ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাকৃবির গবেষণা

আমের বীজের নির্যাস ব্যাকটেরিয়ার কোষের গঠন ধ্বংস করতে সক্ষম


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৪ বিকাল ৫:৫৮

বাংলাদেশে প্রচুর পরিমাণে আম উৎপন্ন হয় এবং এর বীজ সাধারণত পরিত্যক্ত হয়। এই পরিত্যক্ত আমের বীজ বা আমের আঁটির অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা পর্যবেক্ষণে প্রাথমিক সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। গবেষক দল দেশি জাতের আমের বীজের অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা পর্যবেক্ষণ করে এ সফলতা পেয়েছে। আমের আঁটির গুণাগুণ নিয়ে গবেষণা করতে গিয়ে বাকৃবির মাইক্রোবায়োজলি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন ও তার গবেষক দল এ সাফল্য পেয়েছে। আমের আঁটির বীজের নির্যাস থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মানবদেহ ও পশু-পাখিতে বিভিন্ন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন ওই গবেষক।

আমের আঁটি থেকে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান তৈরির বিষয়ে গবেষক ড. গোলজার হোসেন বলেন, আমরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে আমের পরিত্যক্ত বীজ থেকে একটি নির্যাস তৈরি করি, যা কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। ইঁদুরের ওপর ওই নির্যাস পরীক্ষার সময় দেখা গেছে, এ নির্যাসের বিষাক্ততা নেই বললেই চলে এবং উচ্চমাত্রায় এই নির্যাস প্রয়োগে ইঁদুরগুলোর লিভার ও কিডনিতে সামান্য পরিবর্তন দেখা গেলেও উল্লেখযোগ্য কোনো খারাপ লক্ষণ দেখা যায়নি।

গবেষকের নিজস্ব অর্থায়নে গবেষণাটি শুরু হয় ২০২৩ সালের এপ্রিলে। গবেষণার প্রাথমিক ফলাফল একটি বৈজ্ঞানিক জার্নালে গৃহীত হয়েছে বলেও জানান গবেষক দলের প্রধান ড. গোলজার হোসেন।

গবেষক দলে আরো ছিলেন- মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. শারমিন আক্তার, কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার সাহা, স্নাতকোত্তর শিক্ষার্থী রাহীলা জান্নাত সাদিয়া, চন্দন সিকদার, আনন্দ মজুমদার, মোসলেমা জাহান মৌ এবং নাজমুল হাসান সিয়াম।

স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে গবেষক দল দেখেছে আমের বীজের নির্যাস ব্যাকটেরিয়ার কোষের গঠন ধ্বংস করতে সক্ষম। এটি ব্যাকটেরিয়া দ্বারা তৈরি বায়োফিল্মও ধ্বংস করতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত ইঁদুরের ওপর এই নির্যাস প্রয়োগে ওই সংক্রমিত ইঁদুরগুলো দ্রুত সুস্থ হয়ে ওঠে।

আমের আঁটির অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান প্রয়োগের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গবেষক জানান, বর্তমানে আমরা পোল্ট্রিতে এই নির্যাস প্রয়োগের প্রাথমিক কাজ শুরু করেছি। যদি সফল হই তাহালে এটি বাংলাদেশের পোল্ট্রি সেক্টর ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান অবদান রাখবে এবং অর্থনৈতিক সাশ্রয় সাধিত হবে, যা জাতীয় উন্নয়নে সহায়ক হবে।
 
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে প্রধান গবেষক ড. গোলজার জানান, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সারাবিশ্বে একটি বৈশ্বিক হুমকি। মানুষের পাশাপাশি প্রাণীর ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসায় অ্যান্টিবায়োটিকই প্রধান ভরসা। তবে অনেক ব্যাকটেরিয়া বাণিজ্যিকভাবে উৎপাদিত সিন্থেটিক অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের প্রতি প্রতিরোধ গড়ে তুলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( ডব্লিউএইচও) এএমআরকে জনস্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দেশ-বিদেশে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ভেষজ ওষুধগুলো সিন্থেটিক ওষুধের বিকল্প হিসেবে নিরাপদ, সুবিধাজনক এবং সাশ্রয়ী। ডব্লিউএইচও ভেষজ পরিত্যক্ত পদার্থ নিয়ে গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে।
 
তিনি আরো জানান, বাংলাদেশ আম উৎপাদনে বিশ্বে অন্যতম। আমে বিভিন্ন ধরনের ম্যাক্রো ও মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। আমের খোসা ও বীজের কার্নেল ঔষধি গুণাগুণসম্পন্ন হলেও সাধারণত এই অংশগুলো পরিত্যক্ত হিসেবে ফেলে দেয়া হয়। ইতিপূর্বে আমের খোসা ও পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা নিয়ে কিছু গবেষণা হয়েছে। তবে আমের বীজের (আঁটি) কার্যকারিতা নিয়ে বাংলাদেশে কোনো বৈজ্ঞানিক প্রকাশনা পাওয়া যায়নি। যদিও কয়েকটি দেশে এ বিষয়ে প্রাথমিক গবেষণা হয়েছে।

গবেষণার বিষয়ে অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, যেসব ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ, সেসব ব্যাকটেরিয়ার ওপর এর কার্যকারিতা তেমন নেই। এর অর্থ এই ক্রুড নির্যাসটির মধ্যে এমন কিছু আছে, যা কিনা এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করেছে। এখন আমাদের অধ্যাপক গোলজারের টিমের যেটি মেইন কাজ, তারা এই সক্রিয় উপাদান বের করার চেষ্টা করবে। যে সক্রিয় উপাদানটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করেছে, সেটি যদি বের করা যায়, তবে আমি বলতে পারি, বর্তমানে এটির যে বিষাক্ততা আছে সেটির ৯৯.৯৯ ভাগ চলে যাবে।

এমএসএম / জামান

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ