জার্মানির দুটি পৃথক স্কোয়াড ঘোষণা করলেন ক্লপ, বাদ ‘সর্বোচ্চ গোলদাতা’
উয়েফা নেশন্স লিগের চারটি ম্যাচকে সামনে রেখে প্রথমবার জার্মান জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে ইয়ুর্গেন ক্লপ। দুটি পৃথক স্কোয়াডে তিনি ৪৪ ফুটবলারকে ডেকেছেন। তবে সেখানে জায়গা হয়নি বিশ্বকাপে জার্মানির সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভের। একইসঙ্গে এটি অন্যান্য তারকা ফুটবলারদের জন্যও সতর্কবার্তা হতে পারে!
ক্লপের এই ‘ডাবল স্কোয়াড’ আসন্ন নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে ম্যাচগুলোকে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় দলে জায়গা ধরে রাখার দীর্ঘ এক পরীক্ষায় পরিণত করতে পারে। ফ্লোরিয়ান ভির্টজ ও কাই হাভার্টজের মতো তারকাদের সর্বোচ্চ দুটি ম্যাচে খেলানো হতে পারে। এর মাধ্যমে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি নিয়মিত খেলোয়াড়দের ওপর চাপ কমাতে চাইছেন ক্লপ।
আন্তর্জাতিক ফুটবলে ক্লপের শুরুটাও ছিল বেশ ব্যতিক্রমী। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, সমালোচনা যদি অতিরিক্ত হয়ে যায় কিংবা সংবাদমাধ্যমের হস্তক্ষেপ অসহনীয় পর্যায়ে পৌঁছে, তাহলে পদত্যাগের কথাও ভাবতে পারেন। এবার জার্মানির স্কোয়াড ঘোষণায়ও চাঞ্চল্য তৈরি করেছেন সাবেক এই লিভারপুল কোচ।
বৃহস্পতিবার ডাক পাওয়া অনেক খেলোয়াড়েরই এখনও জার্মানির সিনিয়র দলে খেলার অভিজ্ঞতা নেই। তাদের মধ্যে এলভার্সবার্গের মিডফিল্ডার ফেলিক্স কেইডেল ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফরোয়ার্ড ইউনেস এবনুতালিবের মতো খেলোয়াড় আছেন, যারা শীর্ষ বিভাগের ক্লাব ফুটবলেও মাত্র হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন।
নেশন্স লিগের লিগ পর্বে স্কোয়াডের ক্ষেত্রে একমাত্র বড় সীমাবদ্ধতা হলো– প্রতিটি ম্যাচের আগে মধ্যরাতের মধ্যে ২৩ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে হবে। তবে এক ম্যাচ থেকে পরের ম্যাচে খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ রয়েছে। বিশ্বকাপে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা হওয়া দেনিজ উন্দাভের জায়গা হয়নি দলে।
এমনকি গালাতাসারেই’র উইঙ্গার লেরয় সানেও ক্লপের স্কোয়াডে নেই। ফলে জার্মানির হয়ে তার ৮০ ম্যাচের অভিজ্ঞতার ঝুলি আপাতত আর বাড়ছে না। আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানির নেশন্স লিগ অভিযান শুরু হবে। তিন দিন পর (২৭ সেপ্টেম্বর) গ্রিস এবং ১ অক্টোবর সার্বিয়ার বিপক্ষে খেলবে জার্মানি। ক্লপের দল ৪ অক্টোবর আবারও গ্রিসের বিপক্ষে নামবে।
aliul / aliul
ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ