ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

ভিজিএফের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ৩:১০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। উপকারভোগীদের দাবি, প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে সাড়ে ৮ থেকে সাড়ে ৯ কেজি পর্যন্ত।
রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বড়তারা ইউনিয়ন পরিষদে গিয়ে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেখানে দেখা যায়, ডিজিটাল স্কেল মিটার ব্যবহার না করে প্লাস্টিকের বালতিতে করে চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ক্ষেতলাল উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬ হাজার ৫৬৮টি পরিবারের জন্য ৬৫ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বড়তারা ইউনিয়নের ১ হাজার ৫৭৮টি পরিবারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৫ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল।
নিয়ম অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীকে ডিজিটাল স্কেল মিটারে ওজন করে ১০ কেজি চাল দেওয়ার কথা। তবে বাস্তবে বালতিতে করে চাল বিতরণ করা হচ্ছে। পরে কয়েকটি প্যাকেট চাল ডিজিটাল মিটারে ওজন করে দেখা যায়, কোনো প্যাকেটে ৮ দশমিক ৫৫০ কেজি, কোনো প্যাকেটে ৮ দশমিক ৮০০ কেজি, আবার কোনো প্যাকেটে ৯ দশমিক ১০০ কেজি পর্যন্ত চাল রয়েছে। অর্থাৎ প্রতিজন সুবিধাভোগীকে ১ থেকে দেড় কেজি পর্যন্ত চাল কম দেওয়া হচ্ছে।
চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই গ্রাম পুলিশ সদস্যরা চাল বিতরণ করছিলেন বলে জানা গেছে। তবে বিতরণস্থলে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতি দেখা যায়নি।
এদিকে ইউনিয়ন পরিষদের বাইরে কিছু সুবিধাভোগী ভিজিএফের চাল নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছেন। স্থানীয় কিছু ব্যবসায়ী চালের প্যাকেট ২০০ টাকায় কিনে নিচ্ছেন। তাঁদের দাবি, প্রতিটি প্যাকেটে এক থেকে দেড় কেজি চাল কম থাকায় তারা কম দামে কিনছেন।
ভুক্তভোগী কয়েকজন নারী বলেন, “আমাদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে প্রায় ৯ কেজি।”
বড়তারা ইউনিয়ন ভিজিএফ কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালীম বলেন, দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ১০ কেজি চাল থেকে এক থেকে দেড় কেজি কম দেওয়া নেহায়েতই অন্যায়। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে বড়তারা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, চাল কম দেওয়ার অভিযোগ তিনি এখনো শোনেননি। সকালে ট্যাগ অফিসার এসে ১০ কেজি ওজন করে উদ্বোধন করেছেন। পরে তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় চেয়ারম্যান চাল বিতরণ করছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, “আমাদের ইউনিয়নে ১ হাজার ৫৭৮ জনকে চাল দেওয়া হবে। বালতিতে করে চাল দেওয়া হচ্ছে। প্রত্যেককে আলাদাভাবে ১০ কেজি করে ওজন করা সম্ভব নয়। কোনোটা দুই–তিনশ গ্রাম কম বা বেশি হতে পারে।”
বিতরণ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সামিউল আল সাবা বলেন, উদ্বোধনের সময় বালতিতে ১০ কেজি করে ওজন করে চাল দেওয়া হয়েছিল। পরে অন্য কাজে তিনি অফিসে চলে আসেন। এরপর যদি কেউ কম দিয়ে থাকে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্টদেরই নিতে হবে। কম দেওয়ার কোনো অধিকার তাদের নেই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, ওজনে চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করা হচ্ছে। অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী বলেন, তিনি জেলা সদরে একটি সভায় রয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল

টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ

পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন