ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হরিরামপুরে রাতের আঁধারে লুট হচ্ছে ফসলি জমির মাটি


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ৩:৫৪

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। এসব মাটি বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। মাটি পরিবহনে অতিরিক্ত ও ওভারলোড ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে নষ্ট হচ্ছে রাস্তা এবং পার্শ্ববর্তী কৃষি জমি। অভিযোগ রয়েছে, মাটি কাটার সাথে সরকারদলীয় নেতাকর্মীরা জড়িত থাকায় স্থানীয় লোকজন ভয়ে তাদের কিছু বলতে পারে না। এমনকি প্রশাসনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না।

সরজমিনে দেখা যায়, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে এবং চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডী ও কচুয়া এলাকায় চলছে ফসলি জমির মাটি কাটা। এসবের সাথে জড়িত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে মাটি কাটা ও মাটি পরিবহন।

স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর গ্রামে প্রায় দুইমাস ধরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে চলেছেন গালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল সূত্রধর। তার মাটি পরিবহনে ধ্বংসপ্রায় রামকৃষ্ণপুর পাকা সড়ক থেকে নয়াকান্দি পর্যন্ত মাটির রাস্তা। রাস্তাটি গতবছর টিআর বরাদ্দ থেকে সংস্কার করা হয়েছিলো।

এছাড়াও, স্থানীয় আবু তালেবের বসতবাড়ির উঠানের উপর দিয়ে মাটি পরিবহনের গাড়ি চলাচলের কারণে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবু তালেবের স্ত্রী আমেনা বলেন, ‘‘সারারাত মাটি কাটার যন্ত্র ও গাড়ির শব্দে প্রায় দুইমাস যাবত রাতে ঘুমাতে পারি না। আমার বাড়িঘর নষ্ট হচ্ছে। মাটি কাটতে নিষেধ করলে লোকজন নিয়ে মারধোর করতে আসে, হুমকি দেয়। একবার আমার স্বামীকে স্থানীয় কিছু নেতাকর্মীরা মারতেও এসেছিলো।”

আমেনার অভিযোগ, তিনিসহ কয়েকজন স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. কামাল হোসেন ও দুলাল সূত্রধরের নামে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েও এখনো কোন ফল পাননি। মুঠোফোনে মো. কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে, দুলাল সূত্রধরের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডি এলাকায় ফসলি জমির মাটি কাটছেন চালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মো. রবিউল ইসলাম রবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম আরোজ। স্থানীয় কয়েকজন জানান, তারা অন্যের ফসলি জমির উপর দিয়ে মাটি পরিবহন করছেন। সরকারদলীয় নেতাকর্মী হওয়ার কারণে ভয়ে তাদের কেউ কিছু বলতে সাহস পায়না।

মুঠোফোনে মাটি কাটার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন আমিনুল ইসলাম আরোজ ও ইউপি সদস্য রবিউল ইসলাম। তবে কামরুল হাসান ফিরোজের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

অপরদিকে চালা ইউনিয়নের কচুয়া এলাকায় ফসলি জমির মাটি কাটছেন চালা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের ভাই কাজী বাদল এবং চালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন।

মুঠোফোনে যোগাযোগ করা হলে কাজী বাদল বলেন, ‘‘আমার ভাই চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের নেতৃত্বে মাটি কাটা চলছে।” সাখাওয়াত হোসেন মিলনও মাটি কাটায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে, মাটি কাটায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ।

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া মুঠোফোনে বলেন, ‘‘আমরা কয়েকবার স্পটে গিয়েছি। কিন্তু কাউকে উপস্থিত পাইনি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘আমি কোন অভিযোগ পাইনি। তবে গতকাল উত্তর মেরুন্ডি গিয়েছিলাম, ওখানে কাউকে পাইনি। ফসলি জমির মাটি কাটা রোধে আমাদের অভিযান চলমান আছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত