৮ জেলায় বজ্রপাতে ১৪ জনের প্রাণহানি
বর্ষার শুরুতে দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে বিকেলের মধ্যে বজ্রপাতে দেশের আটটি জেলায় অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ময়মনসিংহে বজ্রপাতে এক দিনে মারা গেছেন ছয়জন। সিরাজগঞ্জে মারা গেছেন দুজন। এছাড়া নওগাঁ, বগুড়া, জামালপুর, রাজশাহী, ঢাকা ও নাটোর জেলায় একজন করে মারা গেছেন।
ময়মনসিংহ জেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টার দিকে ময়মনসিংহ সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে নান্দাইলে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো গাঙ্গাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, বৃষ্টির সময় ওই তিন শিশু এক সাথে খেলছিল। দুপুর দুইটার দিকে হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজন কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে জেলার সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন বজ্রপাত নিহত হন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জানান, সকালে মুষলধারে বৃষ্টির সময় চরমোহিনী গ্রামের ঘোগরা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হন গফুর মিয়ার ছেলে আবু সাঈদ (৩০)। তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
#সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর সিকিউরিটি গার্ডসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত শহরের একডালা মহল্লার সাইফুল (২৮) ও শামীমকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়দাবাদ শিল্পপার্ক এলাকায় এবং বেলা সাড়ে ১১টার দিকে যমুনার দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাসির উদ্দিন সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ শিল্পপার্ক এলাকার জাহাঙ্গীর আলম খানের ছেলে এবং রাজ্জাক মুন্সী (৫০) দুর্গম চরাঞ্চল কাওয়াকোলা ইউনিয়নের বর্ণি এলাকার দরবেশ আলী মুন্সীর ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, নাসির উদ্দিন শিল্পপার্ক এলাকায় সিকিউরিটি গার্ডের দায়িত্বরত ছিলেন। দুপুরের দিকে বৃষ্টির সাথে সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী জানান, নৌকায় করে ইট নিয়ে আসছিলেন ব্যবসায়ী রাজ্জাকসহ বেশ কয়েকজন শ্রমিক। এ সময় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে নৌকার উপরে বজ্রপাত হলে আব্দুর রাজ্জাক মারা যান। এ সময় আহত হন সাইফুল ও শামীম নামে দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুম) দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, দুপুরের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি উপেক্ষা করে নাঈম হোসেন বাড়ির পাশে মাঠে গরু নিয়ে যায়। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নাঈম মারা যায়।
বগুড়ার আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম সকালে তার বাড়ি পাশের মাঠে মরিচ ক্ষেতের পরিচর্যার কাজ করতে যায়। এসময় বজ্রপাতে জহুরুল ইসলাম মরিচ ক্ষেতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার কিছু পর স্থানীয়রা জহুরুলকে মরিচ ক্ষেতে পড়ে থাকতে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এদিন সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর বিলে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার শুয়াকৈর দক্ষিণপাড়া গ্রামের আনোয়ারের ছেলে ও জমশের আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শুয়াকৈর বিলে মাছ ধরতে যায় শাকিল। এ সময় হঠাৎ বজ্রপাতে বিলের পানিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, আজ সকালে মৃত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় খেলার মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে সজীব সরকার (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১০টায় নতুন সোনাকান্দা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বালুর মাঠে এই দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সকাল ৮টা থেকে বালুর মাঠে ফুটবল খেলছিলেন সজীবসহ অন্যরা। একপর্যায়ে বল মাঠের বাইরে চলে গেলে সজীব দৌড়ে বল আনতে যাওয়ার সময় বজ্রপাত হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে নাদিরা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল গ্রামে এ ঘটনা ঘটে। নাদিরার বাবার নাম পাতান আলী।
রিশিকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু এই তথ্য নিশ্চিত করে জানান, বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন নাদিরা বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের এক শিক্ষক নিহত হয়েছেন। তার নাম আতাউর রহমান। তিনি নাটোর সদরের কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা।
বাঁশবাড়িয়া কলেজের অধ্যক্ষ সাবিহা সুলতানা জানান, আতাউর রহমান তার কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি শুক্রবার দুপুরে নিজ বাড়ির পানির লাইনে সমস্যা হওয়ায় তা দেখতে ছাদে যান। তখনই বজ্রপাতের ঘটনা ঘটে। ছাদ থেকে ফিরতে দেরি দেখে তার স্ত্রীও ছাদে যান। তিনি গিয়ে দেখেন আতাউর পড়ে আছেন। স্ত্রীর চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামান / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত