উত্তরায় ফুটপাত দখলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ, ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক
রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ফুটপাত দখল ও চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং অস্ত্রের মহড়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ককটেল বিস্ফোরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো উত্তরা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর চাঁদাবাজির প্রতিবাদে শতাধিক হকার ও দোকানদার বিক্ষোভ মিছিল করেন।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ জুন রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুর-রাজলক্ষ্মী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানের পর ফুটপাতের জায়গা পুনর্দখল ও নতুন করে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।
শুক্রবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়ক, আজমপুর আমির কমপ্লেক্সের পেছনের এলাকায় ডিএনসিসি সম্প্রতি উচ্ছেদ অভিযান চালিয়ে বেশ কয়েকটি ভ্যান ও অস্থায়ী দোকান সরিয়ে দেয়। তবে উচ্ছেদের পরপরই একটি পক্ষ সেখানে নতুন করে দোকান বসানোর উদ্যোগ নেয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়েই পুরোনো ও নতুন পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে একটি পক্ষ রাতে এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে এখনো ভীতি বিরাজ করছে।ফুটপাতের কয়েকজন ভুক্তভোগী দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন। তাদের দাবি, গত বছরের ৫ আগস্টের পর দীর্ঘ সময় কোনো ধরনের চাঁদা দিতে হয়নি। তবে গত কয়েক মাস ধরে একটি প্রভাবশালী চক্র মাসোহারা দাবি করে আসছে।
তাদের অভিযোগ, ডিএনসিসির উচ্ছেদ অভিযানকে সুযোগ হিসেবে ব্যবহার করে পুরোনো দোকান সরিয়ে নতুন লোকজনকে বসানোর চেষ্টা করা হচ্ছে।এক দোকানদার বলেন, “আমরা বহু বছর ধরে এখানে ব্যবসা করে পরিবার চালাচ্ছি। যদি সরকার আমাদের সরিয়ে দিতে চায়, তাহলে আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক। কিন্তু একটি পক্ষ কেন আমাদের উচ্ছেদ করে নতুন দোকান বসাবে? বসলে আমরাই বসব, না হলে কেউ বসবে না।
সরেজমিনে কথা হয় কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। তারা জানান, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক পরিবার রাতভর উদ্বেগের মধ্যে সময় কাটায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, ফুটপাত নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পক্ষের মধ্যে অঘোষিত প্রতিযোগিতা চলে আসছে। তবে সাম্প্রতিক ঘটনাটি পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে।এদিকে ঘটনার পর উত্তরা পশ্চিম থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাতুল হকারদের ডাকে ঘটনাস্থলে যান।
তিনি বলেন, আমি এই এলাকার বাসিন্দা। অনেকেই বিভিন্ন বিষয়ে আমার কাছে আসে। আমি ২০১৮ সালে ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলাম এবং ২০২২ সালে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হই। ডিএনসিসির উচ্ছেদ অভিযানে দোকানগুলো সরিয়ে দেওয়ার পর একজন দোকানদার আমাকে ফোন করে জানান,তার দোকান কে বা কারা নিয়ে চলে গিয়েছে এবং পুরোনো দোকান সরিয়ে সেখানে নতুন দোকান বসানোর চেষ্টা চলছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই।
স্থানীয়দের মতে, ডিএনসিসির উচ্ছেদ অভিযানের পর ফুটপাত ব্যবস্থাপনা ও পুনর্দখল ঠেকাতে কার্যকর নজরদারি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, উচ্ছেদের পরপরই প্রভাবশালী মহল ফুটপাত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে, যা সংঘাতের অন্যতম কারণ।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। একই সঙ্গে ফুটপাতে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি উঠেছে।
এমএসএম / এমএসএম
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই