ঢাকা শনিবার, ৭ মার্চ, ২০২৬

নগরে পরিবহনে নৈরাজ্য

এলডিপি ক্যাডার জানে আলমের চাঁদাবাজিতে অতিষ্ঠ চালকেরা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১২:২৬

উপজেলায় তিনি এলডিপি নেতা। নগরে তিনিই আবার পরিবহন শ্রমিক লীগ নেতা। পুলিশ ও ট্্রাফিক প্রশাসনকে ম্যানেজ করে তার নেতৃত্বে চলছে প্রায় ৫ শতাধিক অননুমোদিত ও ফিটনেসবিহীন যানবাহন। এই খাত থেকেই তার মাসিক আয় প্রায় ১০ লাখ টাকা। নতুন ব্রীজ এলাকায় খোলা আকাশের নিচে অনুমতি বিহীন ঝুঁকিপূর্ণভাবে পেট্রোল, ডিজেল ও অকটেন বিক্রির ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  পরিবহন খাত থেকে চাঁদাবাজি ও প্রভাব খাটিয়ে তিনি এখন কাঁড়ি কাঁিড় টাকার মালিক। 

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের নামে বাকলিয়া টু নতুন ব্রিজ, নতুন ব্রিজ টু নিউ মার্কেট ও টাইগারপাস এলাকায় রুট পারমিটবিহীন প্রায় ৪ শ মাহিন্দ্রা, ম্যাক্সিমা ও পিয়াজু গাড়ি চলাচল করছে। এসব গাড়ি থেকে দৈনিক ২০০, ওয়েবিল থেকে ১০০ ও ১০ টাকা হারে চাঁদা নেন জানে আলমের সংগঠনের লোকজন। এদের মধ্যে লিটন, কালু, হিরু, রফিক-১, রফিক-২, আবুল হোসেন, জামাল উদ্দিন, মোহাম্মদ কাশেম, রুবেলসহ আরো কয়েকজন নির্দিষ্ট মোড়ে দাঁড়িয়ে থেকে গাড়িগুলোর কাছ থেকে চাঁদা সংগ্রহ করছেন।

জানা যায়, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া ইউনিয়নের ধাইয়ার বাড়ির দিনমজুর গুরামিয়ার পুত্র মোহাম্মদ জানে আলম। গত জাতীয় নির্বাচনে চন্দনাইশ উপজেলা এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের (এলডিপি) সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১২ বছর ধরে নগরে থাকার সুবাদে যুক্ত হন চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নে। গত নির্বাচনে তিনি সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।বিভিন্ন গাড়ির একাধিক চালক নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন, গাড়ির ভাড়া সব সময় একই হয় না। ভাড়া পাওয়া না গেলেও জানে আলমের দলকে প্রতিদিন ২০০ টাকা দিতে হয়। অন্যথায় মারধরের শিকার হতে হয়। রাস্তায় গাড়ি চলাচলের সময় পুলিশ ও ট্রাফিক সমস্যা করলে সংগঠনের নেতা জানে আলম ও জাহিদ ভাইয়েরা সব সমাধান করে ফেলেন। ডকুমেন্ট ও ড্রাইভিং লাইসেন্স না থাকলেও গাড়ি চলছে।তারা জানান, নতুন ব্রীজ এলাকায় ফুটপাতে জানে আলমের একটি অবৈধ ভেজাল জ্বালানি তেলের দোকান রয়েছে। তার দোকান থেকে তেল নিতে চালকদের বাধ্য করা হয়। যারা অন্য জায়গায় থেকে তেল কেনেন, পরেরদিন তাদেরকে আর গাড়ি চালাতে দেওয়া হয় না।

অনুসন্ধানে জানা গেছে, হঠাৎ করে কোটিপতি বনে যাওয়া জানে আলমের গ্রামের বাড়ি চন্দনাইশের কেশুয়ায়। গত তিন বছর আগে একটি মাটির ভাঙ্গা ঘর ছিল। এখন সেখানে ৩ তলা বিশিষ্ট বিলাসবহুল ভবন উঠেছে। আরো দুই তলার কাজ চলছে। ওই ভবনের পুরো টাকার জোগানদার ম্যাক্সিমা চালক জানে আলম। বর্তমানে তার ৮টি গাড়ি রয়েছে। এরমধ্যে চার চাকার ক্যাব ঢাকা- মেট্রো গ ১১-৭২৭১, ম্যাক্সিমা গাড়ি চট্টমেট্রো ফ ১১-২৫৪৭, ১১-২৮৫৭, ১১-২৫৪৮, ১১-২২৯৯, ১১-২৮৪৮, অটোরিকশা চট্টমেট্রো থ-১১-২০৪৬ এবং একটি মোটর সাইকেল চট্টমেট্রো-১১-৩৩৩৮ রয়েছে। এসব গাড়ি পরিবহন সেক্টরের চাঁদাবাজির টাকায় কেনা। বেশিরভাগ সম্পত্তি তাঁর স্ত্রীর নামে। চট্টগ্রাম নগরীতে অগ্রণী ব্যাংক ও এনসিসি ব্যাংকে নিজের ও স্ত্রীর নামে রয়েছে বেশ কয়েকটি একাউন্ট। স্বনামে-বেনামে রয়েছে একাধিক প্রতিষ্ঠান।

চাঁদাবাজির ঘটনায় গত বছরের আগস্ট মাসে মো. ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১), মো. উদয়ন মজুমদার (৩৫) নামের তার বাহীনির ৫ সদস্য  জানে আলম ও জাহেদের সংগঠনের নামে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করেছে র‌্যাবÑ ৭।  তাদের কাছ থেকে জব্দ করা  হয়েছিল তিনটি চাকু ও চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা। কিছুদিন জেল খাটার পর জামিনে এসে আবারো আগের কায়দায় জড়িয়ে পড়েছে চাঁদাবাজিতে।

তার আয়ের উৎস :
সে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করে অল্প সময়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছেন। চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি: ১৩০৯) নাম ব্যবহার করে সে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ থেকে কোতোয়ালী থানার নিউ মার্কেট পর্যন্ত বিশাল একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি করছে। 
এদিকে নগর ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের টিআই (প্রশাসন) বলেন, ‘টাইগারপাস হয়ে নতুন ব্রিজ পর্যন্ত কিছু গাড়ির রুট পারমিট আছে। লোকজনের সুবিধার্থে এই গাড়ি চলছে সংগঠনের নামে। টাকা নেওয়ার বিষয়টি আমি জানি না। তবে আমি শ্রমিক সংগঠনের সভাপতি জাহিদ ও জানে আলমকে নামের পরিবহন নেতাদের চিনি। শহরের বেশিরভাগ এই ধরনের গাড়ি শ্রমিক সংগঠনের নামেই চলছে। তারপরও রুটে অবৈধ যানবাহনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

জানে আলমের বিরুদ্ধে যত ফৌজদারি মামলা:
গত জাতীয় নির্বাচনে চন্দনাইশে এলডিপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় জানে আলমের বিরুদ্ধে রয়েছে একাধিক নাশকতার মামলা। ২০০৯ সালে এক নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নম্বর ২১২) দায়ের হয়েছে। একই বছরে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নুরুল বাশার নামে এক শ্রমিক নেতা মামলা দায়ের করে। সম্প্রতি মোহাম্মদ দুলাল নামের এক ব্যক্তি জানে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ তুলে মামলা দায়ের করেন তার বিরুদ্ধে।


আরো যত অভিযোগ: 
চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি: নং- চট্ট. ১৩০৯) নেতৃত্বের বলয়ে সভাপতি মো . জাহেদ ও সাধারণ সম্পাদক মো . জানে আলমের বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে জোড়পুর্বক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। একই সাথে চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাদেরকে নির্যাতন নিপিড়নও করা হয় বলে জানা গেছে। এসব বিষয় উল্লেখ করে গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের বিভাগীয় শ্রম পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেছেন সংগঠনের ৩০০ নং সদস্য মো : মাঈন উদ্দিন , ৪৩১ নং সদস্য মো . ফারুক ও ১৫০ নং সদস্য মো. রিপন।  একই অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে দুদক চেয়ারম্যান ও সিএমপি কমিশনারকেও। 
অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ও ইউনিয়নের গঠনতন্ত্র পরিপন্থি এবং মেট্রো আরটিসির রুট অমান্য করে শ্রমিক-মালিক-যাত্রী নির্যাতন , ভাড়া নৈরাজ্যের মাধ্যমে কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্তির বলয়ে নির্বাচন বিহীন নেতৃত্ব দখল করে দীর্ঘকাল যাবত মেট্রো আরটিসি অনুমোদিত ১৭ নং অটোটেম্পো রুটে চালকদের  রুটে চালকদের ভর্তি ফি ২৫ হাজার টাকা। কর্মকালীন সময়ে নতুন ব্রীজ,কোতোয়ালী মোড় , জিপিও এলাকায় বিভিন্ন স্তরে দৈনিক ২৮০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
এছাড়া এই রুটে সিলিং সংখ্যা ১৪০ টি হলেও পারমিটবিহীন বহিরাগত অটোটেম্পো ৪০ হাজার টাকার বিনিময়ে সংগঠনের নামে চলার সুযোগ করে দিয়ে থাকে এবং পারমিট অনুমোদিত অটোটেম্পোও এককালীন ২০ হাজার টাকা নিয়ে মাসিক ১ হাজার টাকা করে প্রায় ৪০০ টি গাড়ি থেকে নিয়মিত মোটা অংকের চাঁদা আদায় করছে। মেট্রো আরটিসি অনুমোদিত ১৭ নং অটোটেম্পো রুটটি নতুন ব্রীজ থেকে মেরিনার্স রোড হয়ে ফিরিঙ্গীবাজার-কোতোয়ালী-নিউমার্কেট হয়ে টাইগারপাস পর্যন্ত যাওয়ার কথা থাকলেও স্থানীয় ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্তাদের অনৈতিক ফায়দার বিনিময়ে পরিপূর্ণ রুটে গাড়ি না নিয়ে জিপিও নিউ মার্কেটে অবৈধভাবে স্টেশন স্থাপন করায় একদিকে যাত্রীদের হয়রানি , ভাড়া নৈরাজ্যসহ অসহনীয় যানজটের সৃষ্টি করে আসছে। এ বিষয়ে কোন শ্রমিক- মালিক বা প্রতিবাদ করিলে উল্লেখিত ব্যক্তিদের বাহিনী দ্বারা নির্যাতন করে থাকে।

অভিযোগের বিষয়টি স্বীকার করে শ্রম অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এনামুল হক বলেন,  অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসব বিষয়ে জানতে চট্টগ্রাম অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম বলেন আগামী মার্চে আমাদের ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি পক্ষ ক্ষমতা দখলের পায়তারা করছে তাই তারা আমার নামে এসব অপপ্রচার চালিয়ে আমাকে সংগঠন থেকে আউট করতে চাইছে। 

শাফিন / শাফিন

নাইক্যছড়া আগাপাড়া প্রধান কারবারী শীলমোহর প্রদর্শনী অনুষ্ঠান

সিংড়ায় গ্রামবাসীর হামলায় তিন পুলিশ সদস্য আহত

ঝিনাইদহে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পাট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিয়াজুরীতে রাতের আঁধারে ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই

সরকারি গাছ উধাও মহম্মদপুরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগের তীর

বাগেরহাট শহরের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েব

রায়গঞ্জে লামিয়া খাতুনের বৃত্তি অর্জন, আনন্দে পরিবার–বিদ্যালয়

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাষ্টের ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন

কুষ্টিয়া পৌর ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক মিঠুন আলী

পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন: পঞ্চগড়ে জাতীয় পাট দিবস পালিত