ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীর আগারগাঁওয়ে তেল নিয়ে তেলেসমাতি ব্যবসা


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ২:১২

বিশ্বব্যাপী তেল নিয়ে যে হাহাকার চলছে বাংলাদেশ হয়তো তার বড় উদাহরণ! তবে সংকট যতই গভীর হোক না কেন তেল নিয়ে তেলেসমাতি ব্যবসা করছে চোরাই তেল ব্যবসায়ী রমজান ও তার সিন্ডিকেট। 

রাজধানীর আগারগাঁওয়ে বিএনপি বাজার সংলগ্ন জাতীয় বিজ্ঞান জাদুঘরের সামনে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল করে প্রকাশ্যে চোরাই তেলের ব্যবসা করছে রমজান ও তার সঙ্গীরা। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগারগাঁওয়ে অবস্থিত বিভিন্ন সরকারী অফিসের গাড়ি চালকরা গোপনে এসে এখানে তেল বিক্রি করে। সরকারী ছুটির দিনসহ সব সময়ই এখানে চোরাই তেলের রমরমা ব্যবসা চলে। সরকারী প্রতিষ্ঠানের গাড়ী ছাড়াও বেসরকারি বিভিন্ন কোম্পানীর গাড়ী চালকরা রমজানের চোরাই তেলের আস্তানায় নিয়মিত আসে এবং তেল বিক্রি করে।

দৈনিক সকালের সময়ের অনুসন্ধানী টিমের সদস্যরা পরিচয় গোপন রেখে কথা বলে 
রমজানের দোকানের কর্মচারী শাকিলের সাথে। রমজানের বিশ্বস্ত কর্মচারী শাকিল জানায়, পার্শ্ববর্তী এলাকা তালতলার হাসান ফিলিং স্টেশনসহ রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন থেকে গোপনে 
তেল কিনে তারা উচ্চ মূল্যে বিক্রি করে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে। সরকারী-বেসরকারী গাড়ি থেকে নিয়মিত মোটা অংকের টাকায় তেল কেনে বলে জানায় কর্মচারী শাকিল। এছাড়া, বিভিন্ন মাধ্যম থেকেও তাদের কাছে নিয়মিত তেল আসে বলে জানায় সে। 

নিয়ম অনুযায়ী নিষিদ্ধ এমন ব্যবসায় কারো সাহায্য নিতে হয় কিনা কিংবা চাঁদা দিতে হয় কিনা জানতে চাইলে বেশ আত্ববিশ্বাসের সাথে শাকিল জানায়, স্থানীয় শেরেবাংলা নগর থানাকে প্রতি মাসে দিতে হয় ৩০ হাজার টাকা। তার মধ্যে শেরেবাংলা থানার ওসি নেন ১৫ হাজার টাকা। এছাড়া বিট পুলিশের গাড়িকে প্রতিদিন দিতে হয় ২০০ টাকা। স্থানীয় প্রভাবশালীদেরও টাকা দিয়ে ম্যানেজ করতে হয় বলে জানায় চোরাই তেল ব্যবসায়ী রমজানের বিশ্বস্থ সহচর শাকিল। ক্ষমতাসীন রাজনৈতিক দলের লোকেরাও এই তেলের ব্যবসা থেকে নিয়মিত আর্থিক সুবিধা নেয় বলে জানায় সে।

রমজানের চোরাই তেলের ব্যবসায় রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে কিনা জানতে চাইলে ২৮ নং ওয়ার্ড ইউনিট বিএনপির নেতা নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি ঘোলাটে করার জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে জড়ানো হচ্ছে। বিএনপি'র কোন নেতা-কর্মী রমজানের এই ব্যবসার সাথে জড়িত নেই বলে দাবি করেন বিএনপি নেতা নাজিম উদ্দিন।
তিনি বলেন, দীর্ঘ সময় থেকেই এই এলাকায় চোরাই তেলের ব্যবসা পরিচালনা করছে রমজান।  

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ এমন ব্যবসা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এমন অবৈধ ব্যবসার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, কয়েকদিন আগেও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলসহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকা এ বিষয়ে নিউজ করলেও চোরাই তেলের আস্তানা বন্ধের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি স্থানীয় প্রশাসন। প্রকাশ্যে দিনের পর দিন, মাসের পর মাস এভাবে অবৈধ উপায়ে তেলের ব্যবসা পরিচালনা করছে এই সিন্ডিকেট অথচ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না- এমন পরিস্থিতিকে বেশ রহস্যজনক বলে মনে করেন স্থানীয়রা।

গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে চোরাই তেলের সংবাদ সংগ্রহ করতে এসে মারধর এবং হয়রানির শিকার হতে হয় সাংবাদিকদের। এই ঘটনার পরও স্থানীয় শেরেবাংলা নগর থানাকে 
দৃষ্টান্তমূলক কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে জানান ভুক্তভোগী সংবাদকর্মীরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় সরকারি রাস্তা দখল করে প্রকাশ্যে এমন অবৈধ ব্যবসা পরিচালনা প্রসঙ্গে শেরেবাংলা নগর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মনীতি বহির্ভূত ব্যবসা পরিচালনা করতে দেয়া হবে না। দ্রুত এ বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

রাজধানীর আগারগাঁওয়ে তেল নিয়ে তেলেসমাতি ব্যবসা

রাজউকের উচ্ছেদ অভিযান: মিরপুর ও শেওড়াপাড়ায় নকশা বহির্ভূত ৯ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত