ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

দহগ্রামে পরীক্ষা ছাড়াই গরু জবাই, স্বাস্থ‍্যঝুঁকিতে উপজেলাবাসী


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ২২-২-২০২২ বিকাল ৫:৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের জনসাধারণের চলাচলের একমাত্র সড়ক ভারতীয় তিনবিঘা করিডর গেট দিয়ে অবাধে পারাপার হচ্ছে গরুর মাংস। অধিকাংশ রোগাক্রান্ত, অসুস্থ গরুর মাংস উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। অভিযোগ উঠেছে, ভারতীয় রোগাক্রান্ত ও অসুস্থ হরিয়ানা, বোল্ডারসহ বিভিন্ন জাতের গরু রাতের আঁধারে দহগ্রামে এনে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হয়।

জানা গেছে, ভারতের ভেতরে উপজেলার দহগ্রাম ইউনিয়ন হওয়ায় উভয় দেশের চোরাকারবারিরা সীমান্তের একাধিক পয়েন্ট দিয়ে ভারতীয় গরু, মহিষ ও অন্যান্য পণ্য পারাপার করে থাকে। গরুগুলো কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করা হয়। এজন্য  লাইনম্যানকে গরুপ্রতি ২ হাজার করে টাকা দিতে হয়। এসব গরুর শত শত মণ মাংস বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে পাচার করে বিক্রি করা হয়। এতে জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ার শঙ্কা রয়েছে।
 
একাধিক মাংস বিক্রেতার দাবি, কতিপয় সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্য, ক্ষমতাসীন দলীয় ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের জন্য নির্দিষ্ট হারে টাকা দিয়ে গরুর মাংস পারাপার করা হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বিভিন্ন অটো ভ্যানগাড়িতে ৫-৭ মণ করে গরুর মাংস করিডর দিয়ে পার করতে প্রতি গাড়িতে স্থানীয় বিজিবির লাইনম্যানকে ২ থেকে ৩ হাজার টাকা করে ঘুষ দিতে হয়। গেটের দুদিকের দুই ক্যাম্পের লাইনম্যানকে টাকা না দিলে কোনোক্রমেই মাংস গেট দিয়ে পারাপার করতে দেয় না তল্লাশি চৌকিতে দায়িত্বরত বিজিবি।
 
স্থানীয় বাসিন্দাদের মতে, দহগ্রাম যাতায়াতের তিনবিঘা করিডর দিয়ে এর আগে কখনই এভাবে গরুর মাংস পারাপার হয়নি। গত প্রায় দুই মাস থেকে ব্যাপক হারে গরুর মাংস পারাপার হচ্ছে।
 
পাটগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও পাটগ্রাম কসাই গরুর বাজার থেকে মাংস ক্রেতা আলমগীর হোসেন (৩২) বলেন, দহগ্রাম থেকে নিয়ে আসা ভারতীয় গরুর মাংসগুলো ভালো না। এর আগে নিয়েছি, রান্না করে খেতেও ভালো লাগে না। বাজারে আর কোনো গরু জবাই হয় না।
 
পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার গরুর মাংস বিক্রেতা আব্দুল লতিফ (৪৩) বলেন, দহগ্রাম ও পানবাড়ি গ্রামের কসাইরা বিভিন্ন জনকে ম্যানেজ করে দহগ্রামের করিডর গেট দিয়ে মাংস এনে পানবাড়ি বিজিবি বাজারে রাখে। পরবর্তীতে উপজেলার সব কসাই ওখান থেকে কিনে এনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে বিক্রি করে। এতে দাম কম হওয়ায় পাটগ্রাম উপজেলায় আর গরু জবাই হয়না।
 
দহগ্রাম তিনবিঘা করিডর গেটের সন্নিকটে পানবাড়ি গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক ‍এক মাংস বিক্রেতা জানান, গাড়ি গাড়ি মাংস আনা হতো। এখন কম। ভারতীয় বিএসএফ থাকে, এজন্য বিভিন্ন কৌশলে গাড়ির বক্সে, ব্যাটারি রাখার স্থানে মাংস আনা হয়। প্রকাশ্যে বা গোপনে আনলেও লাইনম্যানকে টাকা দিতে হয়।
 
এ ব্যাপারে বিজিবির কথিত লাইনম্যান ময়নুল ইসলাম বাঘার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
 
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার খায়রুল ইসলাম বলেন, কোনো মাংস পারাপার হয় না। আমি কোনো লাইনম্যানকে চিনি না। আপনার মন যা চায় লেখেন।
 
পাটগ্রাম উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক (স্যানিটারি ইন্সপেক্টর) শায়লা পারভীন বলেন, দহগ্রামের মানুষ কোনোকিছুই মানে না। টাকার লোভে লোভী হয়ে গেছে। সুস্থ গরু ও নিরাপদ মাংস বিক্রির বিষয়ে আমরা সভা-সমাবেশ, মাইকিং করেছি। জনপ্রতিনিধিদের বলা হলেও  কাজ হচ্ছে না। এখন মামলা দিতে হবে। মাংস না আনতে বলেছি কিন্তু কেউ কথা শোনে না।
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান জানান, উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা করে অবৈধভাবে ভারতীয় গরুর মাংস আনা বন্ধ করতে সিদ্ধান্ত নেয়া হয়। বিজিবি ও জনপ্রতিনিধিদের অনুরোধও করা হয়েছে। তারপরও বন্ধ হচ্ছে না। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে। এ নিয়ে জেলা পর্যায়ে কথা বলে বিজিবিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু