ইমরানের ভাগ্য ভোটেই নির্ধারণ হবে : পাক সুপ্রিমকোর্ট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজে দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের (এনএ) ডেপুটি স্পিকারের আদেশের বৈধতা এবং প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্টের এনএ ভেঙে দেয়ার বিষয়ে স্বতঃপ্রণোদিত শুনানির রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিমকোর্ট। রায়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট খারিজকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইমরান খানের সরকারের ভাগ্য সংসদে আগামীকাল শনিবার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়ে দিয়েছে সুপ্রিমকোর্ট।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বাধীন এই বেঞ্চের সদস্য ছিলেন- বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার এবং বিচারপতি মান্দোখেল।
প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকার কাসিম খান সুরির আদেশ এবং প্রধানমন্ত্রীর পরামর্শে প্রেসিডেন্টের জাতীয় পরিষদ ভেঙে দেয়াকে অসাংবিধানিক বলে অভিহিত করেছেন দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতিরা। রায়ে পাঁচ বিচারপতি সর্বসম্মতভাবে ডেপুটি স্পিকার এবং প্রেসিডেন্টের নেয়া পদক্ষেপের বিরুদ্ধে ৫-০ ভোট দিয়েছেন।
দেশটির সর্বোচ্চ আদালত বলেছে, জাতীয় পরিষদকে বিলুপ্ত করে প্রেসিডেন্ট আরিফ আলভির নেয়া সিদ্ধান্ত অবৈধ। প্রধানমন্ত্রী ইমরান খানের পাশাপাশি তার মন্ত্রিসভাকেও পুনর্বহাল করা হয়েছে রায়ে।
আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারকে অধিবেশন পুনরায় ডাকার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। দেশটির সর্বোচ্চ এই আদালত বলেছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সুরাহা ছাড়া অধিবেশন মুলতবি করা যাবে না।
রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেন, ডেপুটি স্পিকার কাসিম খান সুরি গত ৩ এপ্রিল অনাস্থা ভোট খারিজ করে একটি আদেশ দিয়েছিলেন। তার ওই আদেশ অসাংবিধানিক।
বিচারপতিরা বলেছেন, জাতীয় পরিষদের অধিবেশনে কোনো আইন প্রণেতার অংশগ্রহণে সরকার হস্তক্ষেপ করতে পারে না। আদালত আরো বলেছে, আজকের এই আদেশ সংবিধানের ৬৩ অনুচ্ছেদের আওতাধীন কার্যক্রমকে প্রভাবিত করবে না।
এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে পাকিস্তানের সুপ্রিমকোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, আদালত ভবনের বাইরে দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। তবে রায় ঘোষণার পর বিরোধীদলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের উল্লাস করতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার সকালের দিকে শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, গত ৩ এপ্রিল সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজে যে আদেশ দিয়েছিলেন, তা ভ্রান্ত ছিল। এটি পরিষ্কার হয়েছে।
আদেশে ডেপুটি স্পিকারের স্বাক্ষর ছিল না : শুনানিতে বিচারপতি মান্দোখেলন বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার সুরি খারিজ করে দিলেও তাতে তার কোনো স্বাক্ষর ছিল না। এতে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের স্বাক্ষর ছিল।
সুরি এবং কায়সারের আইনজীবী নাঈম বুখারি যুক্তি উপস্থাপনের সময় এই পর্যবেক্ষণ তুলে ধরেন। বিচারকের বক্তব্যের জবাবে বুখারি বলেন, তাকে দেওয়া নথিগুলো ভুয়াও হতে পারে।
গত ৩ এপ্রিল পাকিস্তানের সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। ফলে আগামী ৯০ দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। তার আগে ডেপুটি স্পিকারের অনাস্থা প্রস্তাব বাতিলের এখতিয়ার আদৌ আছে কি-না সেটি নিয়ে গত কয়েক দিন ধরে দেশটির সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত শুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করেছেন।
জামান / জামান
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু
ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর