অত্যন্ত দুঃখজনক।”
স্থানীয়দের অভিযোগ—সড়কের নিচে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ধীরে ধীরে ভিত্তি দুর্বল হয়ে রাস্তা ধসে গেছে। তাই শুধু সাময়িক মেরামত নয়, স্থায়ী সমাধান প্রয়োজন বলে দাবি তাদের।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, “সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় কাজের নকশা প্রক্রিয়াধীন। খুব দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”
তিনি আরও জানান, “সিরাজগঞ্জ থেকে চান্দাইকোনা পর্যন্ত পুরো সড়কটি দুই লেনে উন্নীত করার জন্য একনেকে একটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন হয়েছে।”
সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ভিপি আয়নুল হক জানান, “এই সড়কটি রায়গঞ্জ-তারাশ ও সিরাজগঞ্জের মানুষের প্রধান যোগাযোগ পথ। অথচ মানুষের জান-মালের নিরাপত্তা বিবেচনা না করে রাস্তাটি অবহেলায় ফেলে রাখা হয়েছে—এটা উন্নয়ন নয়, মানুষের সাথে অবিচার। আমি দাবি করছি—দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে দ্রুততম সময়ের মধ্যে এখানে জরুরি মেরামত কাজ শুরু করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “এই এলাকায় উন্নয়ন হলে জনগণ লাভবান হবে, তাই শুধু প্রতিশ্রুতি নয়—কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।”
এদিকে ঝুঁকিতে থাকা যাত্রী ও স্থানীয়দের একটাই দাবি— “দুর্ঘটনা ঘটার অপেক্ষা নয়, এখনই সড়কটি সংস্কার করা হোক।”
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার