বেসরকারি হাসপাতালের অনিয়ম প্রকাশের জেরে সম্পাদককে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ
রাজধানীর শনিরআখড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ‘দৈনিক স্বাধীন সংবাদ’ পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ব্ল্যাকমেইল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সম্পাদক মো. আনোয়ার হোসেন আকাশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন কদমতলী থানার রায়েরবাগ স্ট্যান্ড এলাকার বাসিন্দা আয়েশা সিদ্দিকা জেসিকা (৩৫) ও জাহিদ হাসান (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি শনিরআখড়াস্থিত ‘পপুলার হাসপাতাল’-এর নানা অনিয়ম তুলে ধরে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকায় একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ ও সংশ্লিষ্ট সাংবাদিক পনির আহাম্মেদকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগে সাংবাদিক পনির আহাম্মেদ আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
থানায় জিডি করার পর চক্রটি আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তারা বিভিন্ন সহকর্মীর মাধ্যমে বার্তা পাঠিয়ে জানায়, মোটা অঙ্কের টাকা না দিলে সম্পাদকের একটি আপত্তিকর ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে গত ২৩ অক্টোবর বিকেলে ‘অপসাংবাদিকদের মুখোশ উন্মোচন’ নামের একটি ফেসবুক পেজে সম্পাদকের বিরুদ্ধে নারী সাংবাদিককে কুপ্রস্তাব দেওয়ার মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে পোস্ট করা হয়।
ভুক্তভোগী সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বলেন, ‘যে নারীর কথা উল্লেখ করে অপপ্রচার চালানো হচ্ছে, তাঁকে আমি কোনো দিন দেখিনি এবং তিনি আমার কার্যালয়েও কখনো আসেননি। আমার পুরো অফিস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আমার ও আমার পত্রিকার সুনাম ক্ষুণ্ন করতেই নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর অজুহাতে এই ভিত্তিহীন পোস্ট দেওয়া হয়েছে।’ তিনি আরও অভিযোগ করেন, চক্রটি ফোন করে অনবরত হয়রানি করছে এবং লোক মারফত দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে সামাজিকভাবে হেয় করার ভয় দেখানো হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের টার্গেট করে নারীঘটিত ফাঁদে (‘হানি ট্র্যাপ’) ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে আসছিল। ইতিপূর্বেও তাদের নানা অপকর্মের তথ্য-প্রমাণ ও অভিযোগ ভুক্তভোগীদের মাধ্যমে গণমাধ্যমে আসে। এসব তথ্য প্রকাশ হওয়ার আশঙ্কায় চক্রটি সম্পাদকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আয়েশা সিদ্দিকা জেসিকা দাবি করেন, ‘আমি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে গণমাধ্যমে কাজ করছি। আমার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগের বিষয়ে পুলিশ প্রশাসন আমাকে কিছু জানায়নি। এটি আমার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আদালত খোলার পর যারা আমার বিরুদ্ধে এমন নোংরা খেলায় নেমেছে, তাদের বিরুদ্ধে আমি কঠোর আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মইনুদ্দিন জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য ইতিমধ্যে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা মিললে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন