চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর
পালমেইরাসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর দরকার ছিল সান্তোসের। যদিও সেটা বেশ কঠিনই ছিল। তাদের বিপক্ষে কোপা দো ব্রাজিলের প্রথম লেগে ৩-০ ব্যবধানে হারের পর দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে নেইমার জুনিয়রের দল। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত করা সান্তোস আরও বড় ধাক্কা খায় দলের প্রধান এই তারকার ইনজুরিতে। যার জন্য অসমান মাঠকে দায়ী করেছেন নেইমার।
অবশ্য ভিলা বেলমিরো সান্তোসেরই নিজস্ব ভেন্যু। ঘরের মাঠের এমন অব্যবস্থাপনার জন্য নেইমার মাঠকর্মীদের ব্যঙ্গাত্মকভাবে ‘অভিনন্দন’ জানান। পালমেইরাসের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন তিনি। বিরতি পর্যন্ত কোনোভাবে মাঠে থাকলেও পরে আর খেলায় ফিরতে পারেননি। ড্রেসিংরুমে যাওয়ার পথে তাকে চোখের পানি মুছতে দেখা যায়।
ব্রাজিলিয়ান এই তারকার চোটের মাত্রা নিশ্চিত করতে চলতি সপ্তাহের শেষ দিকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এর আগে সান্তোসের হয়ে লিগের সর্বশেষ তিন ম্যাচেই শুরু থেকে খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে উঠতে বুধবারের ম্যাচে তাদের সামনে ছিল কঠিন সমীকরণ। কারণ আগেই তারা ৩-০ গোলে পিছিয়ে ছিল।
ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে সান্তোস কোচ কুকা জানান, ‘আমাদের তাকে ছাড়াই সামলাতে হবে।’ অবশ্য শুধু নেইমারই নন, পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। যা নিয়ে কোচ কুকা বলেন, ‘আমরা নেইমারকে হারিয়েছি, বারেয়ালকে হারিয়েছি, লুকাসকেও হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করি চোটগুলো গুরুতর নয় এবং তারা যত দ্রুত সম্ভব ফিরতে পারবে।’
চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করেছেন নেইমার। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে লিগ টেবিলের ১৪তম স্থানে আছে এবং অবনমন অঞ্চলের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। এর আগের মৌসুমেও জানপ্রাণ দিয়ে লড়ে সান্তোসকে অবনমন থেকে বাঁচিয়েছিলেন নেইমার। তখনও তিনি পুরোপুরি ফিট ছিলেন না।
এদিকে, চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ভিলা বেলমিরোর মাঠকর্মীদের সমালোচনা করে ৩৪ বছর বয়সী এই তারকা লেখেন, আগেরদিন মাঠের মাটি আলগা করার কারণে ম্যাচের দিন মাঠটি ‘গর্তে ভরা’ এবং তার দেখা সবচেয়ে খারাপ অবস্থায় ছিল।
নেইমারের অভিযোগ, প্রতিপক্ষের পাশাপাশি তাদের ‘মাঠের বিরুদ্ধেও’ খেলতে হয়েছে। অসমান মাঠের কারণে দৌড়ানোর সময় গতি বাড়ানো ও থামতে খেলোয়াড়দের বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার প্রসঙ্গ টেনে নেইমার ব্যঙ্গাত্মকভাবে মাঠকর্মীদের ‘অভিনন্দন’ জানান।
এমএসএম / এমএসএম
চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা
যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা
খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?
হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক
ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি
‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?
বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল
৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির
বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি
ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন
দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ