বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে তারা স্কোয়াডে পরিবর্তন আনে। এবার ম্যাকাইতে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটির আগে একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাধারণত টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া, টাইগারদের হারাতে তারা এবার বেশ ভেবেচিন্তে আগাচ্ছে!
আগামীকাল (শনিবার) ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল। ড্র হলেও তারা প্রথমবার টেস্টে টাইগারদের কাছে সিরিজ হাতছাড়া করবে। ফলে জয় ভিন্ন বিকল্প নেই অজিদের সামনে। নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে ম্যাকাইতে নামতে পারে স্বাগতিকরা।
সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্পিনারকে বাইরে রাখা হয়, সেটি হবে স্কট বোল্যান্ডের অনুকূলে সিদ্ধান্ত। আর তা হবে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে পঞ্চমবার বিশেষজ্ঞ কোনো স্পিনারকে ছাড়া ম্যাচ। সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে সাইডলাইনে ছিলেন টড মারফি। দলে থাকলেও অজিরা এই স্পিনারকে খেলায়নি।
ডারউইন টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানকার ‘লোকাল বয়’ জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই বলার মতো কিছু করতে পারেননি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশকে দলে ডাকেন অজি নির্বাচকরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে পারেন ৩০ বছর বয়সী ব্যাটার রেনশ।
এদিকে, লায়নকে একাদশের বাইরে রাখলে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন। এ ছাড়া অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তো আছেন–ই, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বোল্যান্ড। এই পেসারকে আগামীকালের ম্যাচে নেওয়ার বিষয়টি নির্বাচকরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন কামিন্স। তার মতে, টস দিতে নামার সময় একাদশ চূড়ান্ত হবে।
এমএসএম / এমএসএম
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?