আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
আবহমান বাংলার হাজার বছরের ইতিহাসে গ্রাম বাংলার কৃষি কাজের সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে রয়েছে গরু, লাঙল এবং জোয়াল। তবে বর্তমান আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার প্রসারে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য গরু দিয়ে হালচাষের সেই চিরচেনা চিত্র।
'চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারি পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার বিশ্ব।' কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'জন্মদিনে' কাব্য গ্রন্থের :কালের প্রবল আবর্তে প্রতিহত' কবিতার এই অমর পঙ্ক্তিটি বাঙালির জীবন থেকে আজ হারিয়ে গেছে আধুনিকতার ছোঁয়ায়। অথচ দুই যুগ আগেও দেখা যেতো- কাকডাকা ভোরে লাঙল, জোয়াল কাঁধে গরু নিয়ে কৃষকদের ফসলের মাঠে ছুটে চলার দৃশ্য। অথচ বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে ট্রাক্টর, পাওয়ার টিলারসহ বিভিন্ন আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য হওয়ায় গরু দিয়ে হালচাষের ব্যবহার দ্রুত কমে গেছে। সময় ও শ্রম সাশ্রয়, কম খরচে অধিক উৎপাদনের লক্ষ্যে কৃষকরা ঝুঁকছেন যান্ত্রিক পদ্ধতির দিকে। ফলে গরু দিয়ে হাল চাষ আজ শুধুই স্মৃতি।
সরেজমিনে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামাঞ্চল ঘুরে দেখা গেছে, কিছু কিছু এলাকায় শীতকালীন সবজি চাষাবাদ, নিচু জমিতে চাষাবাদ করতে এখনও লাঙ্গল-জোয়ালের ব্যবহার হচ্ছে। কারণ জানতে চাইলে কৃষকরা জানান, সবজি ক্ষেতে ট্রাক্টর দিয়ে হালচাষ করলে মই দিয়ে সমান করা যায় না। আবার জমিতে সারিবদ্ধভাবে সবজির চারা লাগাতে লাঙ্গলের ব্যবহার করতে হয়। আবার নিচু জমিতে ভারী ওজনের ট্রাক্টর কাদায় দেবে যায় তাই সেইসব জমিতে লাঙ্গল দিয়ে চাষাবাদ করতে হয়।
সম্প্রতি বারহাট্টার সদর উপজেলার কাশবন এলাকার মাঠে গিয়ে দেখা গেছে, বিলুপ্ত প্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু কাঁধে জোয়াল লাগিয়ে লাঙ্গল দিয়ে জমি চাষ করছেন অবনী ক্ষত্রিয় নামের একজন কৃষক। তার সাথে কথা বললে তিনি বলেন, 'আমি খেটে খাওয়া মানুষ। তাই পূর্বপুরুষের এই পেশা এখনও ছাড়িনি। এখনও প্রতিদিন গরু দিয়ে নিজের ও অন্যের প্রায় দুই-তিন বিঘা জমি হালচাষ করি। সারা বছরই নিজের ও অন্যের জমিতে গরুর লাঙ্গল দিয়ে হালচাষ করি। তবে ট্রাক্টর বা পাওয়ার টিলারের প্রচলন হওয়ায় গরু দিয়ে হালচাষের কদর কমে গেছে। আগে যে কৃষকরা গরু দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করতো কালক্রমে তারা পেশা বদল করে অন্য পেশায় চলে গেছেন।'
উপজেলা সদরের যশমাধব এলাকার কৃষক কুতুব উদ্দিন, রহিস মিয়া, সাহতা এলাকার নিজাম মিয়া, ভুবন দাস, বাউসী এলাকার জজ মিয়া, নিপেন্দ্র মন্ডলসহ কয়েকজন প্রবীণ কৃষকের সঙ্গে কথা বললে তারা সকালের সময়কে জানান, এমন এক সময় ছিল যখন গরু দিয়ে হালচাষ ব্যতীত ফসল আবাদের অন্য কোনো উপায় ছিল না। তাই প্রতিটি গৃহস্থ পরিবারের বাড়িতে ছিল হালচাষের উপযোগী গরু, লাঙ্গল, জোয়াল ও মই। এগুলো ছাড়া কোনো গৃহস্থ পরিবার কল্পনাই করতো না। তখন প্রতিটি গ্রামের নিত্য দিনের দৃশ্য ছিল ভোরবেলা গৃহস্থ গরু, লাঙ্গল, জোয়াল নিয়ে হালচাষ করতে মাঠে বেরিয়ে পড়তো। অনেকেই আবার অন্যের ক্ষেতে গরু দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু বর্তমান আধুনিক যুগে কৃষিতে আমূল পরিবর্তন ও আধুনিক চাষ যন্ত্রের ব্যবহার প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছার কারণে দিন দিন গৃহস্থ পরিবারেও এসেছে পরিবর্তন। এখন আর গৃহস্থ পরিবারে নেই লাঙ্গল-জোয়াল, নেই হালচাষের উপযোগী গরু। যার ফলে বারহাট্টার জনপদ থেকে বিলুপ্ত হয়ে পড়েছে আবহমান বাংলার চিরচেনা ঐতিহ্য গরু লাঙ্গলের হালচাষ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, একটা সময় ছিল গরুর লাঙ্গল ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেতো না। ফসল ও জমির মাটির জন্য গরু দিয়ে হালচাষ উত্তম। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন প্রযুক্তি নিয়ে এগিয়ে চলছে দেশের কৃষিনির্ভর অর্থনীতি। আধুনিক প্রযুক্তিতে কম সময়ে কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও প্রযুক্তিনির্ভর পরিবর্তন আসবে।
Aminur / Aminur
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে