ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে সাহসী পাখি ফিঙে


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২২-৭-২০২৫ দুপুর ৩:৪১

পল্লী গ্রামের অতি পরিচিত পাখি ফিঙে। একসময়ে সবুজে ঢাকা মাঠ, সোনালি ধান ক্ষেত কিংবা গ্রামের ছায়াঘেরা ঝোপঝাড়ে ছিল এদের অবাধ বিচরণ। বর্তমানে নানা প্রাকৃতিক প্রতিকূলতায় বারহাট্টাসহ গ্রাম বাংলার প্রকৃতি থেকে ক্রমেই আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে কৃষকের পরম বন্ধু খ্যাত উপকারী এই পাখিটি।

একসময়ে গ্রাম বাংলার রাখালরা যখন উন্মুক্ত ফসলের মাঠে গরু, মহিষ কিংবা ছাগল ছেড়ে দিয়ে আনমনা হয়ে বসে থাকতো। অখন গবাদি পশুগুলোর পিঠে ফিঙে পাখিরা বসে উড়ে উড়ে ফড়িং, মৌমাছি, পিঁপড়া, ওলু পোকা, পতঙ্গ, মাজরা পোকা, মাকড়সা এবং পঙ্গপালের মতো ফড়িংসহ পোকামাকড়কে খেতে দেখা যেতো। আবার কৃষক যখন লাঙ্গলের হাল ধরে, এর পেছনে পেছনে ফিঙে পাখি জড়ো হয়ে উন্মুক্ত শুঁয়োপোকাগুলো তুলে তুলে খাওয়ার দৃশ্যও অন্যরকম লাগতো। বাংলা কবিতায় ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্র নাথ দত্ত "কোন দেশেতে" কবিতায় বাংলার রূপ নিয়ে লিখতে গিয়ে ফিঙ্গের নাচকে চমৎকারভাবে ফুটিয়ে তুলে লিখেছেন- "কোথায় ডাকে দোয়েল-শ্যামা; ফিঙে নাচে গাছে গাছে?; কোথায় জলে মরাল চলে, মরালী তার পাছে পাছে?" গায়ে নেই কোন রঙের বাহার, নেই ময়ূরের মতো পেখম কিংবা কোকিলের মতো মধুর কণ্ঠস্বর। কিন্তু একটি মাত্র তীক্ষ্ণ ডাকে সে থমকে দিতে পারে হিংস্র শিকারি পাখিকেও। সেই সাহসী পাখিটিই অতি পরিচিত পাখি ফিঙে। অথচ বিভিন্ন কারণে প্রায় বিলুপ্তির পথে ক্ষুদ্র দেহী সাহসী পাখি ফিঙে।

সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে ও কয়েকজনের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, উজ্জ্বল কুচকুচে কালো রং ও মিষ্টি সুরে ডাকা পাখি ফিঙে। এ পাখিটি আমাদের অঞ্চলে ‘হ্যাচ্ছা’ পাখি নামে পরিচিত। আগে গ্রামাঞ্চল ছাড়াও শহরাঞ্চলের বৈদ্যুতিক কিংবা টেলিফোনের তার, বাড়ির ছাঁদ ও বাড়ির আশপাশে দেখা যেতো পাখিটি। এরা বসতবাড়ির আশেপাশে খড়ের গাদা, বিদ্যুতের খুঁটি, টেলিফোন পোল, দালানের ফাঁক-ফোকর, গাছের কোঠর, ভেন্টিলেটর ইত্যাদির ভেতর বাসা বাসা বাঁধে। গ্রাম বাংলার আনাচে-কানাচে এখন আর আগের মতো ফিঙের দুরন্ত গতিতে চলা ও ডাক তেমন শোনা যায় না।

কথা হয় বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল ও কলেজ) বাংলা বিষয়ের সিনিয়র প্রভাষক বিজয় চন্দ্র দাসের সাথে তিনি বলেন, একসময়ে ভোরে গানের সুরে মানুষের ঘুম ভাঙ্গানো কিংবা কাক পাখি তাড়িয়ে নিয়ে বেড়ানোর দৃশ্য গ্রামের মানুষের কাছে অতি পরিচিত। বনে-বাদাড়ে হিংস্র কোন প্রাণির উপস্থিতি টের পেয়ে অন্যরকম সুর করে আশেপাশের পাখ পাখালিদের সতর্ক করার কাজটি করে এ পাখিটি। এছাড়াও সবচেয়ে যে মূল্যবান কাজটি করে তা হচ্ছে আমাদের ফসলের ক্ষতিকর পোকামাকড় নিধন। যার ফলে তাকে ফসলের অতন্ত্র প্রহরি বলা হয়ে থাকে। ক্ষুদ্রদেহী হলেও এ পাখির সাহস, বুদ্ধিমত্তা আর বেপরোয়া গতির ছন্দের রাজা কিংবা পাখির রাজা বলেও তার পরিচিতি রয়েছে।

তিনি আরও বলেন, আধুনিক যুগে এসে নগরায়ন, আকাশচুম্বী মোবাইল টাওয়ার, বৃক্ষনিধন, কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার এবং বসতির বিস্তারের কারণে ফিঙেসহ অনেক দেশি পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাদের ডাক, তাদের ডানা মেলা, এমনকি তাদের সাহসিকতার গল্পও যেন আজ কেবলই বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়ছে। এ অবস্থায় ফিঙেকে রক্ষা করা মানেই প্রকৃতিকে রক্ষা করা। ফিঙে শুধু একটি পাখি নয়! সে সাহসের প্রতীক, সংকটে আত্মরক্ষার কৌশলের প্রতিচ্ছবি। ফিঙে পাখি প্রকৃতির এক ক্ষুদ্র বলিষ্ঠ যোদ্ধা। মফস্বলের স্কুল মাঠে, গ্রামের পেছনের খোলা মাঠে কিংবা নদীর পাড়ে কেউ কেউ আজও ফিঙের সেই তীক্ষ্ণ ‘চ্যাঁচ’ ডাক শুনে চমকে ওঠে। মনে হয়, সেই ছোট পাখিটি যেন আমাদের মনের হারিয়ে যাওয়া সাহসকে আবার জাগিয়ে দিচ্ছে। তাই উপকারী এই পাখিটিকে বিলুপ্তির পথ থেকে রক্ষা করতে সন্মানিতভাবে আমাদের এগিয়ে আসতে হবে।

বারহাট্টা সরকারি কলেজের জীববিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রভাষক মজিবুল হকের সাথে কথা বললে তিনি জানান, ফিঙে পাখি ড্রোনগো (Drongo) পরিবারের একটি গায়ক পাখি। এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থায়ী বাসিন্দা। এর বৈজ্ঞানিক নাম: 'Dicrurus macrocercus' ইংরেজি নাম ব্ল্যাক ড্রোনগো (Black Drongo)। শহরের চেয়ে গ্রামাঞ্চলে এ পাখির দেখা মেলে বেশি।পৃথিবীতে প্রায় ২৪ প্রজাতির ফিঙে রয়েছে। এর মধ্যে বাংলাদেশে ৬ প্রজাতির ফিঙে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এ পাখির প্রাধান্য রয়েছে।

তিনি বলেন, এদের প্রজনন সময় মার্চ থেকে জুন মাস পর্যন্ত। এরা তিন থেকে চারটি ডিম দেয়। ডিম ফুটতে সময় লাগে ১৪-১৫ দিন। ফিঙে লম্বায় লেজসহ প্রায় ২৮ থেকে ৩১ সেন্টিমিটার হয়ে থাকে। পুরুষ ও স্ত্রী ফিঙে সহজে আলাদা করা যায় না। ফিঙের খাবার তালিকায় রয়েছে- ঘাসফড়িং, হলুদ মাজরা পোকা, বাদামি ঘাসফড়িং, পামরি পোকা।

বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক ফেরদৌস আহমেদ বলেন, ফিঙেসহ বিভিন্ন প্রজাতির পাখি আজ বিলুপ্তির পথে। নির্বিচারে পাখি শিকার, বন-জঙ্গল উজাড় করে গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে পাখির বিচরণ কমে যাচ্ছে। তা ছাড়াও ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলেও পাখির বিচরণক্ষেত্র কমে যাচ্ছে। ফলে প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতির পাখি। এখনই পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ না নিলে পাখি রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই ফিঙেসহ অন্যান্য জাতের পাখি সংরক্ষণের জন্য সামাজিক বনায়ন সৃষ্টি করার সঙ্গে সঙ্গে পাখি শিকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

রাজশাহী সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন

তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে, রংপুর অঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ চলছে কুড়িগ্রামে- ত্রাণমন্ত্রী

শেরপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত

ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ

দরিদ্রতা কমিয়ে আনাই প্রধান লক্ষ্য- সফিকুর রহমান কিরণ

বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে কুড়িগ্রামে এক লাখ মানুষের ইফতার

শ্রীপুরে আমলসার ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাউল বিতরণ

বরগুনায় ফসলি জমির মাটি ইটভাটায়, অপসারণের দাবি স্থানীয়দের

‎ঈদ সামনে রেখে কুতুবদিয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক প্রচারণা

চট্টগ্রাম বন্দরে ইনল্যান্ড মাষ্টার পদে পদোন্নতিতে অনিয়মের অভিযোগ

পাকশী থেকে ২ টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার

আদমদীঘিতে ১১০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার -২

গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ