ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে দুর্গা মন্দির নির্মাণের নামে চা শ্রমিকদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দির নির্মাণের জন্য চা শ্রমিকদের কাছ থেকে উত্তোলিত প্রায় ৩৪ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বাগানের শ্রমিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আগের পঞ্চায়েত কমিটির কাছে একাধিকবার হিসাব চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরই প্রেক্ষিতে বর্তমান পঞ্চায়েত উপদেষ্টা কমিটির উদ্যোগে সাধারণ চা শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে রাজঘাট চা বাগানে গিয়ে দেখা যায়, দুর্গা মন্দিরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। দেয়ালের আস্তর ও রঙের কাজ কিছুটা বাকি থাকলেও সিঁড়ির রেলিং, দরজা ও জানালা স্থাপনসহ অন্যান্য কাঠামোগত কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
রাজঘাট চা বাগানের পঞ্চায়েত উপদেষ্টা কমিটির বর্তমান সভাপতি অবাঞ্চিত তাঁতী অভিযোগ করে বলেন, ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুর্গা মন্দির নির্মাণের জন্য চা শ্রমিকদের কাছ থেকে সপ্তাহে জনপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। এভাবে মোট প্রায় ৭৪ লাখ টাকা সংগ্রহ করা হয়। আগের পঞ্চায়েত কমিটি এই অর্থ দিয়ে মন্দির নির্মাণ শুরু করলেও দায়িত্ব ছাড়ার সময় কোনো হিসাব বর্তমান কমিটির কাছে হস্তান্তর করেনি। বারবার হিসাব চাওয়া হলেও তারা তা উপেক্ষা করে আসছে।

তিনি আরও বলেন, আগের কমিটির সভাপতি পলাশ তাঁতী ও সাধারণ সম্পাদক অনিল তাঁতী রাজঘাট চা বাগানের মূল সড়কের পাশের জগন্নাথ মন্দিরের দেয়ালে টাঙানো একটি ব্যানারে উল্লেখ করেন—মন্দির নির্মাণে মোট আয় হয়েছে ৭৩ লাখ ৬০ হাজার ৬০ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৭৯ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা। বিষয়টি সন্দেহজনক হওয়ায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় শ্রম দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের নভেম্বর মাসে মৌলভীবাজার জেলা পরিষদের দুইজন প্রকৌশলী সরেজমিনে মন্দির নির্মাণকাজ পরিদর্শন করে একটি প্রতিবেদন দেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মন্দির নির্মাণে মোট ব্যয় হয়েছে ৪০ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা। অতিরিক্ত কিছু খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ৪৫ লাখ টাকা।
 পঞ্চায়েত উপদেষ্টা কমিটির দাবি, অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার জন্য একাধিকবার তাগাদা দেওয়া হলেও আগের কমিটির সদস্যরা টাকা ফেরত দিচ্ছেন না এবং আলোচনায়ও বসছেন না।
পঞ্চায়েত উপদেষ্টা কমিটির যুগ্ম আহ্বায়ক পলাশ বুনার্জী বলেন, মন্দির নির্মাণের নামে দেখানো ব্যয়ের খাতগুলো অত্যন্ত হাস্যকর। চা বাগান কর্তৃপক্ষ বালুর ব্যবস্থা করে দিয়েছে, প্রতিটি শ্রমিক পরিবার থেকে একটি করে বাঁশ দেওয়া হয়েছে এবং অনেক শ্রমিক বিনা পারিশ্রমিকে শ্রম দিয়েছেন। এরপরও মনগড়া হিসাব দেখিয়ে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে বলে আমাদের ধারণা। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।

উপদেষ্টা কমিটির মহিলা সহ-সভাপতি ও চা শ্রমিক শশিকা বুনার্জী বলেন, 'আমরা রৌদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে মজুরি পাই। সেই কষ্টের টাকা মন্দির নির্মাণের জন্য সপ্তাহে সপ্তাহে দিয়েছি। কিন্তু আমাদের টাকা এভাবে আত্মসাৎ করা হবে—এটা কখনো ভাবিনি। আমরা এর বিচার চাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের টাকা দ্রুত উদ্ধার করে শ্রমিকদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক।'
অভিযোগের বিষয়ে রাজঘাট চা বাগানের সাবেক সাধারণ সম্পাদক অনিল তাঁতী বলেন, 'মন্দির নির্মাণে আমাদের আয়ের তুলনায় ব্যয় বেশি হয়েছে। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। জেলা পরিষদের প্রকৌশলীরা আমাদের সঙ্গে কথা না বলেই একটি ব্যয় তালিকা তৈরি করেছেন। আমরা কোনো টাকা আত্মসাৎ করিনি, বরং এখনো আমাদের পাওনা রয়েছে।'
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, 'রাজঘাট চা বাগানের মন্দির নির্মাণসংক্রান্ত বিষয়টি আমরা মৌখিকভাবে অবগত হয়েছি। শ্রম দপ্তর, চা বাগান কর্তৃপক্ষ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।'

এমএসএম / এমএসএম

বোয়ালমারীতে সন্ত্রাসী হামলায় নিরীহ কৃষক আহত

গজারিয়ায় ঘোড়ার মাংস বিক্রির সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ জ্বালানি তেল জব্দ

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ কারবারী গ্রেফতার

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রীর

রাঙ্গামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু ও বিহু শুরু

ডামুড্যায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

নববর্ষের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুড়ীতে অবৈধভাবে মজুত করা ১৪ শ লিটার জ্বালানি তেল জব্দ

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা: তদারকির অভাবে অবাধে মাছ শিকার

শরণখোলায় প্রথম ‘হাম’ আক্রান্ত শিশু শনাক্ত