সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে বাংলাদেশকে ৬৪ রানে গুঁড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়া যখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছিল, তখন হয়তো কেউ ভাবেনি দিনের শেষটা এমন হবে। কিন্তু চোট কাটিয়ে ফেরা শরিফুল ইসলাম বদলে দিলেন পুরো চিত্রনাট্য। প্রথম ওভারেই দুই উইকেট নেওয়ার পর শেষ ঘণ্টায় পাঁচ বলে তিন শিকার! শেষ পর্যন্ত ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে এমন ধাক্কা দিলেন, যাতে প্রথম দিনের হতাশার মাঝেও বাংলাদেশ খুঁজে পেলো লড়াইয়ের রসদ।
তার দুর্দান্ত প্রত্যাবর্তন-ই অস্ট্রেলিয়ার আধিপত্যে ভরা একটি দিনকে বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক করে তুলেছে। শনিবার ম্যাকাইয়ে বাঁহাতি এই পেসার ৬ উইকেট নিয়েছেন মাত্র ৩৫ রানের বিনিময়ে।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা ২৫ বছর বয়সী শরিফুল ফিরেই টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর অস্ট্রেলিয়ার পতন হওয়া আট উইকেটের ছয়টিই তুলে নেন তিনি।
প্রথম ওভারেই দুইবার আঘাত হানেন শরিফুল। মাত্র পাঁচ বলের মধ্যে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে স্কোরবোর্ড ৩ উইকেটে ৪১ রান করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন তিনি।
এরপর স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন ৭৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই জুটিও ভেঙে দেন শরিফুল। তার বলে এলবিডাব্লিউ হয়ে ৪২ রানে ফেরেন স্মিথ।
এর কিছুক্ষণ পর অ্যালেক্স ক্যারিকে মাত্র ৫ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। এতে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে।
আর সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করেন শরিফুল। শেষ ঘণ্টায় মাত্র পাঁচ বলের মধ্যে তুলে নেন তিনটি উইকেট। বাউ ওয়েবস্টারকে গোল্ডেন ডাক দিয়ে এলবিডাব্লিউ করেন তিনি। এরপর প্যাট কামিন্সের গ্লাভসে লেগে বল চলে যায় লিটন দাসের হাতে। পরের বলে মিচেল স্টার্ককে বোল্ড করে অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারে রীতিমতো তাণ্ডব চালান শরিফুল।
তবে ক্যামেরন গ্রিনের অপরাজিত ৫১ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান পর্যন্ত নিয়ে যায়। নাথান লায়ন অপরাজিত আছেন ১০ রানে। অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ১০১ রানে।
দিন শেষ হওয়ার পর শরিফুল জানিয়েছেন, প্রথম পাঁচ উইকেট পাওয়ার পেছনে অনুশীলনে প্রস্তুতির বড় ভূমিকা রয়েছে, ‘আজ আমার প্রথম পাঁচ উইকেট। অনুশীলনে আমি এটাই করেছি। ম্যাচে এসে নিজেকে সেট করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘৩০ ওভার পরও বল মুভ করছে। এটা আমাদের ফাস্ট বোলারদের জন্য সহায়ক।’
কামিন্সের উইকেটটি শরিফুলের কাছে ছিল বিশেষ আনন্দের। কারণ এর কিছুক্ষণ আগেই শর্ট বল করে শরিফুলের কাঁধে আঘাত করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। হেসে শরিফুল বলেন, ‘ভালো লেগেছে। কারণ সে আমাকে বাউন্সার মেরে কাঁধে লাগিয়েছিল।’
শরিফুলের পারফরম্যান্স আরও বেশি বিস্ময়কর হয়ে ওঠে দিনের শুরুতে তার ব্যাটিং বিবেচনায় নিলে। ১১ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছিলেন তিনিই।
এর ফলে টেস্ট ক্রিকেটে এক অনন্য কীর্তি গড়েছেন শরিফুল। প্রথম ক্রিকেটার হিসেবে ১১ নম্বরে ব্যাট করে নিজের দলের হয়ে সর্বোচ্চ রান করার পাশাপাশি একই ইনিংসে প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চসংখ্যক উইকেট নিয়েছেন তিনি।
aliul / aliul
ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ
বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর
ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি
৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল
এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড
শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া
স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে
দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র