ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১১:২৬

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ বলায় আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিমসনের বিরুদ্ধে সরব হয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইরিশ কোচের মন্তব্যকে ‘মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামি’ বলে কটাক্ষ করেছে তারা।

আগামী বৃহস্পতিবার কসোভোর বিপক্ষে উয়েফা নেশনস লিগ শুরু করবে আয়ারল্যান্ড। তবে প্রতিযোগিতার ড্র হওয়ার পর থেকেই ইসরায়েলের বিপক্ষে তাদের দুটি ম্যাচ ঘিরে বিতর্ক চলছে। গাজায় চলমান পরিস্থিতির প্রতিবাদে ম্যাচ দুটি বর্জনের দাবিও উঠেছে।

গত সপ্তাহে দল ঘোষণার সময় ইসরায়েলের বিপক্ষে ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হয় হালগ্রিমসনকে। জবাবে তিনি বলেন, ‘আমরা গণহত্যার সঙ্গে খেলছি না, আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি। আমরা ইসরায়েলের বিপক্ষে খেলছি, ইসরায়েলের সঙ্গে নয়।’

হালগ্রিমসনের ওই মন্তব্যের পর উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর কথা বিবেচনা করছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন—এমন খবরও প্রকাশিত হয়েছে। সোমবার নিজেদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আইএফএ লিখেছে, ‘বিশ্ব ও মানবতার জন্য আমরা অসংখ্য ক্ষেত্রে অবদান রেখেছি, জিতেছি অনেক নোবেল পুরস্কারও। দুর্ভাগ্যজনকভাবে, আয়ারল্যান্ড দলের কোচের মূর্খতা, অজ্ঞতা ও ভণ্ডামির কোনো প্রতিকার এখনো খুঁজে পাইনি।’

পোস্টে আরও বলা হয়, ‘আমরা অজ্ঞতা, ভণ্ডামি ও মূর্খতার বিরুদ্ধে খেলছি না; আমরা খেলছি সেই কোচের বিপক্ষে, যিনি এসবেরই প্রতীক।’ এ ঘটনায় আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

গাজা পরিস্থিতি নিয়ে গত বছরও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জানিয়েছিলেন আয়ারল্যান্ড কোচ। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ফিফা ও উয়েফা রাশিয়াকে নিষিদ্ধ করলেও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য দেশটিকে কেন একই ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

আগামী ২৭ সেপ্টেম্বর হাঙ্গেরির দেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলের বিপক্ষে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এরপর ৪ অক্টোবর সার্বিয়ার বাকা তোপোলায় হবে দুই দলের নির্ধারিত ‘হোম’ ম্যাচ। নিরাপত্তা ও পরিচালনাগত চ্যালেঞ্জের কথা উল্লেখ করে ডাবলিন থেকে ম্যাচটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এফএআই।

এদিকে, আয়ারল্যান্ডের ১৬০ জনের বেশি ক্রীড়াবিদ দেশটির জাতীয় ফুটবল দলের প্রতি খোলা চিঠি দিয়ে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের আহ্বান জানিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন জানায়, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা করেছে এবং তা অব্যাহত রেখেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ অবশ্য ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

aliul / aliul

ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা

‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’

বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল

চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান

১০ জনকে হারিয়ে বার্সার কাছে আতলেতিকো

কোরিয়াকে হারিয়ে পদকের আশা কাবাডিতে