শরণখোলায় তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন;
বাগেরহাটের উপকূলীয় উপজেলা শরণখোলায় এখন এক আতঙ্কের নাম লোডশেডিং। একদিকে গ্রীষ্মের রেকর্ডভাঙা তীব্র তাপদাহ, অন্যদিকে দিন-রাত মিলিয়ে ১২ থেকে ১৩ ঘণ্টার একটানা বিদ্যুৎহীনতা—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হচ্ছেন উপজেলার প্রায় দেড় লাখ মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন পরীক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণ।
চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া হাজারো শিক্ষার্থীর চোখে-মুখে এখন চরম অনিশ্চয়তা। ২৬ এপ্রিল (রবিবার) রায়েন্দা বাজারের পরীক্ষার্থী জুয়েল ও সুমাইয়া আক্তার জানান, কড়া রোদে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর একটু বিশ্রামেরও সুযোগ মিলছে না। তীব্র গরমে পড়ার টেবিলে মন বসানো অসম্ভব হয়ে পড়েছে, যা তাদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে।
বিদ্যুতের এই ভয়াবহ সংকটের সরাসরি প্রভাব পড়েছে স্থানীয় চিকিৎসাসেবায়। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আকলিমা বেগম জানান, ভ্যাপসা গরমে ওয়ার্ডের ভেতরে টেকা দায়। সবচেয়ে হৃদয়বিদারক চিত্র দেখা গেছে গ্রামীণ হাসপাতালে। সেখানে সিজারের মাধ্যমে একদিন আগে মা হওয়া মুন্নী আক্তার ও তার নবজাতক সন্তান অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে সময় পার করছেন। অস্ত্রোপচারের পর নিরবচ্ছিন্ন বিদ্যুতের অভাবে মা ও শিশু উভয়েই ঘেমে অস্থির হয়ে পড়ছেন, যা থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে।
উপজেলার অর্থনীতির মূল চালিকাশক্তি মৎস্য খাতও এখন খাদের কিনারে। বিদ্যুতের অভাবে স্থানীয় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্রে তীব্র বরফ সংকট দেখা দিয়েছে। মৎস্য আড়তদার মো. দেলোয়ার ফরাজী আক্ষেপ করে বলেন, "বরফ কলগুলোতে ঠিকমতো বরফ জমতে পারছে না। ফলে সাগর থেকে আসা কোটি কোটি টাকার মাছ সময়মতো সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। আমাদের বিনিয়োগ এখন চরম ঝুঁকির মুখে।" শুধু মৎস্য খাতই নয়, উপজেলার শতাধিক করাত কলসহ অসংখ্য ক্ষুদ্র কলকারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম।
বিদ্যুতের এই ভয়াবহ সংকটের কথা স্বীকার করে পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা উপজেলা সাব-জোনাল অফিসের এজিএম রাগিব আল হাসান জানান, উপজেলায় বিদ্যুতের মোট চাহিদা ১৩ মেগাওয়াট হলেও জাতীয় গ্রিড থেকে সরবরাহ মিলছে মাত্র ৬ থেকে ৭ মেগাওয়াট। তিনি বলেন, "সদরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সরবরাহ সচল রাখতে বাধ্য হয়ে রাতে গ্রামীণ ফিডারগুলো বন্ধ রাখতে হচ্ছে, ফলে গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বেশি।"
দাবদাহ আর লোডশেডিংয়ের এই দ্বিমুখী সংকট থেকে দ্রুত উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন শরণখোলাবাসী।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন