মাসে দেড়শ' কোটি টাকা যাচ্ছে অমুক্তিযোদ্ধার পেটে
প্রতিমাসে অনুমিত প্রায় দেড়শ' কোটি; বছরে ১৮শ' কোটি এবং ৫ বছরে ৯ হাজার কোটি টাকা। অংকটা নেহাত হেলাফেলার নয়। এই টাকায় দেশের জন্য দরকারী ও বড় কোন প্রকল্প অনায়াসে করা সম্ভব। অথচ উদ্যোগের অভাবে তা লোপাট করছে মুক্তিযোদ্ধা নামের আড়ালে ঘাপটি মেরে থাকা একশ্রেণির প্রতারক। এটা চলে আসছে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানি চালু হওয়ার পর থেকে। সম্মানি বাড়লে, সমান তালে বাড়ছে এই অর্থ লোপাটের অংক। সরকার আসে, সরকার যায়; এই প্রতারণা থামাতে কেউ উদ্যোগী হন না। বরং সরকার বদলের সাথে এই প্রতারণায় টাকার অংক ক্রমান্বয়ে বাড়ছে। এভাবেই চলে আসছে বিগত প্রায় আড়াই দশক। এ ঘটনায় চরম বিরক্ত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা; ক্ষুব্ধ গোটা দেশবাসী। তথাপি কোন নড়ন চড়ন নেই দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের।
খোঁজ নিয়ে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন প্রতিমাসে ১ লাখ ৯৬ হাজার ৮শ মুক্তিযোদ্ধাকে ৩শ ৯৩ কোটি ৬০ লাখ টাকা সম্মানী ভাতা দিয়ে আসছে। একই সাথে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ১১ হাজার যুদ্ধাহত এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে বিভিন্ন অংকের সম্মানী প্রদান করছে। ওয়াকেবহাল মুক্তিযোদ্ধারা বলেন, কল্যাণ ট্রাস্টের যুদ্ধাহত তালিকায় যথেষ্ট নয় ছয় করা হয়েছে, যা কঠোর তদন্ত হওয়া উচিত। আর প্রাপ্ত তথ্যের জেরে ধারণা করা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের করা মুক্তিযোদ্ধার সম্মানী বিতরণের হালনাগাদ তালিকায় ঘাপটি মেরে রয়েছে কম পক্ষে প্রায় ৭০ হাজারের বেশী অমুক্তিযোদ্ধা। এটা জানেন মন্ত্রণালয় সংশ্লিষ্ট দায়িত্বশীলরাও। কিন্তু প্রতিকারের কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। বরং 'বাদ পড়া মুক্তিযোদ্ধা' নামে নতুন আরেক 'ব্যাচ' মুক্তিযোদ্ধার তালিকায় ঢোকানোর পাঁয়তারা শুরু হয়েছে। জনগনের কষ্টের টাকায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় সম্মানী প্রদানের মহতি কাজের পাশাপাশি কিছু প্রতারকের পেট ভরানোর এমন নিন্দনীয় দৃশ্য বিস্ময়কর।
এই ব্যাপারে যে প্রশ্নটি অতি গুরুতর তা হলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা কতো? সরকারী তথ্য ঘেঁটে জানা যায়, স্বাধীনতার পর মুজিব নগর সরকারের মন্ত্রীসভা ঢাকায় ফিরেন ২২ ডিসেম্বর। একদিন পর ২৩ ডিসেম্বর মন্ত্রীসভার প্রথম যে বৈঠক হয়েছিল, তাতে সবগুলো সিদ্ধান্তই নেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধাদের সম্পর্কে। সেই বৈঠকে মুক্তিবাহিনীর অস্ত্র সমর্পন ও জাতীয় মিলিশিয়া ক্যাম্প প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তখন সরকারী রেকর্ডে ৮০ হাজার এবং রেকর্ড বহির্ভূত সকল মুক্তিযোদ্ধার জন্য জনপ্রতি মাসিক ৮০ টাকা বরাদ্দ করা হয়েছিল। সারা দেশে ৫৩টি মিলিশিয়া ক্যাম্প প্রতিষ্ঠার পর মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পন শেষে মিলিশিয়া ক্যাম্পে রিপোর্ট করেছিলেন। বাহাত্তরের মার্চ মাসে ক্যাম্প গুটিয়ে নেওয়া হলেও অজ্ঞাত কারণে মিলিশিয়া ক্যাম্পে প্রায় ২ মাস অবস্থানকারী মুক্তিযোদ্ধাদের কোন তালিকা সংরক্ষণ করা হয়নি। অর্থাৎ '৭২ সালের ওই ঘটনা থেকে সূত্রপাত হয়েছে মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে পরবর্তীকালের যাবতীয় জটিল সমস্যা।
বীর মুক্তিযোদ্ধার তালিকা সম্পর্কে ওয়াকেবহাল মুক্তিযোদ্ধারা জানান, '৭৯ সালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সর্বপ্রথম মুক্তিযোদ্ধার সঠিক তালিকার উদ্যোগ গ্রহন করেছিলেন। একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের গর্বিত সামরিক অবদান এবং আত্মমর্যাদা বিবেচনা করে তিনি তালিকার জন্য একটি জাতীয় কমিটি গঠন করেন, যাতে পদাধিকার বলে সভাপতি করা হয়েছিল সেনাবাহিনী প্রধান এরশাদকে। সেই তালিকার পুরো কাজ সরাসরি তত্বাবধান করেছিল সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাতীয় কমিটি দীর্ঘ ৭ বছর নিবিড় পরীক্ষা নিরীক্ষার পর ১ লাখ ২ হাজার মুক্তিযোদ্ধার তালিকা চুড়ান্ত করেছিল। '৮৭ সালে তালিকাটি সরকারীভাবে ৪টি জাতীয় দৈনিক পত্রিকায় ধারাবাহিক প্রকাশ করা হয়েছিল। এটিই ছিল দেশে মুক্তিযোদ্ধার প্রথম এবং সরকারী উদ্যোগে তৈরী একমাত্র তালিকা, যা মুক্তিযোদ্ধার 'জাতীয় তালিকা' নামে পরিচিত। এই তালিকা তৈরীর সময় জাতীয় কমিটির সদস্য মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী, বীর বিক্রম এফএফ মুক্তিযোদ্ধাদের বেশকিছু ডকুমেন্ট খুঁজে পেয়েছিলেন। পরে তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হলে সেই ডকুমেন্টগুলো তিনি স্থায়ীভাবে বিভাগওয়ারী শ্রেণিবদ্ধ করেন। মোট ৬৯ হাজার এফএফ যোদ্ধার সে তালিকাটি 'ভারতীয় তালিকা' নামে পরিচিতি পেয়ে যায়। উল্লেখ্য, কথিত ভারতীয় তালিকার অধিকাংশ মুক্তিযোদ্ধাই পরে জাতীয় তালিকায় নাম লিখিয়েছেন। ওয়াকেবহাল একটি সূত্রের মতে, সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যবিধ কারণে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ নামগুলো জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। জানা যায়, পরবর্তীকালে তৈরী মুক্তিযোদ্ধা ভোটার তালিকা, লাল মুক্তিবার্তা তালিকা এবং সরাসরি গেজেটের মাধ্যমে জাতীয় তালিকার বাইরে থাকা মুক্তিযোদ্ধাদের নামগুলো ক্রমান্বয়ে তালিকাভূক্ত হয়। কিন্তু একই সাথে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন হাজার হাজার দূরাচারী ব্যক্তি নানা উসিলায় তাতে নাম লেখাতে সক্ষম হওয়ায় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে চলে আসছে এক অন্তহীন বিতর্ক। এভাবেই আত্মপ্রকাশ ঘটেছে মুক্তিযোদ্ধাদের জন্য চরম অসম্মানজনক 'ভূয়া মুক্তিযোদ্ধা' শব্দ এবং মুক্তিযোদ্ধা নামের আড়াল নিয়ে তৈরী হয়েছে জনগণের টাকা লোপাটের এক নিরাপদ রুট।
বীর মুক্তিযোদ্ধার সঠিক তালিকা করা আসলেই কি অসম্ভব- এমন প্রশ্নের উত্তর দিয়েছেন অতীতে মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন কমান্ডে দায়িত্ব পালনসহ তালিকা নিয়ে নানাভাবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন বেশ ক'জন মুক্তিযোদ্ধা। তাদের দাবী, সঠিক প্রস্তুতি নিয়ে শুরু করলে মুক্তিযোদ্ধার চুড়ান্ত ও সঠিক একটি তালিকা তৈরী করা সর্বোচ্চ ৩ মাসের কাজ। তাদের অভিমত, একাত্তরে মুক্তিবাহিনী ছিল বাংলাদেশ সরকারের জাতীয় সেনাবাহিনী। এদের তালিকা করার দায়িত্ব ছিল সরকারের। সময়মত সেটা করা না হলেও এক সময় সরকারী উদ্যোগে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্বাবধানেই সেটি সম্পন্ন হয়েছিল। এতে উঠে এসেছিল প্রকৃত মুক্তিযোদ্ধার প্রায় ৮৫ শতাংশের বেশি নাম। তারা যুক্তি দিয়ে বলেন, জাতীয় তালিকা যে সময়ে করা হয়েছিল অর্থাৎ '৭৯-৮৭ সালে; তখন মুক্তিযোদ্ধাদের কোন আর্থিক সুযোগ সুবিধা ছিল না। সামাজিক পরিসরে মুক্তিযোদ্ধা ব্যতীত অন্য কেউ মুক্তিযোদ্ধা পরিচয় দিতে সাহস করতো না। কাজেই '৮৭ সালের জাতীয় তালিকা অবশ্যই নির্ভরযোগ্য ডকুমেন্ট। নকল ব্যক্তিরা ঢুকেছে '৯৮ পরবর্তীতে সম্মানি ভাতা এবং সন্তানদের চাকুরীর কোটা চালুর পর থেকে। সুতরাং ন্যায্যতার ভিত্তিতে জাতীয় তালিকা এবং কল্যাণ ট্রাস্টের কথিত ভারতীয় তালিকার নামগুলো অবিকৃত রেখে মন্ত্রণালয়ের বর্তমান সমন্বিত তালিকা থেকে প্রকৃত বীর মুক্তিযোদ্ধার অবশিষ্ট নামগুলো খুঁজে নিলেই পূর্ণাঙ্গ তালিকা হয়ে যায়। তারা আরও বলেন, দীর্ঘ ৯ বছর পর মুক্তিযোদ্ধা সংসদ পূণরুজ্জিবিত হয়েছে। ফলে কাজটা এখন আরও সহজ হয়ে গেছে। মন্ত্রণালয় অথবা এর অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সারা দেশের মুক্তিযোদ্ধা চেনে না এবং সেই খোঁজখবর করার মত জনবল বা সক্ষমতাও তাদের নেই। কিন্তু মুক্তিযোদ্ধা চেনেন স্ব স্ব উপজেলার মুক্তিযোদ্ধারা। সুতরাং এই কাজে মুক্তিযোদ্ধা সংসদের সাহায্য বাড়তি সুযোগ এনে দিয়েছে। তারা জানান, বিগত সরকার আমলে পূনরুজ্জীবিত
মুক্তিযোদ্ধা সংসদের সকল কমান্ডে এখন বসে গেছেন আশির দশকে মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্ব পালন করা বীর মুক্তিযোদ্ধারা। এরা মূলত অমুক্তিযোদ্ধার যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে হারানো গৌরব পূণরুদ্ধারের অন্তিম গরজে শেষ বয়সে এসেছেন মুক্তিযোদ্ধা সংসদে। কাজেই এদের উপর আস্থা রেখে মাত্র ১৫ শতাংশ মুক্তিযোদ্ধা খোঁজার কাজ উপজেলা কমান্ডগুলোর উপর ন্যস্ত করা যেতে পারে। মুক্তিযোদ্ধারা বলেন, প্রতি মাসে রাষ্ট্রের প্রায় দেড়শ' কোটি টাকা যাচ্ছে প্রতারকদের উদরে; যা ঠেকানো না হলে এই আর্থিক ক্ষতি অনন্তকাল জাতির ঘাড়ে চেপেই থাকবে।
জানা যায়, বিগত অন্তর্বর্তীকালীন সরকার আমলে মুক্তিযোদ্ধার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে থমকে যায়। গত বছর মুক্তিযোদ্ধা সংসদ রণাঙ্গনের মুক্তিযোদ্ধার তালিকা করতে গেলে আইনগত কর্তৃত্বের প্রশ্ন তুলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল- জামুকা তা স্থগিত করে। এভাবে থমকে আছে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের একান্ত প্রত্যাশা- তাদের সঠিক তালিকার কাজ। সমগ্র দেশবাসীরও এটাই দাবী। এই ব্যাপারে মন্ত্রণায়ের উদ্যোগহীনতার কি কারণ, তা কারও বোধগম্য নয়।
বীর মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ১৭ বছর যে জামুকা ছিল মুক্তিযোদ্ধা তৈরীর কুখ্যাত অটো-কারখানা; বিগত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেস্টা তাকে নতুনভাবে গড়ে তুলেছিলেন। তার করা নতুন কমিটির হাতে পড়ে জামুকা হয়েছিল অমুক্তিযোদ্ধা বিতাড়নের কার্যকর যন্ত্র। জামুকার সূত্র জানায়, সরকার পরিবর্তনের পর পুর্বেকার কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জামুকায় এখন কোন কমিটি নেই। এতে করে আটকে আছে প্রায় সাড়ে ২২ হাজার মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজ। জানা যায়, সম্প্রতি 'বাদপড়া মুক্তিযোদ্ধা' নামে নতুন আবেদন নেবার উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বর্তমানে তালিকায় থাকা বিপুল সংখ্যক অমুক্তিযোদ্ধার নাম বাদ দেওয়ার পদক্ষেপ না নিয়ে উল্টো নতুন আবেদন নেওয়ার বিষয়টি অনেকেই সন্দেহের চোখে দেখছেন। তাদের আশংকা, এই ঘটনা চরম বিতর্কের জন্ম দিতে পারে। তারা বলেন, মন্ত্রণালয়ের এই উদ্যোগ '৯৬ পরবর্তী আওয়ামী লীগ সরকার আমলে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর করা মুক্তিবার্তা লাল বই তালিকার মতই আরেক দফা অমুক্তিযোদ্ধা আমদানির পূণরাবৃত্তি ঘটালে মোটেই অবাক হওয়া যাবে না।
এমএসএম / এমএসএম
মাসে দেড়শ' কোটি টাকা যাচ্ছে অমুক্তিযোদ্ধার পেটে
সরকারি চাকরিজীবীদের স্বস্তি, জনজীবনে দুঃখের বোঝা
রেলওয়ের মেগা প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ
দুধ-মাংস-ডিমে বদলাবে চরবাসীর জীবন
মেট্রোরেলে টেন্ডার ছাড়াই নতুন চুক্তি
মসলায় স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ
প্রিন্সিপাল সাইফুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
নুরুন্নবী দুর্নীতির মহাকবি
গণপূর্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে ফ্ল্যাট-প্লট জালিয়াতি ও তথ্য পাচারের অভিযোগ
শান্তিনগরে অনুমোদনহীন ১১ তলা ভবন
রোবটিক্স-অটোমেশনে চতুর্থ শিল্পবিপ্লবের প্রস্তুতি
বন মামলার নথি বদল: সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ