ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পানিতে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৬ দুপুর ৪:১৫

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ ও পটিয়াসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক এলাকার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও বসতবাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ পানি বেড়ে যাওয়ায় অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে স্বাভাবিক জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি কৃষিজমি, মাছের ঘের এবং গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, দুই উপজেলার অধিকাংশ এলাকা এখনো পানিবন্দি। সাতকানিয়ায় অতিরিক্ত পানির কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং নিত্যপ্রয়োজনীয় কাজকর্মে দুর্ভোগ বাড়ছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বানের পানিতে বাঁশখালীতে দুই শিশু ভেসে যাওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অধিকাংশ মানুষ স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া অনেকে বিভিন্ন বহুতল ভবনেও আশ্রয় নিয়েছেন। তবে স্বেচ্ছাসেবীরা জানান, অতিরিক্ত পানি ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে সব এলাকায় খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উপকূলীয় অনেক দুর্গম ইউনিয়নে এখনো পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এবং মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় যোগাযোগ ও উদ্ধার কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলেও আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তবে নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন পটিয়ার একঝাঁক তরুণ। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পটিয়া ব্লাড ফাউন্ডেশন ও Unity For Growth (UFG) নিয়মিত ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও পটিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পটিয়া ব্লাড ফাউন্ডেশনের সদস্য তারিকুল ইসলাম বলেন, “আমরা আমাদের সাধ্যমতো বন্যাদুর্গত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং মানবিক মানুষদের উচিত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। মানবিক দায়িত্ববোধ থেকেই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জেলার প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন