ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ছাত্রদলে না মিললে ছাত্রলীগ নিয়োগ

প্রো-ভিসি ও ট্রেজারারের বিরুদ্ধে তারেক রহমানের বক্তব্য বিকৃত করে প্রচারের অভিযোগ


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ১:৪১

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-কে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। সংগঠনটির অভ্যন্তরীণ একাধিক সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ এবং সাদা দলের সভাপতি অধ্যাপক মো. আবুল বাশারের বক্তব্যকে ঘিরে এ বিতর্কের সূত্রপাত।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, সাদা দলের পৃথক দুটি সভায় উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উল্লেখ করেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন—ছাত্রদল বা সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে পর্যাপ্ত মেধাবী প্রার্থী না পাওয়া গেলে ছাত্রলীগের মেধাবীদেরও নিয়োগ দেওয়া যেতে পারে। অনলাইনের জনপ্রিয় মাধ্যম ‘স্কাইপি’-তে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের এমন বক্তব্যে সাদা দলের একাংশের মধ্যে ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে বলে জানা যায়। সম্প্রতি সংগঠনটির এক সাধারণ সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়।

জানা যায়, সভায় সাদা দলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানান। তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন তোলেন—বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সংশ্লিষ্ট প্রার্থীরা অধিকতর যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও কীভাবে গণহারে নিয়োগ পেলেন।

তার প্রশ্নের উত্তরে সাদা দলের সভাপতি অধ্যাপক মোঃ আবুল বাশার বলেন, “তারেক রহমান ছাত্রলীগ থেকে নিয়োগ দিতে বলেছেন।” এমনটাই দাবি করেন তিনি।

একই সঙ্গে নিয়োগে নির্দিষ্ট কয়েকটি জেলার প্রার্থীদের আধিক্য নিয়েও তিনি ব্যাখ্যা চান। কিন্তু মিটিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফসহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকলেও এ বিষয়ে তারা কোনো ব্যাখ্যা দেননি।

বিষয়টির সত্যতা যাচাই করতে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ দলের শীর্ষ রাজনৈতিক নেতার নাম উল্লেখ করে এ ধরনের বক্তব্য উপস্থাপন করা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। এর মাধ্যমে কোনো অনিয়মকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হতে পারে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “কোনো শীর্ষ নেতার নাম সামনে এনে এ ধরনের বক্তব্য উপস্থাপন করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। এটি মূলত নিয়োগসংক্রান্ত অনিয়ম বা বিতর্ককে আড়াল করার একটি অপচেষ্টা।”

নিষিদ্ধ সংগঠনের প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কারও নিয়োগ আইনগত ও নীতিগতভাবে গ্রহণযোগ্য হতে পারে না।

আরেক অধ্যাপক ড. নাহিদ জেবা বলেন, “সভায় বলা হয়, ছাত্রদল থেকে না পেলে ছাত্রলীগের মেধাবীদের নিয়োগ দেওয়া হবে। আমি এর প্রতিবাদ করেছি, কারণ নিষিদ্ধ সংগঠনের কেউ নিয়োগ পেতে পারে না।”
তিনি আরও বলেন, “একই সঙ্গে প্রশাসনিক ও দলীয় দায়িত্বে থেকে এমন বক্তব্য দেওয়া উচিত নয়। এতে প্রতিষ্ঠানের নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

সভায় উপস্থিত সাদা দলের আরও কয়েকজন সদস্যের সঙ্গেও কথা বলে একই ধরনের তথ্য পাওয়া গেছে।

অভিযোগের বিষয়ে শেকৃবি কোষাধ্যক্ষ এবং সাদা দলের সভাপতি অধ্যাপক মো. আবুল বাশার বলেন, তার বক্তব্যের অর্থ ছিল—ছাত্রদল থেকে পর্যাপ্ত মেধাবী প্রার্থী না পাওয়া গেলে অন্য যেকোনো দলের মেধাবীদের বিবেচনায় আনা যেতে পারে। তিনি দাবি করেন, সেখানে নির্দিষ্টভাবে কোনো নিষিদ্ধ সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, তিনি সাদা দলের সভাপতির বক্তব্যই পুনরুল্লেখ করেছিলেন। তারেক রহমানের সঙ্গে ব্যক্তিগত কোনো বৈঠকে অংশ নেওয়ার সুযোগ হয়নি উল্লেখ করে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং জানান, তিনি নির্দিষ্টভাবে ছাত্রলীগের নাম উল্লেখ করেননি।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় একটি গণমাধ্যমে ‘নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, আওয়ামী সংশ্লিষ্ট ২৫ জন ব্যক্তি নিয়োগ পেয়েছেন, যাদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি। প্রতিবেদনে নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের অভিযোগও উত্থাপন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক