ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পুরোনো বাণিজ্য মেলার জমি কার ?


 মো.শহিদুল ইসলাম photo মো.শহিদুল ইসলাম
প্রকাশিত: ৯-১১-২০২৬ দুপুর ২:৩৯

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের মালিকানা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। একদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃপক্ষের দাবি, জমিটি তাদের পূর্বসূরি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের (বিএআই) সম্পত্তি। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের দাবি, পাকিস্তান আমলে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার পরিকল্পনার আওতায় কৃষি বিভাগের জমি অধিগ্রহণ ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। পরবর্তী সময়ে সরকারি রেকর্ড, খারিজ ও ভূমি উন্নয়ন কর পরিশোধের ভিত্তিতে সংশ্লিষ্ট জমির দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।
এ নিয়ে সম্প্রতি শেকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন। তাঁদের আশঙ্কা, পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় সচিবালয় নির্মাণ করা হলে কৃষি গবেষণার সুযোগ আরও সংকুচিত হবে এবং শেরেবাংলা নগরের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হবে।
গণপূর্তের দাবি, ৫২২ একর জমি হস্তান্তর হয়েছিল: গণপূর্ত অধিদপ্তরের একটি সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, ১৯৫৯ সালের ১২ ও ১৩ জুন অনুষ্ঠিত গভর্নরদের সম্মেলনে পূর্ব পাকিস্তানে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ঢাকার তেজগাঁও এগ্রিকালচার ফার্মের প্রায় ৬২৩ একর জমি দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়। তৎকালীন পাকিস্তান সংসদেও এ প্রস্তাব অনুমোদিত হয়েছিল বলে নথিতে উল্লেখ রয়েছে।
নথি অনুযায়ী, দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার জন্য কৃষি বিভাগের জমি পাকিস্তান গণপূর্ত বিভাগকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে কৃষি বিভাগের স্থাপনা ও অবকাঠামো জয়দেবপুরে সালনায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। ১৯৬৩ সালের ২২ অক্টোবর কৃষি বিভাগ পর্যায়ক্রমে স্থাপনা সরিয়ে জমি হস্তান্তরে সম্মতি দেয়।
১৯৭০ সালের ১৯ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, কৃষি বিভাগের জমি ও অবকাঠামো স্থানান্তরের ক্ষতিপূরণ বাবদ তৎকালীন কেন্দ্রীয় সরকার ২ কোটি ৪৮ লাখ ৯৪ হাজার ১৭২ টাকা অর্থ পরিশোধ করে বলে গণপূর্তের নথিতে উল্লেখ রয়েছে।
নথিতে আরও বলা হয়েছে, প্রায় ৬২৩ একর জমির মধ্যে তিন পর্যায়ে মোট ৫২২ একর জমি পাকিস্তান গণপূর্ত বিভাগকে হস্তান্তর করা হয়। এর মধ্যে প্রথম পর্যায়ে ২৩৫ একর, দ্বিতীয় পর্যায়ে ১৭৩ একর এবং তৃতীয় পর্যায়ে ১১৪ একর জমি হস্তান্তর করা হয়। অবশিষ্ট প্রায় ১০১ একর জমি হস্তান্তর না হওয়ায় তা কৃষি বিভাগের দখলে থেকে যায়। বর্তমানে ওই জমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দখলে রয়েছে বলে গণপূর্তের নথিতে স্বীকার করা হয়েছে।
লুই আই কানের মহাপরিকল্পনায় ছিল সচিবালয়ের জায়গা: গণপূর্ত অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী, দ্বিতীয় রাজধানীর অবকাঠামো নির্মাণের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি লুই আই কানকে দিয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়। ওই পরিকল্পনায় সংসদ এলাকা, প্রশাসনিক এলাকা, হাসপাতাল এলাকা ও আবাসিক এলাকাসহ বিভিন্ন জোন নির্ধারণ করা হয়।
লুই আই কানের অনুমোদিত নকশায় প্রশাসনিক জোনে বাংলাদেশ সচিবালয় ও সংশ্লিষ্ট অন্যান্য ভবন নির্মাণের জন্য ৩০ একর জমি নির্ধারণ করা হয়েছিল বলে গণপূর্তের নথিতে দাবি করা হয়েছে।
স্বাধীনতার পর দ্বিতীয় রাজধানী প্রকল্পের আওতাধীন সরকারি স্থাপনা নির্মাণ, জমি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের ওপর ন্যস্ত হয়। অধিদপ্তরের দাবি, সংশ্লিষ্ট ভূমি অফিসের রেকর্ডে জমিটি তাদের নামে খারিজ রয়েছে এবং ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত নিয়মিত ভূমি উন্নয়ন করও পরিশোধ করা হয়েছে।
এ ছাড়া প্রস্তাবিত ৩০ একর জমির মধ্যে ৫ দশমিক ৫০ একর জায়গা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারকের মাধ্যমে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ব্যবহারের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
গণপূর্তের নথিতে আরও বলা হয়েছে, ওই জায়গায় জাতীয় সচিবালয় নির্মাণের জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়। ১৯৭৯-৮০ সালে একটি ব্লকের পাইল ফাউন্ডেশনের কাজও সম্পন্ন হয়েছিল। সর্বশেষ ২০১১ সালে জাতীয় সচিবালয় নির্মাণের জন্য প্রায় ১১০ কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়। পরবর্তী সময়ে জমিটি সবুজ পার্ক হিসেবে ব্যবহারের জন্যও নকশা ও প্রস্তাব প্রস্তুত করা হয়েছিল।
গণপূর্ত অধিদপ্তরের মতে, ক্ষতিপূরণ পরিশোধ ও জমি হস্তান্তরের ঐতিহাসিক প্রক্রিয়ার পর আলোচ্য জমিতে কৃষি বিভাগের মালিকানা দাবি গ্রহণযোগ্য নয়। তাই সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনহীন কার্যক্রম বন্ধের ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।
শেকৃবির দাবি, ১৯২০ সালে অধিগ্রহণ করা জমি তাদের
অন্যদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের দাবি, পুরোনো বাণিজ্য মেলার মাঠটি বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের সম্পত্তি। ১৯২০ সালে তৎকালীন ব্রিটিশ সরকার কৃষিশিক্ষা ও গবেষণার প্রসারের জন্য বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউটের নামে ২৯৮ দশমিক ৪৮২ একর জমি অধিগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, ওই জমির সিএস, এসএ ও আরএস রেকর্ড শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নামে রয়েছে। তবে ২০০১ সালে পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রায় ৩১ একর জমির বিএসএস রেকর্ড গণপূর্ত অধিদপ্তরের নামে করা হয়।
তাঁদের প্রশ্ন, পূর্ববর্তী খতিয়ানগুলোতে বিশ্ববিদ্যালয়ের নাম থাকা সত্ত্বেও পরবর্তী সময়ে কীভাবে জমির বিএসএস রেকর্ড গণপূর্তের নামে হলো? জমি হস্তান্তরের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা এর পূর্বসূরি প্রতিষ্ঠানের সম্মতি, ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্ট দলিলের পূর্ণাঙ্গ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন বলেও মনে করেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের দাবি, বিভিন্ন সময়ে সরকারি স্থাপনা ও অন্যান্য প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের জমি নেওয়া হয়েছে। ফলে একসময় প্রায় ২৯৮ একর জমির মালিকানা থাকা প্রতিষ্ঠানটির জমির পরিমাণ কমে বর্তমানে প্রায় ৮৭ একরে দাঁড়িয়েছে।
১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কৃষি শিক্ষার ঐতিহাসিক প্রতিষ্ঠান: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসও জমির মালিকানা বিতর্কের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িত। ১৯৩৮ সালের ১১ ডিসেম্বর ‘দি বেঙ্গল অ্যাগ্রিকালচারাল ইনস্টিটিউট’ নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক এটি প্রতিষ্ঠা করেন। এটি এ অঞ্চলের অন্যতম প্রাচীন কৃষিশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
১৯৪৭ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ইনস্টিটিউট’ করা হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট’। ১৯৬১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৬৪ সালে প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম সেখানে স্থানান্তরিত হয়। পরবর্তী সময়ে ২০০১ সালের ১৫ জুলাই বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন ধরে জমি সংকুচিত হওয়ায় কৃষি গবেষণা, ব্যবহারিক শিক্ষা ও মাঠপর্যায়ের গবেষণা কার্যক্রম পরিচালনায় নানা সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এ অবস্থায় পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরে পেলে গবেষণার সুযোগ সম্প্রসারণ সম্ভব হবে।
সচিবালয় স্থানান্তরের উদ্যোগে উদ্বেগ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় সচিবালয় স্থানান্তরের উদ্যোগের খবরে বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁদের আশঙ্কা, সেখানে বড় ধরনের অবকাঠামো নির্মাণ করা হলে শুধু কৃষি গবেষণাই ক্ষতিগ্রস্ত হবে না, শেরেবাংলা নগরের উন্মুক্ত সবুজ পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়বে।
সম্প্রতি ‘গবেষণা মাঠ পুনরুদ্ধার স্টিয়ারিং কমিটি’র উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা মাঠটি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানান।
বক্তারা বলেন, জাতীয় সচিবালয়ের প্রয়োজনীয়তা থাকলেও কৃষি গবেষণার জমি ও রাজধানীর গুরুত্বপূর্ণ সবুজ এলাকা নষ্ট করে স্থাপনা নির্মাণ দূরদর্শী সিদ্ধান্ত হবে না। প্রস্তাবিত স্থাপনার প্রভাব আশপাশের পরিবেশ, জাতীয় সংসদ ভবন এলাকা, উদ্যান, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালগুলোর ওপর পড়তে পারে। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জমির মালিকানা, পরিবেশগত প্রভাব এবং আইনগত বিষয়গুলো পর্যালোচনা করা জরুরি।
তাঁরা প্রত্নসম্পদ আইন, ১৯৬৮, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ২০২০ এবং বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫-এর আলোকে প্রস্তাবিত স্থাপনার প্রভাব যাচাইয়েরও আহ্বান জানান।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘টেক ব্যাক শেকৃবি ল্যান্ড’ কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাবেক শিক্ষার্থীরা।
মালিকানা নির্ধারণে প্রয়োজন পূর্ণাঙ্গ নথি যাচাই
পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের মালিকানা বিতর্কে দুটি প্রতিষ্ঠানের বক্তব্য ও নথিতে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে। গণপূর্ত অধিদপ্তর বলছে, দ্বিতীয় রাজধানী প্রকল্পের আওতায় কৃষি বিভাগের জমি হস্তান্তর, ক্ষতিপূরণ প্রদান এবং সরকারি রেকর্ডের ভিত্তিতে জমিটির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠিত। অন্যদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টরা বলছেন, জমির মূল মালিকানা তাদের পূর্বসূরি প্রতিষ্ঠানের এবং পুরোনো খতিয়ানগুলোও সেই দাবির পক্ষে প্রমাণ হিসেবে রয়েছে।
এ অবস্থায় জমিটির প্রকৃত মালিকানা নির্ধারণে ১৯২০ সালের অধিগ্রহণ দলিল, সিএস, এসএ, আরএস ও বিএসএস খতিয়ান, ১৯৬৩ সালের জমি হস্তান্তরসংক্রান্ত কৃষি বিভাগের সম্মতিপত্র, ১৯৭০ সালের ক্ষতিপূরণসংক্রান্ত সভার কার্যবিবরণী, জমি হস্তান্তরের দলিল এবং পরবর্তী সরকারি গেজেট ও প্রশাসনিক আদেশ পর্যালোচনা করা প্রয়োজন।
বিশেষ করে ৬২৩ একর জমির মধ্যে ৫২২ একর হস্তান্তরের যে তথ্য গণপূর্তের নথিতে উল্লেখ রয়েছে, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দাবি করা ২৯৮ দশমিক ৪৮২ একর জমির অধিগ্রহণ ও পরবর্তী রেকর্ডের সম্পর্ক কী, সেটিও স্পষ্ট হওয়া জরুরি।
প্রশ্ন হচ্ছে, ১৯২০ সালে কৃষিশিক্ষা ও গবেষণার জন্য অধিগ্রহণ করা জমির কোন অংশ, কী প্রক্রিয়ায় এবং কোন দলিলের ভিত্তিতে গণপূর্ত অধিদপ্তরের নামে রেকর্ডভুক্ত হলো? ২০০১ সালে প্রায় ৩১ একর জমির বিএসএস রেকর্ড পরিবর্তনের পেছনে কী ধরনের প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল?  এ সব বিষয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো.আব্দুল লতিফ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও  তার বক্তব্য পাওয়া যায়নি, এমনকী কাকে ক্ষুদে বার্তা দিলেও তিনি তার উত্তর দেননি।
এসব প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর ও মূল দলিল প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোনো বাণিজ্য মেলার মাঠের মালিকানা নিয়ে বিতর্কের অবসান কঠিন। তাই সচিবালয় নির্মাণ কিংবা বিশ্ববিদ্যালয়ের কাছে জমি ফিরিয়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিরপেক্ষ ভূমি জরিপ, দলিল যাচাই এবং আইনগত মতামতের ভিত্তিতে প্রকৃত মালিকানা নির্ধারণ করা জরুরি। এ বিষয় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন) এ,কে,এম, কামরুজ্জামান বলেন, কৃষি গবেষণার জন্য এ জমিটা সুইটেবল নয়, কৃষি গবেষণার জন্য গ্রামীণ ফিল থাকা দরকার। এমন শহরের ভিতরে কৃষি গবেষণা ভালো হয় না।

 

aliul / aliul

পুরোনো বাণিজ্য মেলার জমি কার ?

সাময়িক বরখাস্ত উঠতেই বেপরোয়া পশু ডাক্তার মিঠু

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: গণতান্ত্রিক ধারাবাহিকতা, জনমতের প্রতিফলন এবং সরকারের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সফলতা

সোহরাওয়ার্দী উদ্যানে ‘কফি শপ’ নামে মাদক সেবীদের আশ্রম করেছে গণপূর্ত

সাবেক শ্রমিক লীগ নেতাদের পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ

অনাবাদি জমিতে রোজেলা চাষে নতুন সম্ভাবনা

‎বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ফ্যাসিবাদের দোসর উপপরিচালক শাহরিয়ার আল হাসান এর অসীম দৌরাত্ম!

ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পুরাতন ঢাকা ক্যাম্পাস শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ

দূর্যোগে ঘুরে দাঁড়াবে কৃষি

মাশরুম চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

কৃষি ব্যবসায় যুক্ত হচ্ছে ২০ হাজার উদ্যোক্তা

বিআরটিএর দুর্নীতিবাজ সুব্রত দেবনাথের বিরুদ্ধে দুদকে অভিযোগ দায়ের

নোমান গ্রুপের সুনাম নষ্ট ও ক্ষতি করতে সংঘবদ্ধ চক্র মাঠে