৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির চেস্টার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী বিলাল কাজীকে চেস্টার ক্রাউন কোর্টে ওই সাজা দেওয়া হয়।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের সূত্র ধরে ব্রিটিশ পুলিশের অনলাইন শিশু যৌন নিপীড়নের তদন্তে দেশজুড়ে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। এর পাঁচ বছর পর অনলাইনে কিশোরীদের গ্রুমিং, যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল করার অপরাধে ২৭ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চেশায়ার কনস্টেবলারি বলেছে, অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঘটনায় তাদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তদন্ত; যার মাধ্যমে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের ২৮টি এলাকাজুড়ে মোট ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সঙ্গে প্রতারণা করতেন কাজী। ভুক্তভোগীদের তিনি বলতেন, তারা নিজেদের সমবয়সী কোনো কিশোরের সঙ্গেই কথা বলছে। এরপর তিনি শিশুদের বিশ্বাসকে কাজে লাগিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং কিশোরীরা পরবর্তীতে অন্যান্য দাবি মানতে অস্বীকার করলে সেই সব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
• মাত্র একটি অভিযোগ যেভাবে বিশাল তদন্তের সূত্রপাত ঘটায়
২০২১ সালে এক কিশোরী ডার্বিশায়ার পুলিশকে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানানোর পর এই মামলার সূত্রপাত হয়। ১৩ বছর বয়স থেকেই সে স্ন্যাপচ্যাটে কাজীর সঙ্গে যোগাযোগ রাখছিল, অথচ সে জানত না যে কিশোর হিসেবে নিজেকে উপস্থাপন করা ওই ব্যক্তি আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ।
এরপর ২০২২ সালের মে মাসে চেশায়ার কনস্টেবলারির বিশেষজ্ঞ অনলাইন শিশু নির্যাতন তদন্তকারীরা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেন। ততদিনে কাজী ব্রিটেন ছেড়ে চলে যান। পরে ২০২৩ সালের জুলাইয়ে তিনি যুক্তরাজ্যে ফিরে এলে পুলিশ হিথ্রো বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।
তদন্তকারীরা তার জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, এই নির্যাতনের ঘটনা আরও বড় কোনো অপরাধ চক্রের অংশ। ব্যবহারকারীর নাম ও অন্যান্য ডিজিটাল রেকর্ড ব্যবহার করে বিশেষজ্ঞ কর্মকর্তারা ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করেন। পরবর্তীতে তারা ৭০ জন কিশোরীর পরিচয় নিশ্চিত করেন এবং পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দেয়।
নিশ্চিত হওয়া ভুক্তভোগীরা ২৮টি পুলিশ অঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন; যার ফলে চেশায়ারের গণ্ডি পেরিয়ে অন্যান্য অঞ্চলেও তদন্ত চালাতে হয় তদন্তকারীদের।
• শত শত আপত্তিকর ছবি উদ্ধার
সিপিএসের তথ্য অনুযায়ী, চেশায়ার মামলার তদন্তকালে কাজীর ফোন থেকে ৪০০টির বেশি অশ্লীল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়। এছাড়া বার্মিংহামে পরীক্ষা করা ডিভাইসগুলো থেকে আরও ৫০০টির বেশি ছবি ও ভিডিও পাওয়া যায়।
উদ্ধার করা এসব সামগ্রীর মধ্যে শিশু যৌন নির্যাতনের সবচেয়ে গুরুতর ক্যাটাগরির ছবিও অন্তর্ভুক্ত ছিল। নিজের আসল পরিচয় গোপন করতে কাজী ‘রিস’ নামের অনলাইন আইডি এবং এক অজ্ঞাত ব্রিটিশ কিশোরের ছবি ব্যবহার করতেন।
পুলিশ বলেছে, তিনি স্ন্যাপচ্যাট, উইংক এবং রবলক্সের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে কিশোরীদের সঙ্গে যোগাযোগ করতেন এবং বোঝাতেন, তাদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে।
এরপর তিনি তাদের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও দাবি করতেন। ভুক্তভোগীরা তা দিতে অস্বীকৃতি জানালে, তার কাছে আগে থেকেই থাকা ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। সিপিএস বলেছে, এক ঘটনায় অনলাইনে একটি ভিডিও প্রকাশ করেছিলেন কাজী। সেই ভিডিও ৯৩ জন দেখেছিলেন।
• সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তা নিয়ে বিচারকের প্রশ্ন
রায় ঘোষণার সময় বিচারক স্টিভেন এভারেট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন। তিনি বলেন, এই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগ নিয়ে শিশুদের শোষণ করতে পেরেছিলেন কাজী।
আদালত বলেছেন, ভুক্তভোগীদের জীবনে এর মারাত্মক মানসিক পরিণতি নেমে এসেছে; যার মধ্যে দুশ্চিন্তা, খাওয়ার ব্যাধি এবং আত্মহত্যার প্রবণতার মতো বিষয়গুলোও রয়েছে। অনেকেই ভেবেছিলেন তারা তাদের প্রেমিকের সঙ্গে কথা বলছেন, অথচ পরে তারা জানতে পারেন, বার্তার পেছনে থাকা ব্যক্তি আসলে তাদের শোষণকারী এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি।
কাজীকে উদ্দেশ করে বিচারক বলেন, ‘‘তুমি একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি।’’ তিনি বলেন, এই নিপীড়ন শিশুদের নিজেদের ঘরে যে নিরাপত্তা পাওয়ার কথা ছিল, তা থেকে বঞ্চিত করেছে।
• দোষ স্বীকার ও বাড়তি সাজা
চেশায়ার কনস্টেবলারি বলেছে, শিশু যৌন অপরাধসংক্রান্ত ৩৭টি অভিযোগের বিষয়ে দোষ স্বীকার করেছেন কাজী। তবে আরও দুটি অভিযোগ বিচারাধীন রয়েছে। সিপিএস বলেছে, এই সাজা ৩৩টি অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। এর মধ্যে রয়েছে শিশুকে যৌন কার্যকলাপে বাধ্য করার ২৪টি, ব্ল্যাকমেইলের ৬টি এবং শিশুর অশ্লীল ছবি তৈরি করার ৩টি অভিযোগ।
পুলিশ বলেছে, চেশায়ার মামলার জামিনে থাকাকালীন ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের অধীনে কাজীর সংঘটিত আরও আটটি অতিরিক্ত অপরাধও সামগ্রিক সাজার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে। কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মুক্তির পর তার জন্য আট বছরের একটি বর্ধিত লাইসেন্স মেয়াদ বলবৎ থাকবে।
তিনি অন্তত ২০ বছর সাজা খাটার পরই কেবল প্যারোলে মুক্তি পাওয়ার যোগ্য হবেন। এছাড়া আদালত তার বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ আদেশ এবং একটি নিষেধাজ্ঞা আদেশও জারি করেছে।
সূত্র: দ্য স্টেটসম্যান।
aliul / aliul
৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত
যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা
ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে
বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা
দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট
মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২
মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক
আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন
৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে