ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৬ বিকাল ৬:৩

সাহিদা ফকির সবজি কেনার জন্য গত ১৯ জুলাই ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের বাসা থেকে বের হন। বাসা থেকে বের হওয়ার সময় ছোট ছেলেকে বলেছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন তিনি। এর তিন মাসেরও বেশি সময় পর এই ৩৮ বছর বয়সী নারী বর্তমানে বাংলাদেশের একটি গ্রামে বসবাস করছেন; স্বামী ও দুই ছেলের কাছ থেকে তিনি পুরোপুরি বিচ্ছিন্ন।

তিনি বলেন, সাদা পোশাকের কর্মকর্তারা তাকে আটক এবং তার ফোন জব্দ করেন। সেই ফোনে তার পরিচয়পত্রের কপি ছিল বলে জানিয়েছেন সাহিদা। আটকের পর একপর্যায়ে তাকে জোরপূর্বক সীমান্ত পার করে দেন ওই কর্মকর্তারা। আদালতের নথিপত্র অনুযায়ী, মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য ছিলেন কর্মকর্তারা। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাংলাদেশের সাতক্ষীরায় বসে রয়টার্সকে ফকির বলেন, ‌‌‘‘কেউ পেছন থেকে আমার হাত ধরেন এবং আমাকে গাড়িতে উঠতে বাধ্য করেন।’’

রয়টার্সের সাক্ষাৎকারে উঠে আসা ১০টি পরিবারের একজন হলেন এই ফকির, ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর যাদের স্বজনদের আটক, দেশত্যাগে বাধ্য কিংবা নাগরিকত্ব নিয়ে জেরা করা হয়েছে। এসব পরিবারের সবার কাছেই ভারতের পরিচয়পত্র কিংবা পারিবারিক নথিপত্র রয়েছে, এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের মতো আত্মীয়রা এখনও ভোটার তালিকায় আছেন।

এসব ঘটনায় ভারতের ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া কীভাবে সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পৃথক অভিযানের সঙ্গে জড়িয়ে পড়েছে; সেটি পরিষ্কার হয়েছে। যদিও তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা নিজে থেকে কেউ বিদেশি কি না, তা প্রমাণ করে না।

ভারতের ইতিহাসে ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার এটিই সর্ববৃহৎ ঘটনা; যার মাধ্যমে দেশজুড়ে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম কেটে দেওয়া হয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার এই ঘটনা ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে এই সম্প্রদায় এমন সব নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হয়ে আসছে, যাকে মানবাধিকার গোষ্ঠীগুলো বর্জনমূলক বলে অভিহিত করেছে।

এই সংশোধন প্রক্রিয়া দেশটিতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। এমনিক বিজেপি নিজেদের অনুকূলে ভোটারদের নতুনভাবে সাজাচ্ছে বলেও বিরোধীরা অভিযোগ করেছেন। তবে দলটি বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে।

চলতি বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ নাম বাদ দেওয়া হয়েছিল। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভোটার তালিকায় থাকা জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম হওয়া সত্ত্বেও গভীর পর্যালোচনার পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই ছিল মুসলিম।

নির্বাচনে বিজেপি জয়ী হয় এবং প্রথমবারের মতো রাজ্যের ক্ষমতা দখল করে। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ বলেন, আমরা সরকারের আমলবিরোধী ফ্যাক্টরকে অস্বীকার করতে পারছি না। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নির্ধারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টি বড় ভূমিকা পালন করেছে।

• ভোটার তালিকা এবং বহিষ্কার
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ৫ নভেম্বর উত্তর রাজ্য হরিয়ানার এক জনসভায় এই দুটির মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপন করেন। অমিত শাহ বলেন, এটি বিজেপির অঙ্গীকার, আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেব এবং এরপরে আমরা তাদের একে একে খুঁজে বের করে দেশ থেকে বহিষ্কার করব।

পশ্চিমবঙ্গ বাংলাভাষী মুসলিমদের ওপর চলা কড়াকড়ির একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নাগরিকত্ব এবং অভিবাসন এই রাজ্যে বিশেষ গুরুত্ব বহন করে। কারণ ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ব্রিটিশদের এঁকে দেওয়া সীমানা এই অঞ্চলটিকে দুভাগে বিভক্ত করে দিয়েছিল। সেই রাজনৈতিক পটপরিবর্তন এবং পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় লাখ লাখ মানুষ সীমান্ত পার হয়েছিলেন; যার ফলে অসংখ্য পরিবার ও বিভিন্ন সম্প্রদায় সীমান্ত লাগোয়া এলাকায় ছড়িয়ে পড়ে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নির্বাচন কমিশন এই বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

• আইনি লড়াই
ফকির বলেন, সীমান্তের কোনো প্রহরী ও বেড়াবিহীন একটি ফাঁকা অংশ দিয়ে তাকে রাত ১টার দিকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। কাদায় মাখামাখি অবস্থায় তিনি ঘণ্টার পর ঘণ্টা হেঁটেছিলেন। এরপর এক কৃষক তাকে কান্নাকাটি করতে দেখে নিজ বাড়িতে আশ্রয় দেন।

মুম্বাই পুলিশ আদালতকে বলেছে, তাকে আসাম সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরবর্তীতে নির্ধারিত কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশে বহিষ্কার করা হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

আদালতের নথিপত্রে দেখা যায়, কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার পর সেই অভিযানের সময় যে ১৪৯ জনকে বহিষ্কার করা হয়েছিল; ফকির তাদের একজন ছিলেন। তিনি বলেন, আমি কখনো এক মুহূর্তের জন্যও কল্পনা করিনি যে তারা আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাড়ি, আমার দাদা-দাদি এবং আমার পুরো বংশের শেকড় ভারতে প্রোথিত রয়েছে।

বর্তমানে তার স্বামী জুম্মান পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত লাখ লাখ চ্যালেঞ্জের পাশাপাশি আদালতে স্ত্রীর মামলায় লড়ছেন। গত আগস্টে সুপ্রিম কোর্টে তার পরিবারের পক্ষ থেকে দায়ের করা একটি রিটে বলা হয়েছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নাগরিকত্ব নির্ধারণ করতে পারে না এবং কোনো যাচাই না করা নির্বাহী দাবির ভিত্তিতে তাকে দেশ থেকে বহিষ্কার করা যায় না।

রয়টার্স ফকিরের পারিবারিক নথিপত্র পর্যালোচনা করে দেখেছে। এতে দেখা যায়, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই ফকিরের বাবা-মা এবং দাদা-দাদি পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। অতিরিক্ত নথিপত্র জমা না দিয়েই কারা কারা তালিকায় থাকতে পারবেন, তা নির্ধারণের সর্বশেষ সংশোধনীতে যে ২০০০-২০০৩ সালের ভোটার তালিকাকে মানদণ্ড ধরা হয়েছিল, সেটিতেও তাদের নাম ছিল।

রয়টার্সের দেখা ভোটার আইডি কার্ড অনুযায়ী, ফকির নিজে অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছেন।

মুম্বাইয়ের আঞ্চলিক বৈদেশিক নিবন্ধন অফিস কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, অনুসন্ধানের সময় ফকির বাংলাদেশি জন্মসনদ প্রদর্শন করেছিলেন এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করে এমন কোনো বৈধ বা বিশ্বাসযোগ্য প্রামাণ্য দলিল দিতে ব্যর্থ হন।

ফকির এই দাবি অস্বীকার করে বলেন, কর্তৃপক্ষ তার ফোন জব্দ করেছিল এবং ফোনে সংরক্ষিত নথিপত্রের কপিগুলো দেখানোর কোনো সুযোগ তাকে দেয়নি। ভারতীয় আইনে নাগরিকদের সব সময় বৈধ পরিচয়পত্র বহন করা বাধ্যতামূলক নয়।

• তুমি বাংলাদেশি
কলকাতা হাইকোর্টে দায়ের করা আরেকটি রিটে বাসনপত্র বিক্রেতা নাসিরুদ্দিন শেখ এবং আরও চারজন বলেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর তাদের আটক করা হয়েছিল, অথচ বিশেষ ট্রাইব্যুনালে নাম বাদ পড়ার বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন ছিল।

নাসিরুদ্দিন শেখ বলেন, ছত্তিশগড়ে বাড়ি থেকে শত শত মাইল দূরে কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও ২২ জনকে আটক করে। কর্তৃপক্ষ সংশোধিত তালিকায় নাম খুঁজে পাওয়ার ১৪ দিন পর ১৯ জনকে ছেড়ে দেয়। শেখ ও বাকি তিনজন; যাদের নাম তালিকায় আসেনি, তারা ৩২ দিন ধরে আটক ছিলেন।

তিনি বলেন, ‘‘একজন পুলিশ সদস্য আমাকে বলেছিলেন, ভোটার তালিকায় তোমার নাম নেই। তুমি একজন বাংলাদেশি।’’

আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়। শেখ বলেন, তাদের আটক কেন্দ্রে একটি বড় হলরুম ছিল; যেখানে ৬০ জনের বেশি মানুষের জন্য বিছানা ছিল। আটকের পর বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা এবং বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছিল।

তিনি বলেন, এটি সব অর্থেই একটি কারাগার ছিল। আমরা বাইরে যেতে পারিনি। পুলিশ এবং রাজ্য সরকারের আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী বন্দিশিবির নেই।

মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশি অভিবাসীদের জন্য তৈরি একটি আটক কেন্দ্র পরিদর্শন করেছেন রয়টার্সের সাংবাদিকেরা। তারা দেখেছেন, সেখানে ভেতরে কাপড় ঝুলছে এবং জানালা দিয়ে মানুষ উঁকি দিচ্ছে। ব্যাপক নিরাপত্তাবেষ্টিত চত্বরের ভেতরে একটি অ্যাম্বুলেন্স এবং পুলিশের বাস দাঁড়িয়ে ছিল।

এর ঠিক বিপরীতে বসবাসকারী মোসামি রায় বলেন, তিনি দুই মাস আগে লোকজনকে সেখানে নিয়ে আসতে এবং বাইরে পরিবারগুলোকে কাঁদতে দেখেছেন। মানবাধিকারকর্মী কিরিতি রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে লাখ লাখ মামলা রয়েছে এবং মানুষ বিচারের জন্য অপেক্ষা করছেন। ট্রাইব্যুনালগুলোর কাজ অত্যন্ত ধীরগতির। যা ঘটছে তাতে আমরা হতাশ।

সূত্র: রয়টার্স।

aliul / aliul

‘বিশ্ব শান্তি’ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসছেন শি, ট্রাম্প ও পুতিন: বেইজিং

ভারতে আটক-দেশত্যাগে বাধ্য হচ্ছেন মুসলিমরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ৬০০ যোদ্ধাকে মুক্তি দিলো হুথিরা

পূজার আগে প্রসাদ খাওয়ায় মেয়েকে মেরে ফেললেন মা

ট্রাম্পের ওপর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ভালোভাবে প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক আইন প্রণয়নের উদ্যোগ জাতিসংঘে

ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৬

মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা

ইরানে বাস উল্টে গ্যাস পরিশোধনাগারের ১২ কর্মী নিহত

যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে

বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা