ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দালালের খপ্পরে ইতালির পথে নিখোঁজ ফরিদপুরের ৩ বন্ধু


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১:৪০
বিদেশে ভালো বেতনে কাজের আশায় যে কোনো উপায়েই হোক স্বপ্নের দেশ ইতালিতে যেতে চেয়েছিলে ৩ তরুণ।পাশের গ্রামের দুই প্রবাসী যুবকের সাথে এজন্য ৩০ লাখ টাকায় চুক্তিও হয়। এরমধ্যে অভিভাবকরা ২৪ লাখ টাকা দিয়েছেন দালালদের। বাকি টাকা দেয়ারও প্রস্তুতি চলছিল; কিন্তু এরই মধ্যে লিবিয়ায় একটি ঘরে বন্দি হওয়ার পর নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে গত এক সপ্তাহ যাবৎ তাদের কোনো খোঁজ নেই। এ নিয়ে পরিবারের লোকেরা অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছেন।
 
নিখোঁজ এই তিন তরুণ হলো- ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের  ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (১৯) এবং মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২)।
 
ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বলেন, তার ছেলেসহ তিনজনকে ৩০ লাখ টাকায় ইতালি নিয়ে যাবে বলে কথা হয়েছিল পাশের ছোট নাওডুবি গ্রামের দুই প্রবাসী শওকত চৌধুরী ও রাসেল মিয়ার (২৪) সাথে। এজন্য ২৪ লাখ টাকা নগদ দিয়েছি শওকতের ভাই ইলিয়াস চৌধুরী ও রাসেলের ভাই শাহিনকে। ব্যাংকের মাধ্যমে কেন টাকা দেননি- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নিরিবিলি তাদের বিদেশ পাঠানো হবে তাই ব্যাংকের বদলে নগদ টাকা দিতে বলে। তিনি নিজেই ইলিয়াসের হাতে টাকা তুলে দেন।
 
ছোট নাওডুবি গ্রামের শওকত ও রাসেল আপন চাচাতো ভাই। ফারুক মাতুব্বরের মামাতো ভাইয়ের ছেলে তারা। লিবিয়ায় গেছেন ৪ বছর আগে। এ তথ্য জানিয়ে ফারুক মাতুব্বর বলেন, এর আগেও তারা তিনজনকে এভাবে ইতালি নিয়ে যায়। পরিচিত ও আত্মীয় বিধায় তাদের প্রতি বিশ্বাস জন্মে। গত ১৭ ডিসেম্বর ঢাকা থেকে বিমানযোগে ফয়সাল, নাজমুল ও সামিউলকে নিয়ে যায় লিবিয়ার একটি শহরে। তারপর তাদের দ্রুতই ইতালি নিয়ে যাওয়া হবে বলে জানায় দালালরা। এজন্য বাকি ৬ লাখ টাকা রেডি রাখতে বলে। সর্বশেষ ২৭ জানুয়ারি রাত ১০টার দিকে ফয়সালের সাথে তার কথা হয়। এ সময় ফয়সাল ও তার বন্ধুরা ভয় পাচ্ছিল। বলে, 'আমাদের সাগরের পাড়ে নিয়ে আসছে। মনে হয় নৌকায় ওঠাবে। তোমরা দোয়া কইরো আমাদের জন্য।' ছেলের কণ্ঠে সর্বশেষ এ কথাই শুনতে পেয়েছেন ফারুক। 
 
ফয়সালের সাথে এভাবে ইতালি যেতে লিবিয়ায় আটকদের একজন নাজমুল৷ তার ভাই সম্রাট বলেন, শওকত ও রাসেল তার ভাইদের বডি কন্টাক্টে ইতালি নিয়ে যাবে বলেছিল। বডি কন্টাক্ট মানে কী- এর জবাবে সম্রাট বলেন, লিবিয়া যাওয়ার পথে যতবার ধরা খাবে ততবার ওরা ফেরত আনবে। ওদের বডি যে কোনো উপায়ে ইতালি পৌছে দেবে। ওদের হান্ড্রেড পারসেন্ট ইতালি নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের। যত টাকাই লাগুক এতে।
 
সম্রাট জানান, তিন মাস আগে লিবিয়ার শহরে গেছে। তারপর গেম ঘরে রাখছে। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, যেহেতু ওরা (দালালরা) ওই দেশে আছে তাই ওরা হয়তো ওদের ইতালি নিতে পারবে। সর্বশেষ তার ভাই তাদের বলেছিল, ‘গেম ঘর থেকে সাগর পাড়ে নিয়ে যাইতেছে। এক থেকে দুই ঘণ্টার মধ্যে বোটে ওঠাবে। আমরা ওদের ভরসা দেই। আল্লাহর নামে বোটে উঠতে বলি। কোনো সমস্যা হবে না তাও বলি।
 
সম্রাট জানান, ২৭ জানুয়ারির পর প্রথমদিকে দালালরা এমনও বলেছিল যে, তার ভাইয়েরা ইতালি পৌঁছে গেছে। বাকি টাকা রেডি রাখতে বলছিল। শেষে বলেছে, ওরা মাল্টা থেকে ধরা খাইছে। থামছা থামছা জেলে আছে। গত বৃহস্পতিবার রাতে ওরা নিশ্চিত করে যে, ওরা তিনজন থামছা থামছা জেলে আছে। এরপর ওরা সামিউলের একটা ভয়েস রেকর্ড পাঠায়। যেখানে সামিউল বলছে, ‘আমরা কষ্টে আছি, আমাদের বাঁচাও’।
 
সম্রাট বলেন, শুক্রবার ওই তিন যুবকের সাথে দেশে পরিবারের লোকদের কথা বলিয়ে দেবে বলেছিল। এদিন তারা পাশের ছোট নাওডুবি গ্রামে দালাল শওকত ও রাসেলের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন ওদের বাড়িতে কেউ নেই। এমনকি গরু-ছাগল, হাস-মুরগি কিছুই নেই। 
 
ফারুক মাতুব্বর এই প্রতিবেদককে বলেন, বিষয়টি থানার ওসিকে জানিয়েছেন। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
 
এ বিষয় নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন বলেন, ভুক্তভোগীরা এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন  এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী

মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন

বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা

গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ