ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা
ভোলা সদরের ইলিশা-১ গ্যাসকূপকে শিগগিরই দেশের ২৯তম গ্যাসক্ষেত্র ঘোষণা করবে সরকার। এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি (বাপেক্স)। বিদ্যুতের পাশাপাশি সিএনজি হিসেবে ঢাকায় এ গ্যাস আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইন্ট্রাকো পাচ্ছে এ ক্ষেত্রের গ্যাস বিক্রির দ্বায়িত্ব।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাব্যতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাপেক্সে। রাষ্ট্রীয় এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রোম এ খনন কাজ সম্পন্নের পর মাটির ৩ হাজার ৪৩৩ মিটার গভীরতায় এই গ্যাসের সন্ধান পাওয়া যায়, যা প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানির (বাপেক্স) ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. আলমগীর হোসেন। তিনি বলেন, এই কূপ থেকে প্রতিদিন ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।
তিনি বলেন, কূপের তৃতীয় স্তরে যাওয়ার পর আগুন প্রজ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্যাসের ডিএসটি পরীক্ষা শেষে এই মজুতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আরও কূপ খনন করলে আরও মজুদ পাওয়া যাবে বলেও জানান তিনি। জানা যায়, দেশে বর্তমানে ২২টি গ্যাসক্ষেত্রের মোট ৪৩টি কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। ২ কোটি বা ২০ মিলিয়ন ঘনফুটের চেয়ে বেশি গ্যাস আসে এমন গ্যাসক্ষেত্র রয়েছে ১০টি। সেই হিসাবে ভোলার নতুন এ কূপকে 'বড়' হিসেবেই বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।
বাপেক্স বলছে, ইলিশা-১ কূপ একটি আলাদা গ্যাস ক্ষেত্র হতে পারে, যা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায়। সব ঠিক থাকলে ভোলার ৯টি কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭ টিসিএফ।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, ইলিশা গ্যাসক্ষেত্রের আশেপাশে আরও কূপ খনন করা হবে। সেখানেও আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আমাদের সাইন্টিসরা পরীক্ষা করে দেখেছেন শুধু ইলিশা গ্যাসক্ষেত্রেই ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। তাতে এলএনজি আমদানি বিবেচনায় এর দাম হবে ২৬৭৫০ কোটি টাকা।
বাপেক্সের এমডি বলেন, গত ৫ ডিসেম্বর খনন শুরু করেছিলাম। স্বল্প সময়ের মধ্যে তিন হাজার ৫২৮ মিটার গভীরতায় গিয়ে প্রচুর গ্যাস পাওয়া গেছে। এ কূপের খনন কাজে রিগ দিয়ে সহযোগিতা করেছে রাশিয়ান কোম্পানি গ্যাজপম। তবে এ কূপের ড্রয়িং, ডিজাইন বাপেক্সের করা। আমরা রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রম থেকে শুধু রিগের সুবিধা নিয়েছি। এখন এখানে তাদের আর কোনো কাজ নেই। চুক্তি অনুযায়ী তারা অবকাঠানো নির্মাণ করে দিয়ে চলে যাবে। এজন্য নির্ধারিত চুক্তি মূল্য পাবে। গ্যাসেও তাদের কোনো অংশীদারিত্ব নেই।
এদিকে ভোলা থেকে গ্যাস আনতে প্রাথমিকভাবে বেসরকারি কোম্পানি ইন্ট্রাকোর সঙ্গে ১০ বছরের চুক্তি করছে সরকার। সরকারি কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানি থেকে গ্যাস কিনে তা সিএনজিতে রূপান্তরিত করে তিতাস গ্যাস কোম্পানি এলাকার শিল্পকারখানায় সিএনজি বিক্রি করবে ইন্ট্রাকো।
জ্বালানি বিভাগ সূত্র জানায়, ইন্ট্রাকোর মাধ্যমে প্রথম পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আনা হবে। পরে ২০ মিলিয়ন ঘনফুটে তা উন্নীত করা হবে। ময়মনসিংহের ভালুকা ও গাজীপুরে জ্বালানিসংকটে থাকা কারখানাগুলো গ্যাস সরবরাহে অগ্রাধিকার পাবে। দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সিএনজিতে পরিণত করে পরিবহনের জন্য ৬০টি কম্প্রেসর ও ২৩৮টি ক্যাসকেড ট্যাংকার প্রয়োজন। ইন্ট্রাকো বিশেষভাবে রূপান্তরিত ট্রাকে সিলিন্ডার বসিয়ে তাতে করে সিএনজি আনবে।
এ প্রসঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে ধন্যবাদ দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলা সদরের ইলিশা-১ এ গ্যাসক্ষেত্রে ২ হাজার কোটি ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা দেশের জন্য একটি ভাল খবর। তিনি বলেন, পরিকল্পনা অনুসারে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালাতে হবে। ২০২২-২৫ সময়ের মধ্যে পেট্রোবাংলা ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। সাগরে ও স্থলে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান কার্যক্রম বাড়ানোর পাশাপাশি কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ব্রুনেইসহ গ্যাস ও তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ
মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ
মির্জাগঞ্জে মউশিক’ শিক্ষকদের স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন
ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে গোলবন্যার রূপকার রিমি
তেঁতুলিয়ায় ১৩পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার