পুলিশ বলছে সত্যতা মেলেনি
দাউদকান্দিতে জমি বিরোধে চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্তে এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো সত্যতা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দাউদকান্দি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, জমি নিয়ে চলমান বিরোধের জেরে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা চাঁদাবাজির অপবাদ দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে শাহাদাৎ হোসেন জানান, তিনি ২০১৮ সালে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামে পুকুর ও বাড়িসহ ৭৭ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে ওই জমি নিয়ে স্থানীয় বাসিন্দা জুলফিকার আলীর সঙ্গে দেওয়ানি মামলা শুরু হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
তিনি বলেন, মামলা চলমান থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জুলফিকার আলী ওই জমিতে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনের পর স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদি গ্রামের আলী আহাম্মদের ছেলে জুলফিকার আলীর সঙ্গে তার চাচাদের দীর্ঘদিন ধরে সম্পত্তি বণ্টন নিয়ে বিরোধ চলছে। এ অবস্থায় তার এক চাচি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শাহাদাৎ হোসেনের কাছে ২০১৮ সালে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে পুকুর-বাড়িসহ ৭৭ শতাংশ জমি হস্তান্তর করেন।
এই জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা চলছে এবং আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞাও রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি মামলা চলমান অবস্থায় জুলফিকার আলী ভবন নির্মাণের উদ্যোগ নিলে শাহাদাৎ হোসেন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। পরে জুলফিকার আলী ও তার স্ত্রী তাহমিনা জাহাঙ্গীর শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।
পরবর্তীতে তাদের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজে ছড়িয়ে পড়লে এলাকায় বিভ্রান্তির সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধকে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ হিসেবে প্রচার করলে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তারা এ ধরনের অপপ্রচারের নিন্দা জানান।
এ বিষয়ে জুলফিকার আলী বলেন, তারা নিজেদের জায়গায় বাড়ি নির্মাণ করতে গেলে বাধার সম্মুখীন হচ্ছেন। গত বুধবার শাহাদাৎ নামের এক ব্যক্তি ভাড়া করা লোকজন নিয়ে এসে নির্মাণকাজে বাধা দেন এবং ভাঙচুর করেন বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তার দাদার প্রায় ২৩ একর সম্পত্তির ওয়ারিশ তার বাবা ও চাচাসহ ছয়জন। শাহাদাৎ হোসেন তার এক চাচির কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ৭৭ শতাংশ জমির মালিকানা দাবি করছেন। এ জমি নিয়ে ওয়ারিশদের মধ্যে বণ্টননামা ও খতিয়ান সংশোধনের মামলা আদালতে চলমান রয়েছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ চালানোর বিষয়ে জুলফিকার আলী বলেন, তারা মামলার বিষয়টি তেমন বোঝেন না। আদালতে মামলার তারিখের আগে প্রশাসনের মাধ্যমে নিষেধাজ্ঞা এনে তাদের হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
বিটেশ্বর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, চন্দ্রশেখরদি গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে অংশীদারদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে বলে তিনি শুনেছেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, এটি মূলত জায়গা-জমি সংক্রান্ত বিরোধ। চাঁদাবাজির মতো কোনো ঘটনার সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সতর্ক রয়েছে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত