জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
শিশুদের মাঝে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দিতে রাজধানীর ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হলো “পাখি ও ঔষধী গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি” শীর্ষক পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম। ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের (ডাব্লিউবিবি ট্রাস্ট) যৌথ উদ্যোগে আয়োজিত এ সচেতনতামূলক কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মান্নান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাব্লিউবিবি ট্রাস্টের প্রধান কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান। স্থানীয় প্রজাতির বিভিন্ন পাখি, বিলুপ্তপ্রায় ঔষধি গাছ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আইডব্লিউবির সহকারী প্রকল্প কর্মকর্তা জাকারিয়া মোহাম্মদের সঞ্চালনায় এ কুইজ ও মতবিনিময়ের মাধ্যমে শিশুরা প্লাস্টিক দূষণ, নির্বিচারে বন উজাড়, বন্যপ্রাণীর আবাসস্থল সংকট এবং পরিবেশের ওপর মানুষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বাস্তবমুখী ধারণা লাভ করে।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান মনির বলেন, শৈশব থেকেই প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারলে শিশুরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে। বইয়ের শিক্ষার বাইরে এমন বাস্তবমুখী ও হাতে-কলমে শিক্ষা শিশুদের মানসিকতা ও আচরণে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে সৈয়দা অনন্যা রহমান বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্তিত্বের সংকট। শিশুদের নিয়মিত পরিবেশ শিক্ষা দিতে পারলে তারা ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে বৈশ্বিক সংকট মোকাবিলায় নেতৃত্ব দিতে পারবে। তিনি উল্লেখ করেন, পরিবেশ শিক্ষা কোনো তাত্ত্বিক পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি একটি সার্বিক জীবনদর্শন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষিকারা আন্তর্জাতিক গবেষণার উদ্ধৃতি দিয়ে বলেন, আইপিসিসির মূল্যায়ন অনুযায়ী কেবল প্রযুক্তি কিংবা নীতিমালা পরিবেশ সুরক্ষায় যথেষ্ট নয়, এর জন্য মানুষের দৈনন্দিন অভ্যাসের মৌলিক পরিবর্তন দরকার, যা সবচেয়ে সহজে গড়ে ওঠে শৈশবে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে, নিয়মিত পরিবেশ শিক্ষা শিশুদের মনোভাব ও দায়িত্বশীল আচরণে সুস্পষ্ট পরিবর্তন ঘটায়। বিদ্যালয়ের আঙিনায় বাগান তৈরি, পাখি পর্যবেক্ষণ, বর্জ্য পৃথকীকরণ, কম্পোস্ট সার তৈরি কিংবা বৃষ্টির পানি সংরক্ষণের মতো ব্যবহারিক কাজগুলো শিশুদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলে। ইউনেস্কোর জলবায়ু শিক্ষার পঞ্চস্তম্ভ—জ্ঞান, সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণ—এই আয়োজনের মাধ্যমে সফলভাবে প্রতিফলিত হয়েছে।
আয়োজক সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ শিক্ষা কোনো বিলাসিতা নয়, বরং তা সময়ের অন্যতম অপরিহার্য দাবি। নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব জ্ঞানে সমৃদ্ধ করতে পারলে তারা টেকসই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য করে তুলতে পারবে।
অনুষ্ঠানে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষিকাবৃন্দসহ ইনস্টিটিউট অব ওয়েলবীইং বাংলাদেশ ও ডাব্লিউবিবি ট্রাস্টের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শাহ্জালাল ইসলামী ব্যাংক ও আমরার্ক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে শিশুদের পরিবেশ শিক্ষা কার্যক্রম ও পোস্টার প্রদর্শনী
বাংলাদেশ কৃষি ব্যাংক ও মাস্টারকার্ডের মধ্যে লাইসেন্স হস্তান্তর
‘কমিউনিটি ইসলামিক’ নিয়ে ইসলামিক ব্যাংকিংয়ে যাত্রা শুরু কমিউনিটি ব্যাংকের
বিএমইউতে সিএপিডি ক্যাথেটার স্থাপনে হাতে-কলমে প্রশিক্ষণ
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্বারোপ আনসার ও ভিডিপি মহাপরিচালকের
নেসলে প্রফেশনাল এবং বাংলাদেশ কালিনারি ফাউন্ডেশন আন্তর্জাতিক শেফ দিবস উদযাপন
‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহারের সুযোগ
শাহপরী দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে আড়াই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা জব্দ
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ
মুন্সীগঞ্জে ভোজ্যতেলে কারচুপি ও নিবন্ধনহীন মোড়কজাত: বিএসটিআইয়ের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা