দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর ‘পাগলা মৌজা’য় স্থাপনের দাবি স্থানীয়দের
ময়মনসিংহের নবগঠিত ‘দক্ষিণ গফরগাঁও উপজেলা’র প্রশাসনিক কার্যালয় ও আনুষঙ্গিক সরকারি দফতরসমূহ ভৌগোলিক কেন্দ্রস্থল ‘পাগলা মৌজা’য় (পাগলা থানা সংলগ্ন ১৬৩ নং জে.এল) স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে 'দক্ষিণ গফরগাঁও উপজেলা সর্বস্তরের জনগণ'-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সর্বস্তরের মানুষের পক্ষে এই দাবি উত্থাপিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্যের আহ্বায়ক, অবিভক্ত গফরগাঁও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মাহাবুর রহমান ফুরকান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহের পাগলা থানাধীন ৮টি ইউনিয়ন নিয়ে 'দক্ষিণ গফরগাঁও উপজেলা' গঠনের প্রশাসনিক অনুমোদন দেওয়ায় স্থানীয় জনমনে আনন্দের জোয়ার বহেছিল। তবে ভৌগোলিক বাস্তবতা ও সর্বসাধারণের যাতায়াত সুবিধা সম্পূর্ণ উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্যের নিজ বাসভবনের নিকটবর্তী ‘নয়াবাড়ী মৌজা’য় সদর দফতর স্থাপনের যে প্রক্রিয়া চালানো হচ্ছে, তা সাধারণ মানুষকে চরম হতাশ ও ক্ষুব্ধ করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, সুযোগ-সুবিধার চরম বৈষম্য তৈরি করে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমান পাগলা থানা সংলগ্ন ‘পাগলা মৌজা’য় সদর দফতর স্থাপিত হলে উপজেলার ৮টি ইউনিয়নের মানুষ সমানভাবে প্রশাসনিক ও নাগরিক সুবিধা পাবেন। কিন্তু নয়াবাড়ী মৌজায় সদর দফতর করা হলে অন্তত ৬টি ইউনিয়নের মানুষকে সাধারণ একটি সেবার জন্য প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হবে। এ ছাড়া দ্রুত প্রশাসনিক কাজ শুরুর সুবিধার্থে স্থানীয় বাসিন্দারা সম্পূর্ণ বিনা ভাড়ায় অন্তত ২০টি বড় স্থায়ী ভবন এবং সরকারি অবকাঠামো নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি সরকারকে বিনামূল্যে প্রদান করতে প্রস্তুত রয়েছেন। সাধারণ জনগণের ওপর জোর করে এমন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টাকে ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন বক্তারা।
সংবাদ সম্মেলন থেকে সরকারের নীতিনির্ধারণী মহলের কাছে প্রধান ৩টি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো—৮টি ইউনিয়নের মধ্যবর্তী স্থান ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত 'পাগলা মৌজা'তেই স্থায়ী ও অস্থায়ী সদর দফতর স্থাপন করা, ব্যক্তিগত সুবিধার্থে নেওয়া স্থান নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করে উচ্চপর্যায়ের নিরপেক্ষ কমিটির মাধ্যমে বাস্তবভিত্তিক স্থান নির্বাচন করা এবং দক্ষিণ গফরগাঁওয়ের ৯৫ ভাগ মানুষের গণদাবি ও যাতায়াত সুবিধার প্রতি শ্রদ্ধাশীল হয়ে চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা। সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অবিলম্বে এই ন্যায়সংগত দাবি মেনে নেওয়া না হলে দক্ষিণ গফরগাঁওয়ের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ ও সড়কপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সদস্য ও নিগুয়ার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বাবুল এবং সদস্য আবু সাঈদ। এ ছাড়া সংবাদ সম্মেলনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ