ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৬ দুপুর ২:৩৭

রেকর্ড সর্বোচ্চ আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি এবারও ব্যক্তিগত এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী। যেখানে তাকে তরুণদের পাশাপাশি ইংল্যান্ডের অভিজ্ঞ তারকা হ্যারি কেইনের সঙ্গেও লড়তে হচ্ছে। দেশটির কিংবদন্তি ডেভিড বেকহ্যাম অবশ্য নিজের উত্তরসূরীর চেয়ে মেসির হাতে ব্যালন দেখতে বেশি আগ্রহী। সেই কারণও ব্যাখ্যা করেছেন ইন্টার মায়ামির এই সহ-মালিক।

আগামী ২৬ অক্টোবর ঘোষিত হবে ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের নাম। ফরাসি ম্যাগাজিনের দেওয়া এই আকর্ষণীয় পুরস্কার জয়ের দৌড়ে বাজির বাজারে এগিয়ে আছেন কেইন। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬১ ম্যাচে ৭৩ গোল করেছেন তিনি। যদিও বিশ্বকাপে তার দলের যাত্রা থেমেছে সেমিফাইনালে।


আবার আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৮টি গোল করেন মেসি। যদিও স্পেনের বিপক্ষে একপেশে ম্যাচ হেরে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নদের এবার রানার্সআপেই সন্তুষ্ট থাকতে হলো। তবে বিশ্বকাপে আর্জেন্টাইন তারকার ‘বিশেষ’ পারফরম্যান্সই তার ব্যালন জয়ের বড় কারণ বলে মনে করেন সাবেক ইংলিশ তারকা বেকহ্যাম। ইন্টার মায়ামির অন্যতম মালিকের বিশ্বাস, এ বছর মেসি নবম ব্যালন ডি’অর জয় প্রাপ্য।

৩৯ বছর বয়সী মেসি বিশ্বকাপে আর্জেন্টিনাকে গোল ও অ্যাসিস্টে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গত বছর ইন্টার মায়ামিকে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়েছেন। গত বুধবার প্রথমবারের মতো ক্যাম্পেওনেস কাপও জিতেছে মায়ামি। তার হাত ধরে নতুন জোয়ার এসেছে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস)। 

মেসির ব্যালন জয় প্রসঙ্গে অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বেকহ্যাম বলেছেন, ‘আজ (ক্যাম্পেওনেস কাপ জয়ের দিন) রাতে তার এমন কিছু করা এবং বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখলে, আবারও ব্যালন ডি’অরের জন্য বিবেচিত হওয়া যে তার ভাগ্যের ব্যাপার নয়, সেটি বোঝা যায়। এটা ভাগ্যের বিষয় নয়, কারণ সে সম্ভবত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিল। গত বছরও তার বছরটি ছিল অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘সে বিশ্বকাপে এসেছিল এবং ৩৯ বছর বয়সে পুরো বিশ্বকাপ ও প্রতিটি ম্যাচে যেভাবে প্রভাব ফেলেছে, এটা বিশেষ কিছু। ৩৯ বছর বয়সে তার মতো করে ওই পর্যায়ে কেউই খেলছে না। তাই ব্যালন ডি’অরের জন্য তাকে বিবেচনা করাই উচিত। আমার মতে তারই এটি জেতা উচিত।’

মেসির মাইলফলক গোলে ক্যাম্পেওনেস কাপ জিতল মায়ামি

নিকটতম প্রতিদ্বন্দ্বী তারকাদের প্রসঙ্গ তুলে বেকহ্যাম বলেন, ‘হ্যারি কেইন, কিলিয়ান (এমবাপে), জুড বেলিংহ্যামের মতো দারুণ খেলোয়াড় এবং আরও অনেকে আছেন। কিন্তু লিওর কথা যখন আসে, তখন আমি তার সবচেয়ে বড় সমর্থক।’

aliul / aliul

বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী

আসিয়ান কাপে খেলতে ইন্দোনেশিয়া যাচ্ছেন কোন ২৩ ফুটবলার

এশিয়ান গেমসেও সেমিফাইনালে বাংলাদেশ–ভারত মুখোমুখি

এশিয়ান গেমসে বড় বিতর্ক, নারী-পুরুষ অ্যাথলেটকে দেওয়া হলো একই রুম

পুরো সিরিজেই একাদশের বাইরে সূর্যবংশী, ব্যাখ্যা দিলেন গম্ভীর

স্বদেশি তারকাকে বাদ দিয়ে মেসির পক্ষে বাজি বেকহ্যামের

ভারত থেকে হেলমেট আনছে বিসিবি

৩০ বলে সেঞ্চুরি করে অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে যারা

এশিয়ান গেমস : থাকার ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলিটরা

চেলসির পূর্ণ মালিকানা নিচ্ছে ক্লিয়ারলেক

বুমরাহকেই বিশ্বের সেরা বোলার মানছেন ইংলিশ পেসার

খালেদের আগুনঝরা বোলিং, জয়ের পথে কেন্ট