ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৫:৪৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস বিশেষ অভিযান চালানোর পাশাপাশি ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের আর নোটিশ না দিয়ে সরাসরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গত তিন মাস ধরে ডিএনসিসির বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা শনাক্ত ও ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক স্থাপনায় অভিযান চালিয়ে লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে।
আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তরকে ডেঙ্গুমুক্ত করার লক্ষ্যে প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে বলে জানান তিনি। তবে এ উদ্যোগ বাস্তবায়নে নগরবাসীর অংশগ্রহণ জরুরি বলে মনে করছে সিটি করপোরেশন।
এ লক্ষ্যে নগরবাসীকে সচেতন করতে একটি খোলা চিঠি দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে চিঠিটি নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক।
শফিকুল ইসলাম খান বলেন, শুধু সিটি করপোরেশনের কার্যক্রম দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা অপসারণে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
অন্যদিকে ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রশাসক। তিনি বলেন, ফুটপাত মানুষের চলাচলের জন্য। অথচ বিভিন্ন স্থানে তা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। দখলদারদের আগে নোটিশ দেওয়া হলেও অনেকে তাতে সাড়া দেননি।
এখন থেকে দখল পাওয়া গেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উচ্ছেদের পর একই স্থানে আবার অবৈধ স্থাপনা বসানো হলে পুনরায় অভিযান চালানোর কথাও বলেন প্রশাসক।
এ সময় মেট্রোরেলের পিলারে পোস্টার ও লিফলেট লাগানোর বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। নগরের সৌন্দর্য রক্ষায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের সব পিলার থেকে অবৈধ পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান প্রশাসক।
বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন শেষে মেট্রোরেলের নিচে ব্যবসায়ীদের ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য বিশেষ বিন স্থাপন করা হয়। পরে প্রশাসকের নেতৃত্বে সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে মিরপুর-১০ ফলপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা স্থানে পুনরায় অবৈধ স্থাপনা বসানো হলে আবারও অভিযান চালানো হবে বলে জানানো হয়।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক