সার সংরক্ষণ সক্ষমতা বাড়ল বিএডিসির
দেশের কৃষি উৎপাদন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনের সময়ে কৃষকের কাছে মানসম্মত সার পৌঁছে দেওয়া জরুরি। এ জন্য পর্যাপ্ত সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) একটি বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। প্রকল্পের
আওতায় ৩০টি জেলার বিভিন্ন এলাকায় ৪২টি নতুন সারগুদাম নির্মাণ এবং ৯২টি বিদ্যমান গুদাম সংস্কার ও পুনর্বাসন করা হয়েছে। এতে প্রায় এক লাখ মেট্রিক টন অতিরিক্ত সার সংরক্ষণের সক্ষমতা তৈরি হয়েছে। 'বিএডিসির বিদ্যমান সারগুদামসমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মাণের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম
জোরদারকরণ' শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে অনুমোদিত ৩৫০ কোটি ৮৮ লাখ টাকা। ২০১৯ সালের ১ জুলাই শুরু হয়ে চলতি বছরের ৩০ জুন প্রকল্পটির নির্ধারিত বাস্তবায়নকাল শেষ হয়েছে। এর বাস্তবায়নকারী সংস্থা বিএডিসি এবং প্রকল্প কোড ২২৪২৯৭৬০০। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল সার
সংরক্ষণের অবকাঠামো শক্তিশালী করা। পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ গুদাম পুনর্বাসন, কৃষিনিবিড় এলাকায় নতুন গুদাম স্থাপন এবং নিরাপদ পরিবেশে সার মজুতের ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে সারের মজুত ব্যবস্থাপনায় বিএডিসির সক্ষমতা বাড়ার পাশাপাশি কৃষকের কাছে দ্রুত সরবরাহের সুযোগও তৈরি হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, নতুন গুদামগুলোতে বিপুল পরিমাণ সার সংরক্ষণ করা সম্ভব হবে। এতে কৃষি মৌসুমে চাহিদা বাড়ার সময় সরবরাহ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কিছুটা কমানো যাবে। বিশেষ করে যেসব এলাকায় কৃষি উৎপাদন বেশি, সেখানে স্থানীয়ভাবে পর্যাপ্ত মজুত রাখার সুযোগ থাকায় প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ সহজ হবে।
নতুন স্থাপনার পাশাপাশি ৯২টি পুরোনো গুদাম সংস্কার ও পুনর্বাসনের ফলে বিদ্যমান অবকাঠামোর ব্যবহারযোগ্যতাও বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ ও উপযোগী গুদাম ব্যবস্থার কারণে বৃষ্টি, আর্দ্রতা ও প্রতিকূল আবহাওয়ার প্রভাব থেকে সার রক্ষা করা সহজ হবে। একই সঙ্গে খোলা জায়গায় সার রাখার প্রয়োজন কমবে এবং দীর্ঘ সময় মজুত থাকা সারের গুণগত মান ধরে রাখার সুযোগ বাড়বে।
প্রকল্প পরিচালক মো. মুজিবুর রহমান খান বলেন, নিরাপদভাবে সার সংরক্ষণ কৃষি উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। এ প্রকল্পের মাধ্যমে সার সংরক্ষণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নতুন গুদাম নির্মাণ এবং পুরোনো গুদাম পুনর্বাসনের ফলে সার সংরক্ষণ ও ব্যবস্থাপনার সক্ষমতা শক্তিশালী হয়েছে।
তিনি বলেন, দেশের কৃষি উৎপাদন ও সারের চাহিদা ক্রমেই বাড়ছে। তাই ভবিষ্যতে সংরক্ষণ সক্ষমতা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে। কৃষিনিবিড় এলাকাগুলোতে নতুন গুদাম নির্মাণ করা গেলে মৌসুমি চাহিদা মোকাবিলা করে কৃষকের প্রয়োজনের সময়ে সার সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করা সম্ভব হবে।
মুজিবুর রহমান খান ২০২৩ সাল থেকে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দায়িত্বকালেই প্রকল্পের শেষ পর্যায়ে নতুন গুদাম নির্মাণ, বিদ্যমান স্থাপনা সংস্কার ও পুনর্বাসনসহ বিভিন্ন কার্যক্রম সমন্বয় করা হয়েছে।
তিনি আরও জানান, অন্যান্য প্রকল্পের তুলনায় অনেক বেশি কঠিন ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে প্রকল্পের কাজ শেষ করতে হয়েছে। তবে নির্ধারিত ৩৫০ কোটি ৮৮ লাখ টাকার বাজেটের মধ্যেই প্রকল্পের যাবতীয় ব্যয় সম্পন্ন হয়েছে।
প্রকল্পের কাজ শেষ হলেও এখনো প্রকল্প সমাপ্তি প্রতিবেদন (পিসিআর) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন জমা দেওয়া হয়নি। প্রকল্প পরিচালক জানান, প্রকল্প শেষ হওয়ার পর এসব প্রতিবেদন প্রস্তুত ও জমা দেওয়ার জন্য সাধারণত তিন থেকে চার মাস সময় পাওয়া যায়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দুটি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
কৃষিবিদদের মতে, সার সংরক্ষণ অবকাঠামো উন্নয়ন শুধু গুদামের সংখ্যা বাড়ানোর বিষয় নয়। এর সঙ্গে সারের গুণগত মান, সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা এবং কৃষকের কাছে প্রয়োজনীয় সময়ে কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার সক্ষমতা জড়িত। ফলে বিএডিসির নতুন ও পুনর্বাসিত গুদামগুলো ভবিষ্যতে কৃ ষি উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ভবিষ্যতে আধুনিক গুদাম ব্যবস্থাপনার পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা আরও সম্প্রসারণ করা হলে মৌসুমি চাহিদার চাপ মোকাবিলা সহজ হবে। এতে সারের অপচয় ও গুণগত মানের অবনতি কমিয়ে কৃষকের কাছে নিরাপদ ও মানসম্মত সার পৌঁছে দেওয়ার সুযোগ আরও বাড়বে।
এমএসএম / এমএসএম
সার সংরক্ষণ সক্ষমতা বাড়ল বিএডিসির
নদী বন্দর শাখার সাবেক পরিচালক এ.কে এম আরিফ উদ্দিন নারী কেলেঙ্কারিতে বরখাস্ত হওয়ার ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন
ই-জিপি ছাড়াই, মেট্রোরেলের টেন্ডার
প্রকৌশল বিভাগে ঘুষের বিনিময়ে পদোন্নতির অভিযোগ
রাজধানীর গুলশান-বনানী স্পা সেন্টারের আড়ালে ভয়ঙ্কর অপরাধীদের আখঁড়া
তত্ত্বাবধায়ক প্রকৌশলী বদরুল আলমের সম্পদের ‘বিস্ময়কর’ উত্থান
বেনজীর ইউরোপের কোন দেশে পালানোর চেস্টা করছেন
ভুয়া ডি-নোট বিতর্কে রুহুল আমিন বহাল, অফিস সহায়ক ঘুরছেন দ্বারে দ্বারে
লোভনীয় পদায়নে বারবার আলোচনায় নাজমুল হাসান
জাতীয় গৃহায়ণে জালজালিয়াতি ও দুর্নীতি করে প্রাইজপোস্টিংয়ের অভিযোগ
দরকষাকষি করে ঘুষ নেন স্টেশন কর্মকর্তা নাজমুল
বন মামলার নথি বদল