এস এম ফাহিম
ডিজিটাল চেয়ারম্যান
চেয়ারম্যান হয়েই প্রথমে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনলেন গিট্টু মিয়া। এতদিন স্ত্রীর ফোনটি মাঝে-মধ্যে ব্যবহার করতেন। সময় পেলে দু’একটি সেলফিও তুলতেন। কিন্তু এবার তিনি চেয়ারম্যান! তাই নিজের ফোন তো থাকতেই হবে।
গিট্টু চেয়ারম্যানের সাফ কথা এবার তার ইউনিয়নের সবকিছু হবে ডিজিটাল সাথে মানুষও হবে ডিজিটাল। আর তিনি হবেন ‘ডিজিটাল চেয়ারম্যান’। চেয়ারম্যান সাহেবের অন্য নাম থাকলেও এলাকাবাসীর কাছে তিনি গিট্টু মিয়া নামেই পরিচিত। লোকমুখে শোনা যায় চেয়ারম্যান সাহেবের এই নামের পেছনেও একটি প্রেক্ষাপট আছে তবে এখন সেই নামও যেন বদলে গেছে। সবাই তাকে ‘ডিজিটাল চেয়ারম্যান’ বলেই ডাকতে শুরু করেছে।
দশ থেকে পনেরোটি গ্রাম নিয়ে তার ইউনিয়ন। গ্রামের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের। শিক্ষার হারও কম। টেনেটুনে কেউ কেউ পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়েছেন। তবে গিট্টু মিয়া একাদশ শ্রেণি, অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছেন। তবু এলাকায় তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেশ প্রভাব আছে। অনেক চেষ্টা-তদবির করে অবশেষে তিনি চেয়ারম্যান হয়েছেন। তার প্রতিজ্ঞা ইউনিয়নকে ডিজিটাল করে ছাড়বেন। নতুন ফোন কেনার পর থেকে তার চালচলনেও পরিবর্তন এসেছে। রাস্তায় কিংবা গাড়িতে চলার সময় কানে লাল হেডফোন লাগিয়ে পিটবুল, জাস্টিন বিবার আর রিয়ানার ইংরেজি গান শোনেন। কারণ, তিনি আইইএলটিএস দিয়ে ইংরেজি শিখবেন। তাই এখন থেকেই লিসেনিং দক্ষতা বাড়াচ্ছেন। যদিও তার ইংরেজীর ভুল উচ্চারণ এলাকার অনেককে চিন্তায় ফেলে দেয় তবুও চেয়ারম্যান চেষ্টা চলমান রেখেছেন।
চেয়ারম্যান হওয়ার পর প্রথম দিনই তিনি ওয়ার্ড মেম্বারদের ডেকে বললেন,
এলাকার সব কৃষকের সঙ্গে অনলাইন সভা করব। কথাটি শুনে মেম্বারদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একজন মেম্বার আমতা আমতা করে বললেন, চেয়ারম্যান সাহেব, কৃষকদের অনেকেই তো ফোনই ব্যবহার করেন না। অনলাইন-অফলাইন চেনা তো দূরের কথা! কিন্তু চেয়ারম্যান সাহেব নাছোড়বান্দা। পরদিন অফিসের টেবিলে ল্যাপটপ খুলে তিনি অনলাইন সভার অপেক্ষায় বসে আছেন। কিছুক্ষণ পর সচিবকে ডেকে বললেন, কৃষকরা সবাই কোথায়?
সচিব বললেন,
আপনি বলেছেন অনলাইন সভা। কৃষকরা ‘অনলাইন’ বলতে লাইনে দাঁড়ানো বুঝেছে। সবাই অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে আছে।
চেয়ারম্যান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, প্রথম সভা তো। তাই তাদের এক্সপেরিয়েন্সি নেই।
ইংরেজি ‘এক্সপেরিয়েন্স’-এর ভুল উচ্চারণ শুনে সচিব মুখ লুকিয়ে হাসলেন। এরপর প্রতিদিনই নানা সমস্যা নিয়ে মানুষ চেয়ারম্যানের কাছে আসতে লাগল। একদিন এক বৃদ্ধ এলেন বয়স্ক ভাতার কথা বলতে।
চেয়ারম্যান বললেন,
অনলাইনে আবেদন করতে হবে।
বৃদ্ধ অবাক হয়ে বললেন, চেয়ারম্যান সাহেব, আমার তো অনলাইন নাই!
অনলাইন নাই মানে?
বৃদ্ধ বললেন,
শুনছি অনলাইন কিনতে অনেক টাকা লাগে! কথাটি শুনে চেয়ারম্যান রেগে গেলেন।
এই জন্যই তো একটা ইউনিয়নকে ডিজিটাল করতে পারছি না!
কথাটি বলে তিনি অফিস থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বৃদ্ধকে বললেন, শুনেন কাকা, আপনার এনআইডি কার্ডটা আমার ওয়ার্কশপে পাঠিয়ে দেবেন।
বৃদ্ধ হা করে দাঁড়িয়ে রইলেন।
পাশে থাকা সচিব ধীরে ধীরে বললেন, বাসায় গিয়ে আপনার ছেলেকে বলবেন, চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে এনআইডি কার্ডটা পাঠাতে।
বৃদ্ধ এবার আরও বড় করে মুখ হাঁ করলেন!
ডিজিটাল চেয়ারম্যানের ডিজিটাল ইউনিয়নের যাত্রা সেদিন এভাবেই শুরু হলো।
শান্তা / শান্তা
আল মুজাহিদী : কাব্যদর্শন, দ্রোহচেতনা ও আত্মমর্যাদার কবি
ডিজিটাল চেয়ারম্যান
“নসিবের খেলা”
জেগে থেকে যে ঘুমায় মৃতের সমান
স্কেটিং জুতা
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের